হলমার্ক: প্রধানমন্ত্রীর দিকে ইঙ্গিত জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলমার্ক গ্রুপের সোনালী ব্যাংকসহ কয়েকটি ব্যাংক থেকে অর্থ আত্মসাতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব এড়াতে পারেন না বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এই দাবি করেন।বিবৃতিতে অর্থ আত্মসাতের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি বলেন, বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে হলমার্ক গ্রুপের তিন হাজার ৭৪৭ কোটি টাকাসহ কয়েকটি ব্যাংক থেকে ছয় হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনা ধরা পড়েছে। বর্তমান সরকারের আমলে দুর্নীতি সর্বগ্রাসী রূপ লাভ করেছে। সরকারি দলের প্রভাবশালী নেতা, মন্ত্রী ও উপদেষ্টাদের সহযোগিতায় হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে। শফিকুর রহমান আরও বলেন, এ ছাড়াও শেয়ারবাজার কেলেঙ্কারি, ডেসটিনির টাকা, পদ্মা সেতুর টাকাসহ জনগণের হাজার হাজার কোটি টাকা আত্মসাত্ করা হয়েছে। বিবৃতিতে শফিকুর রহমান অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘চার হাজার কোটি টাকা তেমন কিছুই নয়’—এ ধরনের মন্তব্য দেশের দরিদ্র জনগণের সঙ্গে উপহাস করার শামিল। দায়িত্ব স্বীকার করে অর্থমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টার পদত্যাগ করা উচিত ছিল।