হলমার্কে সোনালীর পর্ষদের সংশ্লিষ্টতা পায়নি দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলমার্কের অর্থ জালিয়াতির ঘটনায় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ অন্য পরিচালকদের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা প্রাথমিক অনুসন্ধানে পাওয়া যায়নি। তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরবর্তী তদন্তে এ বিষয়ে আরও বিশদভাবে খতিয়ে দেখা হবে বলে জানান সংস্থার চেয়ারম্যান গোলাম রহমান। এ ছাড়া সোনালী ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১০ পরিচালক এবং হলমার্ক গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), মহাব্যবস্থাপক (জিএম) ও গ্রুপটির বেশ কয়েকজন কর্মকর্তার সম্পদের হিসাব চাইবে দুদক। পাশাপাশি হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় কাল বৃহস্পতিবার ১১টি মামলা দায়ের করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন গোলাম রহমান। আজ বুধবার দুদক কার্যালয়ে সাংবাদিকদের গোলাম রহমান আরও বলেন, কাল বৃহস্পতিবার দুদক যে ১১টি মামলা করবে ওই সব মামলায় পরিচালনা পর্ষদের কারও বিরুদ্ধে মামলা হচ্ছে না। কমিশনের অনুমোদন দেওয়া ১১টি মামলায় একই ব্যক্তি একাধিকবার আসামি হতে পারেন বলে জানান তিনি। গোলাম রহমান বলেন, চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের অন্য পরিচালকদের সম্পদের হিসাব চাইবে দুদক। একই সঙ্গে সম্পদের হিসাব চাওয়া হবে হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলাম, জিএম তুষারসহ গ্রুপটির আরও বেশ কয়েকজন কর্মকর্তার। গতকাল মঙ্গলবার জমা দেওয়া প্রতিবেদনের বরাত দিয়ে দুদক চেয়ারম্যান বলেন, রূপসী বাংলা শাখা থেকে নন ফান্ডেট এক হাজার ৫৬৮ কোটি টাকা আত্মসাতের বিষয় উঠে এসেছে প্রতিবেদনে। সেই আলোকে মামলাগুলোর অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, ২৬টি ব্যাংকের ৬১টি শাখার সংশ্লিষ্ট ব্যক্তিদেরও বক্তব্য নেওয়া হবে। পরবর্তী সময় পর্যায়ক্রমে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে জালিয়াতির মাধ্যমে টাকা নেওয়া অপর চারটি প্রতিষ্ঠানসহ অনুসন্ধানে বের হয়ে আসা অপর ব্যক্তিদের বিরুদ্ধেও মামলা করা হবে।অন্যদিকে হলমার্কের সঙ্গে অর্থ লেনদেনকারী ২৬টি ব্যাংকের ৬১টি শাখা থেকে নথিপত্র আজ দুদকের অনুসন্ধান কমিটির হাতে পৌঁছেছে বলে দুদক সূত্র জানিয়েছে।