হলমার্ক কেলেঙ্কারির শাস্তি চায় এফবিসিসিআই
সোনালী ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় হলমার্ক ও ব্যাংকটির জড়িত কর্মকর্তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।আজ সোমবার মতিঝিলের ফেডারেশন ভবনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ।একই সঙ্গে অর্থ কেলেঙ্কারির এ ঘটনায় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ সরাসরি দায়ী নয় বলে মনে করে দেশের ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটি।আজাদ বলেন, ‘অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত হলমার্ক কর্মকর্তা ও সোনালী ব্যাংকের অসাধু কর্মকর্তাদের শাস্তির দাবি করেছিলাম, কিন্তু আজ পর্যন্ত কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এটা আমাদের হতাশ করেছে।’ হলমার্কের কর্মকর্তাদের প্রসঙ্গে আজাদ বলেন, ‘এ ধরনের লোকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে আরও এমন লোকের সৃষ্টি হবে।’ সোনালী ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে বহিষ্কারের বিষয়ে তিনি বলেন, ‘তাদের জন্য বহিষ্কার যথেষ্ট নয়। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে অন্য ব্যাংকের কর্মকর্তাও এমন অনিয়ম করতে উত্সাহ পাবে।’এক প্রশ্নের জবাবে আজাদ বলেন, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের জড়িত থাকার বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি। হলমার্ক সম্পর্কিত কোনো নথি পরিচালনা পর্ষদে ওঠেনি। তাই আমরা সরাসরি পরিচালনা পর্ষদকে দায়ী করছি না। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থেকে এসব কাজ হয়েছে। এর পরও তদন্তে যদি পরিচালনা পর্ষদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।’রাষ্ট্র মালিকানাধীন ও বেসরকারি সব ব্যাংকের নিয়ন্ত্রণ অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পরিবর্তে বাংলাদেশ ব্যাংকের ওপর ন্যস্ত করা, অর্থ আত্মসাতের ঘটনায় জড়িতদের সব ব্যাংক হিসাব জব্দ করা, বাংলাদেশ ব্যাংকের তদারকি ব্যবস্থা জোরদার করা এবং নিরীক্ষা ও পরিদর্শন দলকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার ক্ষমতা দেওয়ার প্রস্তাব করেছে এফবিসিসিআই।