হলমার্ক গ্রুপের সম্পত্তি যাচাই করবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলমার্ক কেলেঙ্কারির মূল অভিযুক্ত ব্যক্তি তানভীর মাহমুদের প্রকৃত সম্পত্তি যাচাই করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে এর আগেই অর্থ জালিয়াতির জন্য সোনালী ব্যাংক ও হলমার্ক গ্রুপের অন্তত ৩০ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক। হলমার্ক কেলেঙ্কারি নিয়ে দুদকের প্রাথমিক তদন্ত প্রায় শেষ। এটির অনুসন্ধান প্রতিবেদন দাখিলের পর মামলা করা হলে দ্বিতীয় পর্যায়ের অনুসন্ধান শুরু হবে। অর্থাৎ হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ ও তাঁর স্ত্রীর সম্পত্তির হিসাব যাচাই এবং সোনালী ব্যাংক থেকে নেওয়া অর্থ কোথায় গেছে, বিদেশে পাচার করেছেন কি না, সে বিষয়টিও খতিয়ে দেখবে দুদক। পাশাপাশি হলমার্কের মতো অন্য পাঁচটি প্রতিষ্ঠান, যারা সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা (হোটেল শেরাটন) থেকে প্রায় দেড় হাজার কোটি টাকা আত্মসাতের সঙ্গে জড়িত, তাও অনুসন্ধান করা হবে। ওই পাঁচ প্রতিষ্ঠান হচ্ছে: প্যারাগন নিট কোম্পানি, খানজাহান আলী সোয়েটার্স লিমিটেড, ডি অ্যান্ড স্পোর্টস লিমিটেড, টি অ্যান্ড ব্রাদার্স লিমিটেড ও নকশী নিট লিমিটেড। পাশাপাশি জনতা ব্যাংকের তিনটি ও সোনালী ব্যাংকের দুটি শাখায় এবং রূপালী ব্যাংকের আর্থিক কেলেঙ্কারি খতিয়ে দেখতে পৃথক তিনটি তদন্ত দল গঠন করেছে দুদক। জানা গেছে, রূপসী বাংলা শাখার ব্যবস্থাপক আজিজুর রহমান নিজেকে গোপালগঞ্জের লোক পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের সুযোগ নিতেন। তিনি হলমার্ককে টাকা বের করার সুযোগ করে দেন। তাঁকে এ কাজে সহায়তা করেন ব্যাংকটির সাবেক এমডি হুমায়ুন কবিরসহ একজন ডিএমডি ও কয়েকজন জিএম। তাঁরা নিজেরাও হলমার্কের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন বলে অনুসন্ধানে জানা যায়। এ ছাড়া ব্যাংকটির ঋণপত্র (এলসি) শাখার বেশ কয়েকজন কর্মকর্তাও ক্ষমতার অপব্যবহার ও পরস্পরের যোগসাজশে হলমার্ককে অর্থ আত্মসাতে সাহায্য করেছেন। প্রথম পর্যায়ের অনুসন্ধান শেষে হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ, তাঁর স্ত্রী ও হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, হলমার্কের মহাব্যবস্থাপক তুষার আহমেদ, সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবির, দুই ডিএমডি, আজিজুর রহমানসহ ৩০ জনকে বিভিন্ন মামলায় আসামি করা হবে। চলতি সপ্তাহে প্রতিবেদন জমা ও আগামী সপ্তাহে এ বিষয়ে মামলা করা হবে বলে দুদক সূত্র জানায়।দুদক চেয়ারম্যান গোলাম রহমান এ বিষয়ে বলেন, হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িত হাঙ্গর-তিমিদের ধরতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে দুদক। তদন্ত দলের অনুসন্ধান প্রতিবেদনে যার নাম আসবে, তার বিরুদ্ধেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, হলমার্ক কেলেঙ্কারিতে শুধু সোনালী ব্যাংক নয়, আরও ২৬টি ব্যাংকের নামও এসেছে। তাদের ব্যাপারেও অনুসন্ধান করা হবে। গোলাম রহমান আরও জানান, হলমার্ক কেলেঙ্কারি-সম্পর্কিত অনুসন্ধান প্রতিবেদন মঙ্গলবার বা বুধবার কমিশনের কাছে জমা দেওয়া হতে পারে। তবে সেটা আংশিকও হতে পারে। আর্থিক দুর্নীতি আরও অনুসন্ধানে: জনতা ব্যাংকের তিনটি শাখা, সোনালী ব্যাংকের দুটি শাখা ও রূপালী ব্যাংকের আর্থিক কেলেঙ্কারি খতিয়ে দেখতে পৃথক তিনটি তদন্ত দল গঠন করা হয়েছে। উপপরিচালক বেনজীর আহমেদের নেতৃত্বে তদন্ত দল সোনালী ব্যাংকের গুলশান ও আগারগাঁও শাখার আর্থিক দুর্নীতি অনুসন্ধান করবে। জানা গেছে, সোনালী ব্যাংকের গুলশান শাখায় প্রায় আড়াই শ কোটি টাকা এবং আগারগাঁও শাখায় প্রায় ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। উপপরিচালক মাহমুদুল হাসানের নেতৃত্বে তদন্ত দল দেখবে জনতা ব্যাংকের তিন শাখার প্রায় ৪০০ কোটি টাকার আর্থিক দুর্নীতি। উপপরিচালক আবদুল্লাহ আল জাহিদের নেতৃত্বে তদন্ত দল দেখবে রূপালী ব্যাংকের প্রায় ১২০ কোটি টাকার আর্থিক দুর্নীতি।