হলমার্ক ২৩২ কোটি টাকা ফেরত দিয়েছে: প্রদীপ কুমার
সোনালী ব্যাংকের রূপসী বাংলা (হোটেল শেরাটন) শাখা থেকে আত্মসাত্ করা অর্থ পাচার হয়েছে কি না, সেটাই এখন খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে আরও তথ্য জানতে ব্যাংকটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্তের সঙ্গে আলোচনা করেছে অনুসন্ধান দল। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে ২৩২ কোটি টাকা ব্যাংকে জমা দিয়েছে হলমার্ক। আজ বুধবার বিকেলে দুদক কার্যালয়ে কমিশনার মো. সাহাবউদ্দিন সাংবাদিকদের বলেন, সোনালী ব্যাংক থেকে আত্মসাত্ করা অর্থ হলমার্ক বিদেশে পাচার করেছে কি না, কিংবা দেশে এ টাকা থাকলেও তা কোথায় বিনিয়োগ করা হয়েছে, সেটা খতিয়ে দেখছে দুদকের অনুসন্ধান দল। তিনি বলেন, হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় এজাহারভুক্ত আসামিদের বাইরে অন্য কোনো প্রভাবশালী ব্যক্তি আছেন কি না, তা-ও যাচাই করে দেখছে দুদক। এখনো কারও নাম এসেছে কি না, জানতে চাইলে কমিশনার বলেন, ‘কোনো রাজনৈতিক ব্যক্তির নাম তানভীর এখনো বলেননি, তবে নেপথ্যে কেউ আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’ দুদিন ধরে রিমান্ডে নেওয়া তানভীর, তুষার ও আজিজকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর মো. জয়নাল আবেদীন শিবলীর নেতৃত্বে ছয় সদস্যের দল তাঁদের জিজ্ঞাসাবাদ করেছে। দুদকের অনুসন্ধান ও তদন্ত বিভাগের সূত্র জানায়, হলমার্কের কর্মচারী মো. জাহাঙ্গীর আলমকে মালিক সাজিয়ে আনোয়ারা স্পিনিং মিলসের নামে ২৬৪ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার ৬০০ টাকা, হলমার্কের কর্মচারী মীর জাকারিয়াকে মালিক সাজিয়ে ম্যাক্স স্পিনিং মিলসের নামে ২১৯ কোটি ৬০ লাখ ৬২ হাজার ২০০ টাকা হাতিয়ে নেওয়ার ক্ষেত্রে আজিজুর রহমানের ভূমিকার বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।কমিশনার বলেন, ঋণ নেওয়ার ক্ষেত্রে অনিয়মের বিষয়টি স্বীকার করেছেন হলমার্কের এমডি তানভীর। এ ক্ষেত্রে অর্থ উদ্ধার ও মামলার অনুসন্ধানকাজ একসঙ্গে চলতে পারে। দুদক কর্তৃপক্ষ দুটোকেই সমান গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেন দুদকের কমিশনার।এদিকে দুদকের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ কুমার দত্ত সাংবাদিকদের জানান, ইতিমধ্যে সোনালী ব্যাংককে ২৩২ কোটি টাকা ফেরত দিয়েছে হলমার্ক। শিগগির আরও ৪৮ কোটি টাকা ফেরত পাওয়া যাবে বলেও জানান তিনি। হলমার্কের অর্থ আদায়ের মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে প্রদীপ কুমার দত্ত বলেন, এ জন্য দুজন আইনজীবী নিয়োগ করা হয়েছে। তবে গুছিয়ে নিতে আরও কিছুটা সময় লাগবে। হলমার্ক কেলেঙ্কারিতে নিজের কোনো সম্পৃক্ততা নেই দাবি করে প্রদীপ কুমার সাংবাদিকদের বলেন, সোনালী ব্যাংকের আগের ব্যবস্থাপনা পরিচালকের সময় নিরীক্ষায় দুর্বলতার কারণে এটা ঘটেছে। প্রদীপ কুমার দত্ত গত জুনে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন। হলমার্কসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঋণের নামে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে তিন হাজার ৬৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এর মধ্যে হলমার্ক একাই আড়াই হাজার কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে। দুদক ঋণ কেলেঙ্কারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর রমনা থানায় সোনালী ব্যাংক ও হলমার্কের কর্মকর্তাসহ মোট ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করেছে।