হলমার্কের মাটি ভরাটের কাজ বন্ধের নির্দেশ
সাভারে হলমার্ক গ্রুপের শিল্পপার্ক স্থাপনে সব ধরনের মাটি ভরাটের কাজ চার মাসের জন্য বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হলমার্ক গ্রুপকে পরিবেশ মন্ত্রণালয়ের আপিল কর্তৃপক্ষের করা জরিমানা হ্রাসের আদেশের কার্যকারিতাও এই সময় পর্যন্ত স্থগিত করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে শিল্পপার্ক স্থাপনের জন্য অবস্থান ও পরিবেশগত ছাড়পত্র প্রদান থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।গতকাল সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর অন্তর্বর্তীকালীন এ আদেশের পাশাপাশি রুলও জারি করেন।রুলে অনুমোদন ছাড়া শিল্পপার্ক স্থাপনের প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে পরিবেশ মন্ত্রণালয়ের আপিল কর্তৃপক্ষের জরিমানা হ্রাসের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়। পূর্ত, পরিবেশ, ভূমি, শিল্প ও পানিসম্পদসচিব, রাজউক চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা জেলা প্রশাসক এবং হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক-সহ ১২ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সাভারের হলমার্ক গ্রুপের শিল্পপার্কের কার্যক্রম শুরুর বৈধতা চ্যালেঞ্জ করে পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান গত রোববার রিটটি করেন। গতকাল আবেদনের ওপর শুনানি হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও ইকবাল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. জাকির হোসেন। শুনানিতে রিটকারীর আইনজীবীরা বলেন, রাজউকের নকশা (মাস্টার প্ল্যান) অনুসারে সাভার উপজেলাধীন পাঁচটি (কান্দি বৈলারপুর, নন্দখালী, জামুর, মুচিপাড়া ও ভারারী) মৌজা গ্রামীণ আবাসন ও কৃষিভূমি হিসেবে চিহ্নিত। হলমার্ক গ্রুপ ওই জায়গার জমির বৈশিষ্ট্য পরিবর্তনের জন্য অনুমোদন না নিয়ে এবং অবস্থান ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া শিল্পপার্ক তৈরির ঘোষণা করে। ইতিমধ্যে শিল্পকারখানা স্থাপনের কার্যক্রমও শুরু করেছে। এটা অবৈধ।আইনজীবীরা আরও বলেন, গত ৩ মে পরিবেশ সংরক্ষণ আইন ভঙ্গ করে হেমায়েতপুরে জলাভূমি ভরাট করায় ওই প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। এরপর পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ঢাকা অঞ্চলের আপিল কর্তৃপক্ষ ৪০ লাখ থেকে জরিমানা কমিয়ে চার লাখ টাকা নির্ধারণ করে। এ ক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হয়েছে। কারণ, চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাই ওই জরিমানা হ্রাস করার আদেশ আইনবহির্ভূত। পরে আইনজীবী ইকবাল কবির প্রথম আলোকে বলেন, আদালত রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছেন।