হলমার্কের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় আজ রোববার সকালে আলোচিত হলমার্ক গ্রুপের শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে শ্রমিকদের উদ্দেশে গুলি ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। এতে অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সকাল আটটার দিকে হলমার্ক গ্রুপের শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে তাঁদের গত মাসের বেতনের দাবি জানাতে থাকেন। কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে সকাল পৌনে ১০টার দিকে কয়েক হাজার শ্রমিক কারখানা থেকে বের হয়ে সংলগ্ন হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে সাভার থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকেরা সড়ক থেকে না সরে একপর্যায়ে পুলিশের ওপর হামলা চালান। তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে পুলিশ। এ সময় শ্রমিকেরা আরও বেপরোয়া হয়ে উঠলে পুলিশ তাঁদের ওপর গুলি ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। উভয় পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা সংঘর্ষ চলার পর শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। এরপরই হলমার্ক কর্তৃপক্ষ তাদের কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করে। এর পর অধিকাংশ শ্রমিক বাড়ি চলে যান। শ্রমিকেরা জানান, গত মাসের বেতন না পাওয়ায় তাঁরা ঘরভাড়া ও দোকানের বাকি পরিশোধ করতে পারেননি। এ কারণে বাসার মালিকেরা, বিশেষ করে হলমার্কের শ্রমিকদের ঘর ছাড়ার নোটিশ দিয়ে দিয়েছেন। কোনো দোকান থেকে তাঁদের বাকিতে জিনিসপত্র দেওয়া হচ্ছে না। এ কারণে তাঁরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।এ ঘটনা সম্পর্কে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, শ্রমিকেরা রাস্তা অবরোধ করলে পুলিশ তাঁদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকেরা পুলিশের ওপর চড়াও হলে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।