হলমার্ক বিষয়ে কোনো ছাড় দেবে না সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হলমার্ক বিষয়ে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, তবে সরকার তাতে কোনো ছাড় দেবে না। এর সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির ক্ষেত্রে কোনোরকম আপস করা হবে না।আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জের কড্ডায় মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় রেলমন্ত্রী এসব কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, রেলের যেসব জায়গা বেদখল হয়ে আছে, তা পুনরুদ্ধারের মাধ্যমে রেলের উন্নয়ন ও বিকাশে ব্যবহার করা হবে। সারা দেশে রেলের সাড়ে চার হাজার একর জমি বেদখলের কথা বলা হলেও প্রকৃতপক্ষে এর দ্বিগুণের বেশি জমি বেদখল হয়ে আছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সিরাজগঞ্জ শহরের সঙ্গে ঢাকার সরাসরি রেল যোগাযোগ পুনঃস্থাপন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নতুন ইঞ্জিন ও বগি পাওয়া গেলে সিরাজগঞ্জ রেল থেকে বঞ্চিত হবে না। এ সময় তিনি মুঠোফোনে সচিবের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার জন্য বলেন।তাঁর সঙ্গে অন্যান্যের মধ্যে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান, সোনালী ব্যাংকের পরিচালক জান্নাত আরা হেনরীসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে ছিলেন।