নতুন বছরের ক্যালেন্ডারের পাতা উল্টেপাল্টে দেখছিল ছোট্টমণি সাজমান। একটা সময় ওর চোখ আটকে যায় হলদে পাতাটায়। পাতাজুড়েই সরষে ফুলের মেলা। তখনই সে বাবার কাছে বায়না ধরে সরষে ফুল দেখার। সাজমানকে নিয়ে তার বাবা ঢাকা সেনানিবাসের বাসা থেকে বেরিয়ে পড়েন সরষে খেতের খোঁজে। মাঠজোড়া হলুদ ফুলের মেলার দেখা পান তাঁরা দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুরে।নগরের যাঁরা এখন চোখ জুড়াতে আর মন মাতাতে সরষে ফুলের মাঠ দেখতে চান, তাঁরা এভাবে ঢাকার আশপাশের এলাকাগুলোয় ঢুঁ মারতে পারেন। আবার ইট-পাথরের নগরে বড় হওয়া প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়া যেতে পারে সরষেখেত, মৌমাছি আর কাকতাড়ুয়ার সঙ্গে। কোনো কোনো সরষের মাঠে দেখা যাবে মুধ চাষের উপায় আর উপকরণ।নগরের অদূরেই ডেমরার ধার্মিকপাড়ায় রয়েছে অসংখ্য সরষের মাঠ। ডেমরার কোনাপাড়া বাসস্ট্যান্ডে নেমে ধার্মিকপাড়ার কথা যে কাউকে বললেই পথটা দেখিয়ে দেবে। ধার্মিকপাড়ায় নিচু জমিকে বলা হয় ‘বন্দে’। বন্দের আইল ধরে কিছুক্ষণ হাঁটলে যাওয়া যাবে সরষেখেতের একদম ভেতরে। এখানে খেতের আইল ধরে হাঁটার পাশাপাশি দেখা হতে পারে বুলবুলি, শালিক আর দোয়েলের সঙ্গেও। কাকতাড়ুয়া না থাকায় খেতগুলোয় পাখির আনাগোনা অবাধ।ঢাকার পশ্চিমে গাবতলী, আমিনবাজার পেরিয়ে সাভারের গেন্ডা পর্যন্ত সড়কের দুই ধারেও সরষেখেতের দেখা মিলবে। আবার মিরপুর বেড়িবাঁধে বিরুলিয়া ঘাটের দিকে গুটিকয়েক সরষেখেত পাওয়া যেতে পারে। পুরান ঢাকার বাবুবাজার থেকে বাংলাদেশ-চীন মৈত্রী দ্বিতীয় সেতু পেরোলেই আবদুল্লাহপুর, দক্ষিণ বাঘাপুরের দিকে মহাসড়কের দুই পাশে রয়েছে অগণিত সরষেখেত। এখানকার খেতগুলো আকারে অনেক বড়। যত দূর চোখ যায় শুধু হলুদের রাজত্ব। এই মহাসড়কে ধলেশ্বরী সেতু পার হলে শিকারপুর-নিমতলায় রয়েছে বেশকিছু খেত। এখানকার খেতগুলো একেবারে মহাসড়ক ঘেঁষে বলে গাড়ি থামিয়ে নেমে পড়া যায় হলুদের আস্তরণে।ঢাকা থেকে একটু দূরে মুন্সিগঞ্জের শ্রীনগর, লৌহজং ও সিরাজদিখান; নারায়ণগঞ্জের বন্দর এবং মানিকগঞ্জের শিবালয়ে গেলেও সরষেখেতের দেখা মিলবে। ঘণ্টা কয়েক ঘুরেই ওই এলাকা থেকে ঢাকায় ফিরে আসা যাবে। তবে ভ্রমণপিয়াসীরা নিজস্ব গাড়ি নিয়ে গেলে পথে থেমে থেমে ইচ্ছেমতো হলুদের সমারোহে সময় কাটাতে পারবেন।সরষের মাঠে নেওয়া যেতে পারে ঘুড়ি-লাটাই। এতে সরষের আইলে দাঁড়িয়ে দিগন্তে ঘুড়ি ওড়ানোর মজা পাওয়া যাবে। সরষের মাঠে ক্যামেরা না নিয়ে গেলে পুরো ভ্রমণই মাঠে মারা যেতে পারে। এমন হলুদ বরন মাঠে কার না ছবি তুলতে ইচ্ছে করে!