হলমার্কের মানববন্ধন, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলমার্কের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ ও শ্রমিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধের দাবিতে হলমার্ক গ্রুপের প্রায় তিন হাজার শ্রমিক আজ শুক্রবার মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন।বেলা ১১টার দিকে শ্রমিকেরা সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের নন্দখালী এলাকায় কারখানার পাশে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে মানববন্ধন করেন।শ্রমিকেরা পরে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক শামীম আল মামুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কে হেমায়েতপুর বাসস্টেশনের অদূরে লালন সিএনজি ফিলিং স্টেশনের সামনে সড়ক অবরোধ করেন। সেখানে তাঁরা বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবরোধ করে রাখেন। এ সময় তাঁরা দুই-তিনটি গাড়ি ভাঙচুর করেন।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সেই আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।শ্রমিকেরা আমাদের সাভার প্রতিনিধিকে জানান, যাঁরা সোনালী ব্যাংকের টাকা আত্মসাত্ করেছেন, তাঁদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে পারে। কিন্তু এতে তাঁদের যেন কোনো ধরনের সমস্যা না হয়, চাকরি না যায়—এ বিষয়টির প্রতি তাঁরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে হলমার্ক গ্রুপের নামে প্রতিষ্ঠানটির মালিক তানভীর মাহমুদ দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা জালিয়াতির মাধ্যমে তুলে আত্মসাত্ করেছেন বলে অভিযোগ রয়েছে।