হলমার্কের চেয়ারম্যান পাঁচ দিনের রিমান্ডে
হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদের স্ত্রী এবং ওই গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।গতকাল শুক্রবার বিকেলে জেসমিনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে গতকাল দুপুর সাড়ে ১২টায় রমনা থানা থেকে জেসমিনকে র্যাবের একটি গাড়িতে করে দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় দুদকের কর্মকর্তারা তাঁকে এক দফা জিজ্ঞাসাবাদ করেন।দুদক সূত্র জানায়, হলমার্কের সঙ্গে জেসমিন কবে সম্পৃক্ত হন, বিয়ের আগে এ বিষয়ে কিছু জানতেন কি না, হলমার্কের চেয়ারম্যান হিসেবে তিনি কী কী কাজ করতেন, স্বামী হলমার্কের এমডি তানভীর মাহমুদের সঙ্গে তাঁর নামে যৌথ হিসাবে থাকা টাকার কী হয়েছে—এসব বিষয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু জেসমিনের কাছ থেকে সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। এরপর বিকেল চারটার দিকে তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়।দুদকের আইনজীবী মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, হলমার্ক গ্রুপের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের করা ১১টি মামলার মধ্যে দশম মামলায় জেসমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি বলেন, জেসমিন ইসলাম হলমার্ক গ্রুপের চেয়ারম্যান। তিনি আনোয়ার স্পিনিং মিলস নামের একটি প্রতিষ্ঠানের জন্য সোনালী ব্যাংক থেকে প্রায় ২৭৪ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। পরে এক কর্মচারীর নামে ব্যাংকে হিসাব খুলে সেখান থেকে প্রায় ২০৮ কোটি টাকা আত্মসাৎ করেন তিনি। কিন্তু বাস্তবে আনোয়ারা স্পিনিং মিলস নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই।আসামিপক্ষের আইনজীবী নজীবুল্লাহ বলেন, ‘আমরা আদালতকে বলেছি, ইতিপূর্বে হলমার্কের এমডি তানভীর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক যে জবানবন্দি দিয়েছেন, আমাদের ধারণা, তাতে জেসমিনের নাম নেই। যদি না থাকে, তা হলে তাঁকে জামিন দেন।’গত বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব ও দুদকের যৌথ অভিযানে মানিকগঞ্জ সার্কিট হাউসের পেছনের একটি বাড়ি থেকে জেসমিনকে গ্রেপ্তার করা হয়। দুদকের উপপরিচালক জয়নুল আবেদীন বলেন, অর্থ আত্মসাতের ঘটনায় দুদকের করা ১১টি মামলায়ই জেসমিন এজাহারভুক্ত আসামি।