হলমার্ক নিয়ে অভিযোগ তদন্তে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলমার্কের ঋণ নেওয়াকে কেন্দ্র করে পাঁচটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ব্যাপক দুর্নীতির আশ্রয় নিয়েছে বলে যেসব অভিযোগ উঠেছে, তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি এই পাঁচ ব্যাংকের সার্বিক কাজ তদন্তে একটি উপকমিটি করেছে। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, স্থায়ী কমিটির সদস্য তাজুল ইসলামকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন সাংসদ এম এ মান্নান ও গোলাম দস্তগীর গাজী। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তদন্ত কমিটি পাঁচটি ব্যাংকের প্রথম ১০ জন সর্বোচ্চ ঋণগ্রহীতার লেনদেনসহ সার্বিক কাজ এবং সম্প্রতি আলোচনায় আসা হলমার্কের ঋণ নেওয়ার বিষয়টি খতিয়ে দেখবে। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বৈঠক শেষে তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, রাষ্ট্রায়ত্ত পাঁচটি ব্যাংকের সামগ্রিক চিত্র খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, কমিটির সদস্যরা হলমার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনায় এবং এতে ব্যাংকগুলোর ভূমিকায় হতাশ। স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, মো. আলী আশরাফ, এ কে এম মাঈদুল ইসলাম ও তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে হলমার্ককে ঋণ দেওয়ার ক্ষেত্রে সোনালী ব্যাংকের অনিয়মের বিষয়টি উঠে আসে। দুর্নীতি দমন কমিশন এর তদন্ত শুরু করে। এই অনিয়মের সঙ্গে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর সম্পৃক্ততার কথা গণমাধ্যমে আসে। এ ব্যাপারে স্বাস্থ্য উপদেষ্টাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে দুদক জানিয়েছে।