হলুদ লতিকা হট্টিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে বিচরণকারী লম্বা পা-ওয়ালা পাখিদের মধ্যে হট্টিটি বা টিটি অন্যতম। এদের নিয়ে প্রাচীন সংস্কৃত সাহিত্যে বহু কল্পকাহিনি ছড়িয়ে আছে, যা থেকে নানা উপকথা বা মিথের জন্ম হয়েছে। হট্টিটির লম্বা পা নিয়ে একটি জনপ্রিয় মিথ এ রকম: ‘সৃষ্টির শুরুতে গাঙটিটি (হট্টিটি) পাখির গর্ব ছিল যে সে স্বর্গ, আকাশ আর পৃথিবীর ভার বহন করতে পারে। এ কথা সে প্রতিটি পাখির কাছে বলে বেড়াত। পাখিরা এ কথা শুনে শুনে বিরক্ত হলো। একদিন আর সহ্য করতে না পেরে সবাই মিলে বিধাতার কাছে গেল নালিশ করতে। সব শুনে তিনি অভিশাপ দিলেন, হট্টিটিকে পায়ের ওপর আকাশের ভার বহন করতে হবে। এ জন্যই নাকি হট্টিটির দেহের তুলনায় পা বেশি লম্বা। আর মাথার ওপর আকাশ ভেঙে পড়ার ভয়ে হট্টিটি পা দুটি আকাশপানে তুলে শয়ন করে। তবে বাস্তবে কখনো হট্টিটিদের আকাশের দিকে পা উঁচু করে থাকতে দেখা যায় না। আঙুলের গঠনবৈশিষ্ট্যের কারণে এরা গাছের ডালে বসতে পারে না। মাটির ওপরই চলাফেরা, আহার, বিশ্রাম, প্রেম-ভালোবাসা, বংশবৃদ্ধি—সবকিছুই করে থাকে।আমাদের দেশে হট্টিটির পাঁচটি প্রজাতির দেখা মেলে, যার তিনটি স্থায়ী ও দুটি পরিযায়ী। এরা টিট্টি বা হট্টিমা নামেও পরিচিত। এদের একটি জনপ্রিয় প্রজাতি হলো হলুদ লতিকা হট্টিটি (Yellow-wattled Lapwing); বৈজ্ঞানিক নাম Vanellus malabaricus। লাল লতিকা হট্টিটির তুলনায় এ দেশে এদের সংখ্যা বেশ কম এবং সব জায়গায় দেখা যায় না। দেশের শুষ্ক অঞ্চল, বরেন্দ্রভূমি ও উত্তরবঙ্গে কদাচ এদের দেখা মেলে। বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বছর ধরে সাত-আটটি হলুদ লতিকা বসবাস করছে। ফলে আমি তাদের জীবনাচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুযোগ পেয়েছি। পাখিগুলো এবার ডিম-বাচ্চা তুলেছে। আমি দুটি বাচ্চার দেখা পেয়েছি। গত ফেব্রুয়ারিতে দুর্লভ পাখির সন্ধানে ফকিরহাটে গিয়ে সেখানেও একটি হলুদ লতিকা দেখেছিলাম।হলুদ লতিকা মাঝারি আকারের পাখি। এদের ঠোঁট সরু। পা লম্বা এবং জলমগ্ন পথে চলার উপযোগী। এদের ডানা বড় ও সুচালো। লম্বায় ২৭ সেন্টিমিটার এবং ওজনে ১১০ গ্রাম হয়ে থাকে। এদের পিঠের রং ধূসরাভ বাদামি। কানের লতি হলুদ ও ত্রিকোণাকার। মাথার চাঁদি কালো, তার নিচে সাদা মোটা ঘের, বুক থেকে লেজের নিচ পর্যন্ত সাদা এবং লেজের শেষ প্রান্তে চওড়া কালো পট্টি। চিবুক কালো, গলা ও বুক বালু-বাদামি রঙের। বুকের শেষে সাদা শুরু হওয়ার আগে একটা কালো সরু লাইন। চঞ্চু কালো, গোড়া হলদেটে বা সবজেটে হলদে; পা ও আঙুল উজ্জ্বল হলুদ। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম।হলুদ লতিকা হট্টিটিরা খোলা ঘাস ও ঝোপঝাড়পূর্ণ মাঠ, কৃষিজমি, পাথুরে মাঠ এবং অল্প পানির জলার আশপাশের ভূমিতে বসবাস করতে পছন্দ করে। সাধারণত পাঁচ-সাতটি পাখি ছোট দলে বিচরণ করে। তবে, প্রজনন মৌসুমে জোড়ায় জোড়ায় থাকে। এরা দিনের বেলা ও চাঁদনী রাতে অত্যন্ত সক্রিয় থাকে। সারা দিন মাঠে চরে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ, যেমন: বিটল, ঘাসফড়িং প্রভৃতি খায়। এ ছাড়া এরা কেঁচো ও পানিতে বাসকারী সুতার মতো একধরনের পোকা খেতে ভালোবাসে।হলুদ লতিকা শুকনো মৌসুমে, বর্ষার আগে, মার্চ থেকে মে মাসের মধ্যে প্রজনন করে। এরা ডিম পাড়ে ফাঁকা শুকনো মাঠে বা কোনো নিরিবিলি দালানের ছাদে। মাঠে হলে কয়েকটি মাটির ঢেলা দিয়ে লাইনিং করে বাসা বানায় এবং ছাদে হলে নুড়ি বা পাথর দিয়ে লাইনিং করে। ডিম পাড়ে চারটি। ডিম ফোটার ২৪-৩৬ ঘণ্টার মধ্যেই বাচ্চারা মা-বাবার সঙ্গে বাসা ছেড়ে হাঁটা দেয় এবং খাবারের অন্বেষণে ঘোরাঘুরি শুরু করে। এদের গায়ের রং এমন যে তা সহজেই পরিবেশের সঙ্গে মিশে মিশে ছদ্মবেশ ধারণ করতে পারে। বাচ্চারা যখন লম্বা লম্বা পা ফেলে দৌড়াতে থাকে, তখন দেখতে খুবই সুন্দর লাগে। প্রায় ১৫ দিন বয়সে বাচ্চারা নিজে নিজে খাবার খেতে শেখে। ৩০-৩৫ দিনে নীল আকাশে ডানা মেলতে পারে।