হলমার্কের মাটি ভরাটকাজ বন্ধের আদেশ বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে হলমার্ক গ্রুপের শিল্প পার্ক স্থাপনে সব ধরনের মাটি ভরাটের কাজ বন্ধ রাখাসংক্রান্ত হাইকোর্টের দেওয়া আদেশে স্থগিতাদেশ দেননি চেম্বার বিচারপতি। হাইকোর্টের ওই আদেশে স্থগিতাদেশ চেয়ে হলমার্ক গ্রুপের পক্ষে আবেদনটি করা হয়। আজ বুধবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. শামসুল হুদার আদালতে আবেদনের ওপর শুনানি হয়। শুনানি নিয়ে আদালত নিয়মিত লিভ টু আপিল দায়ের করার কথা বলেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সাভার এলাকায় হলমার্ক গ্রুপ কর্তৃক শিল্প পার্ক ঘোষণা করে কার্যক্রম শুরুর বৈধতা চ্যালেঞ্জ করে জুলাই মাসে পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান একটি রিট আবেদন করেন। আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে গত ৩০ জুলাই হাইকোর্ট শিল্প পার্ক স্থাপনে সব ধরনের মাটি ভরাটের কাজ চার মাসের জন্য বন্ধ রাখাতে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন ও রুল জারি করেন। সেই সঙ্গে হলমার্ক গ্রুপকে পরিবেশ মন্ত্রণালয়ের আপিল কর্তৃপক্ষের করা জরিমানা হ্রাসের আদেশের কার্যকারিতাও এই সময় পর্যন্ত স্থগিত করা হয়। রুলে অনুমোদন ছাড়া শিল্প পার্ক স্থাপনের প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে পরিবেশ মন্ত্রণালয়ের আপিল কর্তৃপক্ষের জরিমানা হ্রাসের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়। পূর্তসচিব, পরিবেশসচিব, ভূমিসচিব, শিল্পসচিব, পানিসচিব, রাজউকের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা জেলা প্রশাসক ও হলমার্কের ব্যবস্থাপনা পরিচালকসহ ১২ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। আর প্রতিষ্ঠানটিকে শিল্প পার্ক স্থাপনের জন্য অবস্থান ও পরিবেশগত ছাড়পত্র প্রদান থেকে বিরত থাকতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়। আদালত সূত্র জানায়, হাইকোর্টের আদেশের স্থগিতাদেশ চেয়ে হলমার্ক গ্রুপের পক্ষে করা আবেদনের ওপর আজ চেম্বার বিচারপতির আদালতে শুনানি হয়।আদালতে হলমার্কের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন। রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল এবং এ এম আমিনউদ্দিন। হলমার্কের কৌঁসুলি ইউসুফ হোসেন হুমায়ূন প্রথম আলো ডটকমকে বলেন, মাটি ভরাট বন্ধ রাখা ও জরিমানার বিষয়ে আপিল কর্তৃপক্ষের আদেশ স্থগিত করেছিলেন হাইকোর্ট। এতে স্থগিতাদেশ চেয়ে আবেদনটি করা হয়। চেম্বার বিচারপতি স্থগিতাদেশ দেননি। নিয়মিত লিভ টু আপিল করতে বলেছেন। রিটকারীর আইনজীবী এ এম আমিনউদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, শিল্প পার্ক স্থাপনে সব ধরনের মাটি ভরাটের কাজ বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এটা স্থগিত চেয়ে হলমার্ক আবেদন করে। চেম্বার বিচারপতি কোনো স্থগিতাদেশ দেননি। ফলে মাটি ভরাটের কাজ বন্ধ রাখার হাইকোর্টের আদেশ বহাল থাকছে।