হলমার্ক কেলেঙ্কারির দায় আবারও অস্বীকার করল পর্ষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলমার্ক কেলেঙ্কারির দায় আবারও অস্বীকার করেছে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ। পর্ষদ পুনর্গঠনের সুপারিশ করে অর্থমন্ত্রীকে দেওয়া বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে পর্ষদকে দায়ী করারও সমালোচনা করা হয়। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কয়েকজন পরিচালক এসব নিয়ে বক্তব্য দেন। বিশ্বস্ত সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল বেলা সাড়ে ১১টায় এজিএম শুরু হয়, শেষ হয় বিকেল চারটায়। এজিএমে ২০১১ সালের বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান কাজী বাহারুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। ব্যাংকের সব পরিচালক এজিএমে উপস্থিত ছিলেন। বেশ কিছু কর্মকর্তাও এ সময় উপস্থিত থাকেন।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে গত রাতে তিনি প্রথম আলোকে বলেন, তাঁর উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন নিয়ে কোনো আলোচনা হয়নি। পর্ষদে সরকারের পরিচালক হলমার্ক কেলেঙ্কারির কারণে ব্যাংকের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়া এবং হলমার্কের কাছ থেকে টাকা আদায়ে সব ধরনের পদক্ষেপ নিতে বলেছেন।এজিএমে সরকারের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সূত্র জানায়, তিনি ও একজন পরিচালক বলেন, সরকার, বাংলাদেশ ব্যাংক, সরকারের গোয়েন্দা সংস্থা ও সোনালী ব্যাংক যৌথভাবে শক্ত উদ্যোগ না নিলে হলমার্কের টাকা আদায় করা যাবে না। সরকারের প্রতিনিধি টাকা আদায়ে কৌশলগত পরিকল্পনা করার কথা বলেন।সভায় সোনালী ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থেকে বলা হয়, জামানত হিসেবে বন্ধক রাখা হলমার্কের জমি দাম ৫০০ কোটি টাকা হতে পারে। হলমার্ক দাবি করে আসছে, এই জমির দাম দুই হাজার কোটি টাকা।এজিএম শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে প্রদীপ কুমার দত্ত বলেন, পরিচালনা পর্ষদের সব সদস্য ব্যাংকের টাকা আদায়ের ব্যাপারে তৎপর। এ ঘটনায় পর্ষদ দায়ী নয়। তিনি বলেন, ‘ব্যাংকের কিছু কর্মকর্তা এ ঘটনার জন্য দায়ী, যা আমাদের জন্য অসম্মানের। তাঁদের বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।’ প্রদীপ কুমার দত্ত বলেন, আমানতকারীদের স্বার্থরক্ষায় ব্যাংক আত্মসাৎ করা অর্থ আদায়ের সর্বোচ্চ চেষ্টা করছে। এই টাকা আদায় না হলে ব্যাংকের কিছু সমস্যা হবে। তবে টাকা নিয়ে যেহেতু তারা পালিয়ে যায়নি, তাই খুব শিগগির অর্থ আদায় হবে বলে তিনি আশা করেন। সোনালী ব্যাংকের এমডি আরও বলেন, ব্যাংক থেকে হলমার্কসহ কয়েকটি প্রতিষ্ঠানের অর্থ তুলে নেওয়ার ঘটনায় গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। ১৫ দিনের মধ্যে নগদে অর্ধেক অর্থ আদায়ের ব্যাপারে হলমার্ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংক নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত না দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।পরিচালক পুনর্নিয়োগ: এজিএমে কোম্পানি আইনের শর্ত পালন করতে সোনালী ব্যাংকের চার পরিচালক অবসর নিয়েছিলেন। পরে এজিএমে তাঁদের পুনর্নিয়োগ দেওয়া হয়। আইনি শর্ত পালনে যে চারজন পরিচালক গতকাল অবসর নিয়েছিলেন, তাঁরা হলেন: বর্তমান চেয়ারম্যান কাজী বাহারুল ইসলাম, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব শহিদুল্লাহ মিয়া, সাংবাদিক কাশেম হুমায়ুন ও ছাত্রলীগের সাবেক নেতা সুভাষ সিংহ রায়। তবে কোম্পানি আইন ও সংঘবিধি অনুসারে কোনো এজিএমে এক-তৃতীয়াংশ পরিচালক অবসর নেওয়ার পর যদি ভিন্ন কোনো রূপে অযোগ্য না হন, তবে তিনি পুনর্নিয়োগ পেতে পারেন তিন বছরের জন্য। তবে সোনালী ব্যাংক যেভাবে এই পুনর্নিয়োগ দিয়েছে, তা আইন ও সংঘবিধির লঙ্ঘন বলে মনে করা হচ্ছে।সরকার কাজী বাহারুল ইসলামকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের আদেশ দিয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা। শহিদুল্লাহ মিয়ার সরকারি নিয়োগের মেয়াদ রয়েছে ২০১৩ সালের ২১ মার্চ পর্যন্ত। কাশেম হুমায়ুনের মেয়াদ আছে আগামীকাল পর্যন্ত এবং সুভাষ সিংহ রায়ের মেয়াদ আছে চলতি বছরের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। কীভাবে তাঁদের পুনর্নিয়োগ হচ্ছে—এ প্রশ্নে কাশেম হুমায়ুন প্রথম আলোকে বলেন, সরকারের দেওয়া সময়সীমা পর্যন্তই এজিএম তাঁদের পুনর্নিয়োগ দিয়েছে। এর মধ্যে যদি সরকার তাঁদের মেয়াদ বৃদ্ধি না করে, তবে তাঁরা স্বাভাবিকভাবেই অব্যাহতি পাবেন। এদিকে গতকাল আইসিএবির সাবেক সভাপতি এ এস এম নাঈমকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে সরকার দুই বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করেছে। একই সঙ্গে অপর দুই চার্টার্ড অ্যাকাউনট্যান্ট জনতা ব্যাংকের পরিচালক জামালউদ্দীন আহমেদ ও অগ্রণী ব্যাংকের পরিচালক গোলাম কিবরিয়ার মেয়াদও দুই বছর করে বৃদ্ধি করা হয়েছে।