হলমার্ক অর্থ হাতিয়ে নেওয়ায় সোনালী ব্যাংকে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের কর্মচারীদের একাংশ গতকাল বুধবার মিছিল করে, স্লোগান দিয়ে ব্যাংকটির রূপসী বাংলা শাখার (সাবেক শেরাটন হোটেল শাখা) ঋণ অনিয়ম ও হলমার্কসহ কয়েকটি গ্রুপের অর্থ হাতিয়ে নেওয়ার প্রতিবাদ করেছে।কর্মচারীরা গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে মতিঝিলের প্রধান কার্যালয়ে এই বিক্ষোভ করেন। তাঁরা এ সময় রূপসী বাংলা শাখায় অনিয়মের সঙ্গে জড়িত দুর্নীতিগ্রস্ত প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের শাস্তি দাবি করেন। মিছিল শেষে প্রণোদনা বোনাসের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সময় সোনালী ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের নেতারা বলেন, রূপসী বাংলা শাখা থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সেগুলো দেখেনি। এতে ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন প্রণোদনা বোনাস বাতিলের অপচেষ্টা করা হচ্ছে, যা তাঁরা মেনে নেবেন না।এদিকে, সোনালী ব্যাংক গতকাল সংবাদপত্রে একটি বিজ্ঞাপনও প্রকাশ করেছে। প্রথম আলোতে সংবাদ প্রকাশের পর হলমার্ক গ্রুপ গত ৩০ জুলাই বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিল। ব্যতিক্রমভাবে সোনালী ব্যাংক হলমার্কের ওই বিজ্ঞাপনের শক্ত জবাব দিয়েছে তাদের বিজ্ঞাপনে।ব্যাংক বলেছে, ‘প্রকৃত তথ্য হচ্ছে, হলমার্ক গ্রুপ বেআইনি ও নিয়মবহির্ভূতভাবে সোনালী ব্যাংকের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার যোগসাজশে সীমার বাইরে বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন নামে হাতিয়ে নিয়ে গেছে। এটা ঋণ বলে অভিহিত করা যায় না। হলমার্ক গ্রুপের হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধারের জন্য সোনালী ব্যাংক কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।’হলমার্কের বক্তব্য: হলমার্ক গ্রুপ গত ২৯ জুলাই প্রথম আলোতে প্রকাশিত ‘হলমার্কের ২৭৩১ কোটি টাকার কারসাজি’ শীর্ষক প্রতিবেদন সম্পর্কে বক্তব্য পাঠিয়েছে। তারা বলেছে, হলমার্ক গ্রুপ দীর্ঘদিন যাবৎ সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার মাধ্যমে আমদানি ও রপ্তানি কার্যক্রম পরিচালনা করে আসছে। অতি অল্প সময়ে তাদের ব্যবসায়িক সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। এতে করে তাদের প্রতিষ্ঠানের বিপরীতে যে ঋণসীমা বরাদ্দ ছিল, তা দিয়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছিল না। এ অবস্থায় তারা ঋণসীমার অতিরিক্ত ঋণ নিয়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছিল। অতিরিক্ত এই ঋণগুলো সীমার মধ্যে আনতে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়। কিন্তু এ ব্যাপারে বারবার যোগাযোগ করা সত্ত্বেও কোনো অনুমোদন দেওয়া হয়নি। ব্যবসায়িক গোষ্ঠীটি দাবি করেছে, ‘আমাদের ব্যবসাকে দ্রুত সম্প্রসারণের ফলে যেহেতু বরাদ্দকৃত সীমার অতিরিক্ত সীমা আমাদের জন্য অপরিহার্য হয়ে উঠেছিল, সে জন্য আমরা অতিরিক্ত লিমিট বরাদ্দের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় ২০০০ (দুই হাজার) কোটি টাকার সমপরিমাণ জমি জামানত প্রদান করেছি।’ এ ছাড়া আরও প্রায় ৬৫০ কোটি টাকার সমপরিমাণ জমি জামানতের কাজ প্রক্রিয়াধীন আছে। ব্যবসা করার সুযোগ দিলে তারা অতি দ্রুত এই ঋণ পরিশোধ করতে পারবে দাবি করেছে হলমার্ক।একইভাবে হলমার্ক যে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত ভূমি দেয়াল দিয়ে ঘিরে নিজেদের দখলে নিয়েছে, এ বক্তব্য তথ্যনির্ভর নয় দাবি করেছে হলমার্ক। হলমার্ক গ্রুপ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের এক শতক জায়গাও নিজেদের দখলে নেয়নি এবং ভবিষ্যতেও এ ধরনের অনৈতিক কাজে সম্পৃক্ত হবে না বলেও তারা দাবি করেছে। তারা বলেছে, পানি উন্নয়ন বোর্ড কর্তৃক থানায় জিডি বা বিভিন্ন দপ্তরে চিঠি প্রদানের বিষয়টি হলমার্ক গ্রুপ অবগত নয়।প্রতিবেদকের বক্তব্য: প্রথম আলোর প্রতিবেদনের সত্যতা সোনালী ব্যাংকের এই বিজ্ঞাপনেই রয়েছে। আর গতকাল ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা যে বিক্ষোভ করেছেন, তা প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন ধরেই।