হলমার্ক জালিয়াতির দায় স্বীকার করলেন আজিজুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলমার্ক কেলেঙ্কারিতে সোনালী ব্যাংকের দুই হাজার ৬৬৮ কোটি টাকা আত্মসাতের সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করেছেন সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমান। তিনি জানিয়েছেন, এ ক্ষেত্রে তিনি ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতিতে সহযোগিতা করেছেন। অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটির জেরার মুখে আজ বৃহস্পতিবার আজিজুর রহমান এসব কথা বলেছেন। বৈঠকে আজিজুর রহমানসহ সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মাইনুল হক ও আতিকুর রহমানকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। উপকমিটির আহ্বায়ক তাজুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে এই বৈঠক হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য এ কে এম মাঈদুল ইসলাম, এম এ মান্নান ও গোলাম দস্তগীর গাজী। বৈঠক শেষে তাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, আজিজুর রহমান প্রথম দিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষে দায় স্বীকার করেছেন। তিনি বলেছেন, ক্ষমতাবহির্ভূতভাবে তিনি হলমার্ক গ্রুপকে ঋণ দিয়েছেন। এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করেননি। তাজুল ইসলাম আরও জানান, সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা যথাযথভাবে দায়িত্ব পালন করেননি। তাঁরা দায় এড়ানোর চেষ্টা করছেন এবং বিষয়টি জানতেন না বলে দাবি করছেন। কিন্তু কমিটির কাছে তা বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। কারণ, ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত না থাকলে এত বড় ঘটনা ঘটতে পারে না। জেরার মুখে সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বলেছেন, ঋণ দেওয়ার বিষয়ে তিনি কিছুই জানতেন না। কিন্তু তাঁর এ কথায় কমিটি সন্তুষ্ট নয়।