হলিউড কিংবদন্তি এলিজাবেথ টেলরের জীবনাবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের প্রখ্যাত অভিনেত্রী এলিজাবেথ টেলর আর নেই। হূদেরাগী টেলর গতকাল বুধবার লস অ্যাঞ্জেলেসের সিডারস-সিনাই হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। এলিজাবেথ টেলরের মুখপাত্র স্যালি মরিসন জানান, কয়েক বছর ধরে অভিনেত্রী হূদেরাগে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে দেড় মাস আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তাঁর চার সন্তান পাশে ছিলেন।ব্রিটিশ বংশোদ্ভূত এলিজাবেথ টেলর ১০ বছর বয়সে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। সাত দশকের অভিনয় জীবনে তিনি পাঁচবার অস্কার পুরস্কারের জন্য মনোনীত হন। এর মধ্যে শ্রেষ্ঠ অভিনেত্রীর শিরোপা জিতেছেন দুইবার। অস্কার জেতেন বাটারফিল্ড এইট ও হুজ অ্যাফরেইড অব ভার্জিনিয়া উলফ চলচ্চিত্রে অভিনয়ের জন্য, যথাক্রমে ১৯৬০ ও ১৯৬৭ সালে। এলিজাবেথ টেলরের অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ক্যাট অন এ হট টিন রুফ, সাডেনলি, লাস্ট সামার, রেইনট্রি কাউন্টি ইত্যাদি। বহু পুরুষের স্বপ্নের নারী এ অভিনেত্রীর বাস্তবজীবনও ছিল একাধারে গ্ল্যামার ও নানা ওঠানামায় ভরপুর। সুখের সন্ধানে আটবার বিয়ে করেছেন। এর মধ্যে দুবার বিয়ে করেছেন বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করে। ১৯৫৮ সালে তৃতীয় স্বামী প্রযোজক মাইক টডের মৃত্যুর পর টেলর প্রেমে জড়ান বিবাহিত গায়ক এডি ফিশারের সঙ্গে। আবার অভিনেতা রিচার্ড বার্টনের সঙ্গে কয়েক বছর পরকীয়ার পর ফিশারকে তালাক দিয়ে তাঁকে বিয়ে করেন। রিচার্ড বার্টনের সঙ্গে টেলরের প্রেমও ছিল মহাকাব্যিক এক কাহিনি। বিয়েতে ১০ লাখ ডলার দামের একটি রত্ন উপহার দিয়েছিলেন বার্টন। টেলর তাঁকে বিয়ে করেন দুবার।তবে জীবনের পুরোটাই রুপালি পর্দার মতো ঝলমলে ছিল না। একপর্যায়ে মাদকাসক্তি ও শেষজীবনে বাড়তি ওজনের সঙ্গে লড়তে হয়েছে এলিজাবেথ টেলরকে। ছেলে মাইকেল উইলডিং এক বিবৃতিতে গতকাল বলেন, ‘আমার মা একজন অসাধারণ রমণী ছিলেন। তিনি আনন্দ, রসবোধ আর ভালোবাসায় ভরা পরিপূর্ণ এক জীবনযাপন করেছেন।’ রয়টার্স ও এএফপি।