হলিউড তারকাদের একান্ত তথ্য হ্যাকিংয়ের অভিযোগে গ্রেপ্তার
গত মাসে স্কারলেট জোহানসনের আপত্তিকর একটি ছবি ইন্টারনেটে দেখে অনেকের মতো খোদ এই হলিউড অভিনেত্রীই বিস্মিত হয়েছিলেন। ব্যক্তিগত কম্পিউটার ও ই-মেইলে রাখা ওই ছবি একটি সেলিব্রেটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এমন ঘটনা শুধু জোহানসনের বেলায়ই নয়, ঘটেছে আরও অনেকের ক্ষেত্রে। কিন্তু কে সেই লোক, যিনি তারকাদের ব্যক্তিগত ছবি, তথ্য, চলচ্চিত্রের পাণ্ডুলিপি পর্যন্ত ইন্টারনেটে ছেড়ে দিচ্ছেন! এত দিন ধরে খোঁজাখুঁজির পর অবশেষে সেই ব্যক্তির সন্ধান পাওয়া গেল। গত বুধবার ক্রিস্টোফার চানে (৩৫) নামের ওই ব্যক্তিকে তারকাদের ব্যক্তিগত তথ্য-উপাত্ত হ্যাকিং, এমনকি ফোনে আড়িপাতার অভিযোগে গ্রেপ্তার করে এফবিআই। নিজেকে তিনি ‘অপারেশন হ্যাকারজি’ দাবি করতেন। বাড়ি তাঁর ফ্লোরিডায়। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে ২৬টি অভিযোগ আনা হয়। এসব অভিযোগ প্রমাণিত হলে ১২১ বছরের জেল হয়ে যেতে পারে ক্রিস্টোফারের। বিবিসি।