হলমার্ক কেলেঙ্কারিতে ব্যাংকও জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশে জালিয়াতি করে আড়াই হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে অখ্যাত কোম্পানি হলমার্ক গ্রুপ। এই ঘটনায় হলমার্ক গ্রুপের পাশাপাশি সোনালী ব্যাংকের কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দুদককে চিঠি দেয়। চিঠিতে কেবল কর্মকর্তা নয়, ব্যাংকটির পরিচালনা পর্ষদের ভূমিকাও খতিয়ে দেখতে বলা হয়। চিঠিতে দায়ী ও সংশ্লিষ্টতা থাকতে পারে—এমন সব কর্মকর্তার নামও দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে কারসাজির মাধ্যমে উত্তোলন করা টাকা বিদেশে পাচার হয়েছে কি না, তা-ও অনুসন্ধান করে দেখতে বলা হয়েছে। উত্তোলন করা টাকা অন্য কোনো ব্যাংকে রাখা হয়েছে কি না, তা-ও খুঁজে বের করতে বাংলাদেশ ব্যাংক দুদককে সহায়তা করবে বলে জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক বলেছে, হলমার্ক গ্রুপ সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা কারসাজির মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করেছে। এর বাইরে আরও পাঁচটি গ্রুপ একইভাবে অর্থ তুলে নিয়েছে। সব মিলিয়ে আত্মসাৎ করা অর্থের পরিমাণ তিন হাজার ৫৪৭ কোটি টাকা। প্রথম আলোতেই এ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। এর পরই কেন্দ্রীয় ব্যাংক বিষয়টি তদন্ত করে এর সত্যতা জানতে পারে। এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিতে দুদককে চিঠি দিল বাংলাদেশ ব্যাংক। দুদকের কাছে লেখা চিঠিতে বলা হয়েছে, ‘সংঘবদ্ধ জালিয়াত চক্রের মাধ্যমে সোনালী ব্যাংক লিমিটেড শেরাটন শাখার আমানতকারীদের অর্থ থেকে তিন হাজার ৫৪৭ কোটি টাকা (এ পর্যন্ত উদ্ঘাটিত) আত্মসাতের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর মালিক/পরিচালক (হলমার্ক গ্রুপের প্রধান ব্যক্তি তানভির মাহমুদ) ও ঘটনা সংঘটিত হওয়ার সময়কালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থেকে শাখা পর্যন্ত বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।’চিঠিতে আরও বলা হয়েছে, ‘সোনালী ব্যাংকের সর্বোচ্চ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পরিচালনা পর্ষদের) কোন কোন সদস্যের সহযোগিতা/ইন্ধন/যোগসাজশ আছে, তাও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।’ উল্লেখ্য, সাবেক ব্যাংকার কাজী বাহারুল ইসলাম সোনালী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান। অন্য পরিচালকেরা হলেন মো. শহিদ উল্লাহ মিঞা, মো. আনোয়ার শহীদ, এ এস এম নাইম, কে এম জামান, সুভাষ সিংহ রায়, কাশেম হুমায়ুন, সাইমুম সরওয়ার কামাল, সত্যেন্দ্র চন্দ্র ভক্ত, জান্নাত আরা ও প্রদীপ কুমার ভক্ত। পরিচালকদের মধ্যে বড় অংশই সরাসরি রাজনীতি করেন। যেমন, সুভাষ সিংহ রায় ছাত্রলীগের সাবেক নেতা, সাইমুম সরওয়ার স্বেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক এবং জান্নাত আরা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। বাকিরা আওয়ামী লীগের কোনো পদে না থাকলেও সমর্থক হিসেবে পরিচিত। হলমার্কের অর্থ আত্মসাতের ঘটনায় পর্ষদের কোনো কোনো সদস্যের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে কেন্দ্রীয় ব্যাংকও মনে করে। বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আতিউর রহমান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সোনালী ব্যাংকের পরিচালক থেকে শুরু করে সব শ্রেণীর কর্মকর্তার ব্যাপারে তদন্ত করতে দুদককে চিঠি দেওয়া হয়েছে। কারসাজির মাধ্যমে উত্তোলন করার পেছনে অন্য কারও প্রভাব থাকলেও তা অনুসন্ধান করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্তে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। হলমার্কের ২৫ প্রতিষ্ঠান: হলমার্ক গ্রুপের মালিক তানভির মাহমুদ ও তাঁর স্ত্রী জেসমিন ইসলামের নামে ২৫টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো: হলমার্ক ফ্যাশন, ববি ফ্যাশন, ওয়ালমার্ট ফ্যাশন, হলমার্ক ডিজাইন ওয়ার্স, হলমার্ক স্টাইল, ববি ডেনিম কম্পোজিট, হলমার্ক নিটিং অ্যান্ড ডাইং, ইসলাম ফ্যাশন, মাহমুদ অ্যাপারেলস, ফারহান ফ্যাশন, মার্ভেলাস ফ্যাশন, ডেলিকেট ফ্যাশন, ডন অ্যাপারেলস, ওয়াল-মার্ট অ্যাপারেলস, এএন ডিজাইন, হলমার্ক ডেনিম ফ্যাশন, হলমার্ক ডেনিম কম্পোজিট, হলমার্ক প্যাকেজিং, হলমার্ক নিট কম্পোজিট, হলমার্ক স্পিনিং ও ববি ফ্ল্যাট বেড প্রিন্টিং। এসব প্রতিষ্ঠানের ঠিকানা ৯৩/২ পশ্চিম কাফরুল। স্টার স্পিনিং মিলসের মালিক হিসেবে জনৈক আবুল বাসির, আনোয়ারা স্পিনিং মিলসের মালিক জাহাঙ্গীর আলম, ম্যাক্স স্পিনিং মিলসের মালিক মো. জাকারিয়া ও অ্যাপারেলস এন্টারপ্রাইজের মালিক হিসেবে সহিদুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে। সোনালী ব্যাংকের নিজস্ব তদন্তে দেখা গেছে, এই প্রতিষ্ঠানগুলো তানভির মাহমুদেরই বেনামি প্রতিষ্ঠান। যাঁদের বিরুদ্ধে তদন্ত: বাংলাদেশ ব্যাংক দুদককে দেওয়া চিঠিতে দায়ী অথবা দায়ী থাকতে পারেন এমন কর্মকর্তাদের ছয়টি ভাগে ভাগ করে নাম দিয়েছে। প্রথম নামটি মো. হুমায়ুন কবিরের। ঘটনার সময় তিনি সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এরপরই রয়েছে জালিয়াতির সঙ্গে জড়িত রূপসী বাংলা বা সাবেক শেরাটন শাখার আট কর্মকর্তার নাম। প্রথম নামটি হলো শাখা ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমান। বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, জাল-জালিয়াতি রোধে শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাদের তিন বছর পর এক শাখা থেকে অন্য শাখায় বদলির ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট নির্দেশনা ছিল। কিন্তু রূপসী বাংলা শাখার ব্যবস্থাপক পাঁচ বছরেরও বেশি সময় ধরে ওই শাখার দায়িত্বে ছিলেন। এতে ওই জালিয়াতি করার সুযোগ তৈরি হয়েছে। এই শাখার দায়ী অন্য কর্মকর্তারা হলেন: সাইফুল হাসান, আবদুল মতিন, মিহির চন্দ্র মজুমদার, উজ্জল কিশোর ধর, মো. ওয়াহিদুজ্জামান, উকিল উদ্দিন আহমেদ ও সাইদুর রহমান। বাংলাদেশ ব্যাংক বলেছে, রূপসী বাংলা শাখার নিয়ন্ত্রণকারী কার্যালয়ের সাত কর্মকর্তাও আত্মসাতের সঙ্গে জড়িত। যেমন, মহাব্যবস্থাপক মীর মহিদুর রহমান ও ননীগোপাল নাথ, উপমহাব্যবস্থাপক আ ন ম হেদায়েত উল্লাহ, সবিতা সিরাজ, অতিরিক্ত মহাব্যবস্থাপক গোলাম নবী মল্লিক, আশরাফ আলী পাটোয়ারী ও ওয়াহিদ উদ্দিন আহমেদ। জালিয়াতির সময় সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন বিভাগে কর্মরত ছিলেন ১০ কর্মকর্তা। আবার ওই সময় প্রধান কার্যালয়ের পরিদর্শন ও নিরীক্ষা বিভাগে কর্মরত ছিলেন ১২ কর্মকর্তা এবং ভিজিল্যান্স ও কন্ট্রোল শাখায় ছিলেন আরও নয় কর্মকর্তা। তাঁরা জড়িত কি না, তাও খতিয়ে দেখতে বলেছে বাংলাদেশ ব্যাংক। আরও ছয় প্রতিষ্ঠানের জালিয়াতি: হলমার্ক গ্রুপ ছাড়াও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছে আরও পাঁচ প্রতিষ্ঠান। এর মধ্যে জনৈক তাসলিম হাসানের মালিকানাধীন টি অ্যান্ড ব্রাদার্সের নামে ৬০৯ কোটি ৬৯ লাখ টাকা, সাইফুল ইসলামের প্যারাগন গ্রুপের নামে ১৪৬ কোটি ৬০ লাখ টাকা, বেগম ফাহমিদা আকতার চৌধুরীর ডি এন স্টোর্টসের নামে ৩৩ কোটি ২৫ লাখ টাকা, আবদুল খালেকের নকশি নিটের নামে ৬৬ কোটি ৩৬ লাখ টাকা ও আবদুল জলিল শেখের মালিকানাধীন খানজাহান আলী সোয়েটার নামের একটি প্রতিষ্ঠানের নামে চার কোটি ৯৬ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।