দুদকের জিজ্ঞাসাবাদ শেষে ব্যাংক কর্মকর্তা
হলমার্কের ঋণের ব্যাপারে উচ্চমহলের একজন ব্যাংকে আসতেন
সোনালী ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশে হলমার্কের ঋণ কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কর্মকতারা হলেন, সোনালী ব্যাংকের জিএম মীর মহিদুর রহমান ও ননীগোপাল নাথ, রূপসী বাংলা হোটেল শাখার এলসি সেকশনের সিনিয়র অফিসার মিহির চন্দ মজুমদার, ওয়াহিদুজ্জামান ও সাইদুর রহমান। দুদকের দেওয়া নোটিশের পরিপ্রেক্ষিতে ওই পাঁচ কর্মকর্তা আজ বুুধবার দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন। তাঁদের জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলি।আগামীকাল বৃহস্পতিবার একই ব্যাংকের আরও পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। এ ছাড়া, হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তাঁর স্ত্রী একই গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে আগামী ২ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদ করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে। দুদকে বক্তব্য পেশ করে বের হয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যাংক কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ‘আমি একজন ছোট কর্মকর্তা। এ ঘটনায় জড়িত থাকার প্রশ্নেই ওঠে না।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ঋণের ব্যাপারে সরকারের উচ্চমহলের একজন ২০০৯ সাল থেকে ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় যাতায়াত করতেন। দুদক সূত্র জানায়, হলমার্ক গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠান সোনালী ব্যাংক থেকে ঋণের মাধ্যমে মোট তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা হাতিয়ে নেয়—এমন অভিযোগের ভিত্তিতে সম্প্রতি অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে ইতিমধ্যে সোনালী ব্যাংক রূপসী বাংলা হোটেল শাখার ম্যানেজার আজিজুর রহমানসহ ১২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ভুয়া কাগজপত্র ও ভুল তথ্যের মাধ্যমে ঋণ কারসাজির ঘটনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত পাওয়া গেছে বলে দুদক কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন।