হলফনামা মিথ্যা হলে ১৮ সাংসদের প্লট বরাদ্দ বাতিল হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যা হলফনামা দিয়ে রাজউকের প্লট বরাদ্দ পাওয়া ১৮ সাংসদের বিষয়ে তথ্য চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি লিখবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সংশ্লিষ্ট সাংসদদের আয়কর বিবরণীর সঙ্গে রাজউকের দেওয়া হলফনামার গরমিল থাকলে প্লট বরাদ্দ বাতিল হবে। রাজউকের চেয়ারম্যান নুরুল হুদা গতকাল প্রথম আলোকে এ কথা জানান। তবে শুধু সাংসদ নন, রাজউকের প্লট বরাদ্দের জন্য মনোনীত যেকোনো নাগরিকের ক্ষেত্রে হলফনামায় অসংগতি থাকলে বরাদ্দ বাতিল করা হবে।জানা যায়, ‘মিথ্যা হলফনামা দিয়ে প্লট নিয়েছেন ১৮ সাংসদ’ শিরোনামে গতকাল প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর বেশ কয়েকজন সাংসদ রাজউকের পদস্থ কর্মকর্তাদের কাছে ফোন করে উদ্বেগ প্রকাশ করেন। সাংসদেরা জানতে চান, এখন তাঁদের কী করণীয়। প্লট পাওয়ার ক্ষেত্রে আসলেই কোনো প্রতিবন্ধকতা আছে কি না। রাজউক কর্তৃপক্ষ এ বিষয়ে সাংসদদের সুস্পষ্ট কোনো বক্তব্য না দিয়ে অপেক্ষা করার পরামর্শ দেয় বলে পদস্থ একজন কর্মকর্তা জানান।রাজউকের বক্তব্য: রাজউকের সচিব প্রশান্ত কুমার দাস স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, কোনো সাংসদকে এখনো প্লট বরাদ্দ করা হয়নি। শুধু প্রাথমিকভাবে প্লট বরাদ্দের জন্য মনোনীত করা হয়েছে। প্লট বরাদ্দের আগে সংশ্লিষ্ট সবার তথ্য জাতীয় রাজস্ব বোর্ড থেকে যাচাই করা হবে। এ ছাড়া সবার আবেদনপত্র, হলফনামা ও আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত কাগজপত্র পর্যালোচনা করে চূড়ান্ত বরাদ্দপত্র দেওয়া হবে।সংশোধনী: অঢেল সম্পদ থাকার পরও টাঙ্গাইল থেকে নির্বাচিত জাতীয় পার্টির সাংসদ আবুল কাশেম পূর্বাচলে ১০ কাঠার প্লট পেয়েছেন বলে গতকাল প্রথম আলোতে যে তথ্য ছাপা হয়েছে, তা সঠিক নয়। আসলে এই প্লট পেয়েছেন চট্টগ্রাম-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ এ বি এম আবুল কাশেম। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত।