হলমার্কের তানভীর ২৯ দিনের রিমাণ্ডে
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির মূল হোতা হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদকে চার মামলায় ২৯ দিন এবং মহাব্যবস্থাপক তুষার আহমেদকে তিনটি মামলায় ২৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোনালী ব্যাংক থেকে অর্থ আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১১টি মামলায় তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে ১০ দিন করে মোট ১১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। শুনানি শেষে তিন মামলায় ২৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন মুখ্য মহানগর হাকিম এরফান উল্লাহ। অপর আটটি মামলা শুনানির অপেক্ষায় আছে বলে প্রথম আলো ডটকমকে জানিয়েছেন দুদকের আইনজীবী।আজ র্যাবের করা একটি অস্ত্র মামলায় তানভীর মাহমুদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশ এ মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে মহানগর হাকিম কেশব রায় চৌধুরী পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তানভীর মাহমুদকে গতকাল রোববার রাতে রাজধানীর মিরপুর থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গ্রেপ্তার করে। রাত সাড়ে নয়টার দিকে মিরপুর ৬ নম্বর সেকশনের ব্লক-সির ৮ নম্বর লেনের ১২ নম্বর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় দুদকের করা মামলার অপর আসামি হলমার্ক গ্রুপের মহাব্যবস্থাপক তুষার আহমেদকেও গ্রেপ্তার করা হয়। তানভীর মাহমুদের ভায়রা ভাই তুষার আহমেদ।এ দুজনের কাছ থেকে পাঁচটি ব্ল্যাকবেরি মুঠোফোন, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি গুলি ও দুই লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করা হয়। তানভীর ও তুষারকে গ্রেপ্তারের পর র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল জানিয়েছিলেন, উদ্ধার হওয়া পিস্তলটি অবৈধ।তানভীরের বিরুদ্ধে আজ নতুন করে আরও দুটি মামলা হয়েছে। এর আগে তাঁর বিরুদ্ধে ১১টি মামলা হয়। র্যাব বাদী হয়ে রাজধানীর পল্লবী থানায় অস্ত্র আইনে একটি মামলা করে। এ ছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় সাভার থানায় আরেকটি মামলা হয়েছে। সংশ্লিষ্ট দুটি থানা মামলার বিষয়টি নিশ্চিত করেছে।তানভীর মাহমুদ সোনালী ব্যাংকের কর্মকর্তাদের সহায়তায় ব্যাংকটির রূপসী বাংলা হোটেল (সাবেক শেরাটন হোটেল) শাখা থেকে দুই হাজার ৬০০ কোটি টাকার বেশি অর্থ আত্মসাত্ করেন। গত ২৪ মে হলমার্ক গ্রুপের কারসাজি নিয়ে ‘প্রথম আলো’য় প্রথম সংবাদ প্রকাশিত হয়। এরপর প্রায় সাড়ে তিন মাস গণমাধ্যমে আলোচিত হওয়ার পর দুর্নীতি দমন কমিশন (দুদক) জিজ্ঞাসাবাদের জন্য তানভীরকে তলব করে। গত ২ সেপ্টেম্বর একটি নম্বরবিহীন পাজেরো গাড়িতে দুদক কার্যালয়ে হাজির হন তানভীর। এরপর ২ অক্টোবর জাতীয় সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটির ডাকে হাজির হয়ে ঋণ-প্রক্রিয়ায় অনিয়মের বিষয়টি স্বীকার করেন তিনি। ৪ অক্টোবর তানভীর, তাঁর স্ত্রী ওই গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামসহ ২৭ জনের বিরুদ্ধে এক হাজার ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক।