হলমার্কের এমডিকে গ্রেপ্তার করতে হবে
আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ বলেছেন, ‘ব্যাংকিং খাতে মানুষের বিশ্বাস ধরে রাখতে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলমার্কের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) গ্রেপ্তার করতে হবে। রাজনৈতিকভাবে ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠিত হলে ফল যে ভালো হয় না, এর প্রমাণ হলমার্ক কেলেঙ্কারি।আজ সোমবার ভোলা সদর উপজেলার ধনিয়া আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।তোফায়েল আহমেদ বলেন, ‘হলমার্কের দুই হাজার ৬৬৮ কোটি টাকার কেলেঙ্কারি বর্তমান সোনালী ব্যাংকের পর্ষদকে দিয়ে তদন্ত করালে তা সঠিক হবে না। বর্তমান পর্ষদ ভেঙে যোগ্য ব্যক্তিদের নিয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে তদন্ত করলে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে। ভোলা-২ (বোরহানউদ্দিন-তজুমদ্দিন) আসনের এই সাংসদ বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা দিলে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরে আসবে। যাঁরা নিয়মনীতি মেনে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, তাঁরা যাতে আতঙ্কগ্রস্ত না হন, সেদিকে লক্ষ রেখে ব্যবস্থা নিতে হবে। কাগজপত্র জালিয়াতি করার দায়ে হলমার্কের এমডিকে এখনই গ্রেপ্তার করতে হবে। তিনি আরও বলেন, বর্তমানে দেশের রিজার্ভ অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো। অথচ এ অবস্থা নষ্ট করছে সোনালী ব্যাংকের মতো পর্ষদ ও হলমার্ক। যে প্রতিষ্ঠানের কোনো বাস্তব অবস্থান নেই, ভুল তথ্য দিয়ে ভুয়া কাগজপত্র দিয়ে পর্ষদের মাধ্যমে তারা কোটি কোটি টাকা তুলে নিয়েছে। অথচ সোনালী ব্যাংক বলছে, এলসি পর্ষদে আসে না। এটা ভুল। হলমার্ক কেলেঙ্কারির দায় এড়াতে পারে না তারা। সোনালী ব্যাংক এমন ছিল না। তাই কী কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তা বের করতে হবে।তোফায়েল আহমেদ বলেন, আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। সুপ্রিম কোর্ট বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিকভাবে অবৈধ। তাই ওই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। বর্তমান সরকারই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদারের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন টুলু প্রমুখ। পরে আবদুল জলিল মাস্টারকে সভাপতি ও হারুনুর রশিদ হাওলাদারকে সম্পাদক করে কণ্ঠভোটে কমিটি নির্বাচন করা হয়।