হলমার্কের মাটি ভরাটকাজ বন্ধের নির্দেশ
সাভারে হলমার্ক কর্তৃক শিল্প পার্ক স্থাপনে সব ধরনের মাটি ভরাটের কাজ চার মাসের জন্য বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিল্প পার্ক স্থাপনে অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র প্রদান থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে হলমার্কের জরিমানা হ্রাসের নোটিফিকেশনের কার্যকারিতা এ সময় পর্যন্ত স্থগিত করা হয়েছে।আজ সোমবার বিচারপতি মির্জা হুসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে অন্তর্বর্তীকালীন এ আদেশ এবং রুল জারি করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া হলমার্ক কর্তৃক শিল্প পার্ক ঘোষণা করে কার্যক্রম শুরু করার বৈধতা চ্যালেঞ্জ করে পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান গতকাল রোববার রিট আবেদনটি করেন। আজ রিট আবেদনের ওপর শুনানি হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও ইকবাল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আলামিন সরকার। রুলে অনুমোদন ছাড়া শিল্প পার্ক স্থাপনের প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশ মন্ত্রণালয়ের সচিব কর্তৃক জরিমানা হ্রাস করা কেন অবৈধ হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। পূর্ত, পরিবেশ, ভূমি, শিল্প, পানি, রাজউকের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও হলমার্কের ব্যবস্থাপনা পরিচালকসহ ১২ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রুল জারির পাশাপাশি আদালতের অন্তর্বর্তীকালীন আদেশের বিষয়টি জানিয়ে আইনজীবী ইকবাল কবির প্রথম আলো ডটকমকে বলেন, রাজউকের নকশা (মাস্টার প্ল্যান) অনুসারে সাভার উপজেলাধীন কয়েকটি মৌজা গ্রামীণ আবাসন ও কৃষিভূমি হিসেবে চিহ্নিত আছে।হলমার্ক ওই জায়গার জমির বৈশিষ্ট্য পরিবর্তনের অনুমোদন না নিয়ে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই শিল্প পার্ক ঘোষণা করে। এমনকি শিল্পকারখানা স্থাপনের কার্যক্রম শুরু করে, যা অবৈধ।