হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন মাধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনটি সম্ভবত মাধুরীই পারেন! সম্প্রতি হলিউডের একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন মাধুরী দীক্ষিত। ভারতে শুটিং হবে হলিউডের এমন একটি ছবিতে অভিনয়ের জন্য মাধুরীর কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল। বিশাল অঙ্কের পারিশ্রমিকও দিতে চেয়েছিলেন নির্মাতারা। কিন্তু প্রস্তাবটিতে ইতিবাচক সাড়া দেননি ৪৪ বছর বয়সী বলিউডের এই অভিনেত্রী।ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে একজন মার্কিনকে ঘিরে, যিনি স্বপ্ন দেখেন কোনো একদিন বলিউডের ছবিতে অভিনয় করবেন। ছবিটির একটি স্বপ্নদৃশ্যে মাধুরীকে স্ব-চরিত্রেই অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু দৃশ্য এবং চরিত্রটি ছোট হওয়ায় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।একসময় বলিউডের পর্দায় যাঁর বিচরণ ছিল সম্রাজ্ঞীর মতো; একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন যে অভিনেত্রী; তিনি কি শুধু টাকার বিবেচনায় ছবির প্রস্তাব গ্রহণ করবেন! এক খবরে টিএনএন জানিয়েছে, মূলত কেন্দ্রীয় চরিত্র না হওয়ার কারণেই হলিউডের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মাধুরী। নাচে অসাধারণ, সৌন্দর্য বিচারে ক্ল্যাসিক্যাল মাধুরী দীক্ষিত ১৯৯৯ সালে চিকিত্সক শ্রী রাম নেনেকে বিয়ে করে হয়েছেন মাধুরী দীক্ষিত নেনে। বিয়ের পর স্বামী আর সন্তান নিয়ে মার্কিন মুলুকে ছিলেন দীর্ঘদিন। এরপর আবার দেশের টানে দেশে ফিরেছেন গত বছর। ছবি করার ব্যাপারে যথেষ্ট বাছবিচার করছেন। দেশে ফেরার পর ‘দেধ ইশকিয়া’ ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি তামিল ছবি ‘কো’র রিমেকে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয়েরও প্রস্তাব পেয়েছেন। বিজ্ঞাপনচিত্রের কাজসহ ছোট পর্দায়ও কাজ করছেন। কিছুদিন আগে নাচবিষয়ক টিভি রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’-এর পঞ্চম মৌসুমের বিচারক হিসেবে দায়িত্ব পালনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। বলা যায়, সব মিলিয়ে বলিউডে দ্বিতীয় ইনিংসটা ভালোই খেলছেন মাধুরী।