হলমার্ক দুর্নীতিতে উচ্চপর্যায়ের কর্মকর্তারা
সোনালী ব্যাংকের প্রধান বাণিজ্য ও অর্থ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক শ্যামল কান্তি নাথ বলেছেন, হলমার্কের দুর্নীতিতে উচ্চপর্যায়ের কর্মকর্তারা জড়িত।হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় আজ বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।শ্যামল কান্তি নাথ বলেন, গত মে মাসে ব্যাংকের পক্ষ থেকে একটি তদন্ত দল গঠন করা হয়। ওই দলের তিনিও একজন সদস্য ছিলেন। তাঁরা তদন্ত করতে গিয়ে দেখতে পান, সোনালী ব্যাংকের শেরাটন শাখা ভয়াবহ দুর্নীতিতে জড়িয়ে গেছে। এরই পরিপ্রেক্ষিতে তিনি ফরেন এক্সচেঞ্জ শাখাকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।শ্যামল কান্তি নাথ ছাড়াও হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় আজ সোনালী ব্যাংকের আরও পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সকাল ১০টা থেকে দুদক কর্মকর্তারা তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন।অপর পাঁচজন কর্মকর্তা হলেন: সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক মোরশেদ আলম ও নেছার আহমেদ, সহকারী মহাব্যবস্থাপক আবদুল মোমিন পাটোয়ারী, মো. শাহজাহান ও শামিম আখতার। তাঁরা সবাই ব্যাংকের প্রধান বাণিজ্য ও অর্থ বিভাগের কর্মকর্তা।দুদক কার্যালয়ে সিনিয়র উপপরিচালক মীর মো. জয়নাল আবেদীন শিবলীর নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত দল পর্যায়ক্রমে এঁদের জিজ্ঞাসাবাদ করছে।হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় দুদক গতকাল পর্যন্ত ৪৯ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। হলমার্কসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঋণের নামে সোনালী ব্যাংকের রূপসী বাংলা (সাবেক ঢাকা শেরাটন হোটেল) শাখা থেকে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এর মধ্যে হলমার্ক একাই আড়াই হাজার কোটি টাকার বেশি হাতিয়ে নেয়।