হলমার্ক থেকে অর্থ উদ্ধারের দায়িত্ব দুদকের নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলমার্ক থেকে অর্থ উদ্ধারে মামলা না করলে সোনালী ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের কার্যালয়ে মাসিক সংবাদ সম্মেলনে সংস্থার সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী এ কথা বলেন। তিনি আরও বলেন, হলমার্কের আত্মসাৎ করা অর্থ উদ্ধারের দায়িত্ব দুদকের নয়। হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় যাঁরা অভিযুক্ত, তাঁদের বিরুদ্ধে শুধু আইনানুগ ব্যবস্থাই নিতে পারবে দুদক। হলমার্কের সম্পদ জব্দের বিষয়ে দুদকের সচিব বলেন, এটা দুদক করতে পারে না। আদালতকে করতে হবে। এদিকে দ্বিতীয় দিনের মতো রিমান্ডে এনে হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে জিজ্ঞাসাবাদ করেছে মীর মো জয়নাল আবেদীন শিবলীর নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত দল।এ ছাড়া সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদের সাবেক ও বর্তমান ১০ জন পরিচালককে শিগগিরই সম্পদ বিবরণীর জন্য নোটিশ পাঠানো হবে। একই সঙ্গে ব্যাংকটির রূপসী বাংলা শাখার তিনজন কর্মকর্তা এবং হলমার্ক গ্রুপের তানভীর, তাঁর স্ত্রী জেসমিন ও ভায়রা তুষারের সম্পদের বিবরণ জমা দিতে নোটিশ পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান দুদকের সচিব।রেলের নিয়োগ-বাণিজ্য ও অর্থ কেলেঙ্কারির বিষয়ে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর সাবেক এপিএস ওমর ফারুক তালুকদারের গাড়িচালক আজম খানকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না—প্রশ্নের জবাবে দুদকের সচিব বলেন, আজমের বক্তব্য নেওয়ার জন্য নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে বলেও তিনি জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দুদকের সচিব ফয়জুর রহমান সেপ্টেম্বর মাসে দুদকের কর্মকাণ্ডের পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, সেপ্টেম্বর মাসে প্রাপ্ত অভিযোগের সংখ্যা এক হাজার ১৭টি। যাচাই-বাছাই করে অনুসন্ধানের জন্য গৃহীত প্রতিবেদনের সংখ্যা ২৬টি। এ ছাড়া ৬৮টি মামলার অনুমোদন দেওয়া হয়েছে। অভিযোগপত্র দাখিল করা হয়েছে ৩৯টি। এর মধ্যে সাতটি মামলা নিষ্পত্তি হয়েছে। সাজা হয়েছে চারজনের এবং খালাস পেয়েছে তিনজন।অভিযোগের ভিত্তিতে করা মামলার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: রেলের পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক মো. ইউসুফ আলী মৃধাসহ মোট তিনজনের বিরুদ্ধে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ছয়টি মামলা।এ ছাড়া রয়েছে বরিশাল গ্রামীণ ব্যাংকের রায়পাশা শাখার ব্যবস্থাপক মো. দেলোয়ার হাসানের বিরুদ্ধে এক কোটি ৩৬ লাখ ৭৮ হাজার ৩৫২ টাকা আত্মসাতের অভিযোগে ১৭টি এবং ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক মো. আতাউর রহমানের বিরুদ্ধে ছয় কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৫৮৬ টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা।