হলমার্ক শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ বোনাস ও অতিরিক্ত কাজের পারিশ্রমিকের দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ করছেন হলমার্ক গ্রুপের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে দেড় শতাধিক শ্রমিক আহত হয়েছেন। এ সময় শ্রমিকেরা সড়কে গাড়ি ভাঙচুর করেন।পুলিশ জানায়, আজ সকাল আটটার দিকে হলমার্ক গ্রুপের বিভিন্ন পোশাক কারখানার প্রায় ১০ হাজার শ্রমিক কর্মস্থলে উপস্থিত হয়ে ঈদ বোনাস ও অতিরিক্ত কাজের পারিশ্রমিক দেওয়ার দাবি জানান। কিন্তু কর্তৃপক্ষ অপারগতা প্রকাশ করলে তাঁরা কারখানা থেকে বের হয়ে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে জড়ো হন। এ সময় ওই পথ দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেলে সড়কের দুই দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়।শ্রমিকদের বিক্ষোভে বাধা দিলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন এবং লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করেন। বিক্ষুব্ধ শ্রমিকদের ঠেকাতে পুলিশ রাবারের গুলি ছোড়ে। একপর্যায়ে ঢাকা-আরিচা মহাসড়ক পর্যন্ত এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে ওই মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১২টার দিকে আবার র্যাব ও পুলিশ ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয়। পরে পুলিশ তাঁদের ধাওয়া করতে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টাধাওয়া চলে। এতে দেড় শতাধিক শ্রমিক আহত হয়। এ সময় তাঁরা সড়কে ৫০টির বেশি গাড়ি ভাঙচুর করেন। সাড়ে ১২টার দিকে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। তবে শ্রমিকরা এখনও বিচ্ছিন্নভাবে তাঁদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।