হলমার্কের কারখানায় শ্রমিকদের ভাঙচুর
ঈদ বোনাস, অতিরিক্ত কাজের পারিশ্রমিকসহ বিভিন্ন দাবিতে আজ বৃহস্পতিবার সকালে সাভারে হলমার্ক গ্রুপের কারখানার ভেতরে ভাঙচুর চালিয়েছেন শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষও হয়। কারখানা থেকে বেরিয়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করতে হেমায়েতপুর এলাকায় জড়ো হচ্ছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে, হলমার্কের শ্রমিকেরা আজ সকাল আটটায় কারখানায় যান। এ সময় তাঁরা কারখানা বন্ধ দেখতে পান। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা কারখানার ভেতর ভাঙচুর শুরু করেন। পরে শিল্প পুলিশ ও সাভার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত রাখার চেষ্টা করে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়।পরে পুলিশের লাঠিপেটায় শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। সকাল ১০টার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করতে এখন হেমায়েতপুর এলাকায় জড়ো হচ্ছেন বলে খবর পাওয়া গেছে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।’হলমার্ক গ্রুপের শ্রমিকেরা আজকের মধ্যে তাঁদের চলিত মাসের বেতন, গত দুই মাসের অতিরিক্ত কাজের পারিশ্রমিক ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়ে আসছেন। একই দাবিতে গতকালও হলমার্কের প্রায় ১০ হাজার শ্রমিক বিক্ষোভ সমাবেশ করেন।