‘হলুদ বাটো, মেন্দি বাটো, বাটো ফুলের মৌ, বিয়ের সাজে সাজবে কন্যা...’ এমন গীতের সঙ্গে গায়েহলুদের অনুষ্ঠান ছাড়া বাঙালির বিয়ে যেন পূর্ণতা পায় না। বোন, ভাবি বা দুলাভাইয়ের সোহাগভরা হাতে হলুদের ছোঁয়া নতুন জীবনে প্রবেশের আগে নববধূ ও বরের মন রাঙিয়ে দেয়। বর-বধূর নতুন জীবন যেমন শুরু হয় হলুদের ছোঁয়ায়, তেমনি এ হলুদই রংপুরের মিঠাপুকুর উপজেলার কয়েকটি গ্রামের মানুষের জীবন নতুন করে সাজিয়েছে। হলুদ চাষ করে ভাগ্য ফিরেছে অভাবী মানুষের। আর এ ‘হলুদবিপ্লব’ ঘটে গেছে এক নারীর হাত ধরে। তাঁকে অনুসরণ করে এ বিপ্লবে যোগ দিয়েছেন আশপাশের অন্তত ২০টি গ্রামের নারীরাও। শুরুর কথা: মহীয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মৃতিধন্য মিঠাপুকুরের পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর গ্রামের নারী শারমিন বেগম। দুই ছেলেমেয়ে আর স্বামী শফিকুল ইসলামকে নিয়ে অভাবের সংসার যেন চলছিল না। কিছু এটা করতে চাইলেন। কয়েকজন নারী মিলে স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে হলুদ চাষ শুরু করলেন ২০০৫ সালে। ১০ শতক জমিতে হলুদ চাষে খরচ পড়ে ৭০০ টাকার মতো। উ ৎপাদিত হলুদ বিক্রি করে পান প্রায় ১৯ হাজার টাকা। সেই টাকায় কিছু জমিও কেনেন। এরপর প্রতিবছর হলুদ চাষ করতে থাকেন। ধীরে ধীরে তাঁর সংসারে সচ্ছলতা আসে। পরে আরও জমি কেনেন। এবার তিনি নিজের এক একরসহ বর্গা নিয়ে দুই একর জমিতে হলুদ চাষ করেছেন। শারমিনের সাফল্যে অনুপ্রাণিত হয়ে আশপাশের নারীরা তাঁর কাছে আসেন। শারমিনের পরামর্শ নিয়ে মনোযোগ দেন হলুদ চাষে। ধীরে ধীরে ওই এলাকার গ্রামগুলো পরিচিতি পায় ‘হলুদের গ্রাম’ হিসেবে।হলুদের গ্রামে এক দিন: রংপুর শহর থেকে ১০ কিলোমিটার দক্ষিণে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে ছায়াঘেরা বেশ কয়েকটি গ্রাম। এর একটির নাম ইসলামপুর। এ গ্রামেই বাড়ি শারমিনের। ‘এটা এমন একটা ফসল, যা করতে খুব একটা খরচ হয় না। পরিশ্রমও তুলনামূলক কম।’ বললেন শারমিন। হলুদ বিক্রি করে লাভের টাকা দিয়েই জমি কিনেছেন। দুই ছেলেমেয়ের পড়াশোনার খরচ চলছে।সংসারের অভাব দূর করার সাফল্য স্ত্রীকেই দিলেন স্বামী শফিকুল। জানালেন, হলুদখেতে দুজন একসঙ্গে কাজ করছেন। তাঁর ভাবতে ভালো লাগে, তাঁদের সাফল্য দেখে আশপাশের গ্রামের নারীরাও হলুদ চাষ করছেন। সফল যাঁরা: শারমিনের সাফল্য দেখে একই গ্রামের খালেদা বেগম ২০০৭ সালে তাঁর বসতভিটার পাঁচ শতাংশ জমিতে হলুদ চাষ করেন। পরের বছর করেন ১০ শতাংশ জমিতে। এ বছর তিনি চাষ করেছেন ৪৫ শতাংশ জমিতে। এবার হলুদ চাষে সব মিলিয়ে খালেদার খরচ পড়েছে প্রায় ২৭ হাজার টাকা। তাঁর আশা, মৌসুম শেষে এই হলুদ বিক্রি করে এক লাখ টাকার ওপরে আয় করবেন। হলুদ বিক্রির টাকা দিয়ে তিন বছরের মধ্যেই ১০ শতাংশ জমি কিনেছেন তিনি। এ গ্রামের শাহিদা বেগম, কুলসুম বেগম, ইফারন বেগম, রিক্তা বেগমসহ অনেকেই এখন হলুদের চাষ করছেন। ইসলামপুরের পাশের গ্রাম নয়াপাড়া। এ গ্রামে গিয়ে দেখা গেল কয়েকজন নারী হলুদের জমিতে কাজে ব্যস্ত। তাঁদেরই একজন হাসিনা বেগম। ‘আগে ম্যালা অভাব আছিল। কিন্তু জমিত নাগি থাকলে অনেক কিছুই করা যায়। হলুদ বেচার টাকা দিয়ে ছাওয়া দুইটার পড়াশোনাসহ সংসারের সবকিছুই চলে। এ্যালা তেমন একটা কষ্ট নাই।’ বলেন হাসিনা। বছরচারেক আগে নিজের ১৫ শতক জমিতে হলুদ লাগান তিনি। চলতি বছর লাগিয়েছেন বর্গাসহ মোট ৬০ শতক জমিতে। হলুদ বিক্রির টাকা দিয়ে তিনি দুটি টিনের ঘর তুলেছেন। এ গ্রামে তাঁর মতো সাজেদা বেগম, স্বপ্না আকতার, লিলি বেগম, আমবাড়ি গ্রামের হাসনা বেগম, সেলেমা খাতুন হলুদ চাষ করে অভাব জয়ের স্বপ্ন দেখছেন। হলুদ চাষ হচ্ছে আশপাশের বিশ্বনাথপুর, আঠারোকোটা, চূহড়, শিমুলবাড়ী, খাপুর, খোর্দ মুরাদপুর, বিন্নাটারি, তকেয়া কেশবপুর, চরকতলাসহ অন্তত ২০টি গ্রামে।খরচ কম, লাভ বেশি: চৈত্র মাসের শেষদিকে ও বৈশাখ মাসের শুরুতে হলুদ চাষের উপযুক্ত সময়। আট থেকে নয় মাস পর হলুদ পাওয়া যায়। অনেকেই আছেন, যাঁদের পতিত জমি আছে, কিন্তু চাষ করেন না—এমন জমি একরপ্রতি ১০ থেকে ১৫ হাজার টাকায় ইজারা নিয়ে হলুদের চাষ করছেন কেউ কেউ। আবার উ ৎপাদিত হলুদের তিন ভাগের এক ভাগ জমির মালিক পাবেন, দুই ভাগ পাবেন চাষি—এ শর্তেও চাষ করা হচ্ছে।হলুদ চাষের জন্য শুধু প্রথম বার বীজ কিনলেই চলে। পরে নিজের খেতের বীজ দিয়েই আবাদ করা যায়। হলুদে রোগবালাই নেই বলে কীটনাশকেরও খরচ নেই। হলুদচাষি নারীরা জানান, গড়ে এক শতক জমিতে হলুদ চাষে খরচ পড়ে ৬০০ টাকার মতো। ওই জমি থেকে তিন-চার মণ হলুদ পাওয়া যায়। মণপ্রতি হলুদ বিক্রি হয় এক হাজার থেকে এক হাজার ২০০ টাকায়। এভাবে শতকপ্রতি তিন হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব। প্রথম দিকে বিক্রির জন্য হলুদ নিয়ে হাটবাজারে যেতে হতো। এখন মিঠাপুকুরের শঠিবাড়ী হাটে হলুদের বেচাকেনা বেশ জমে। তবে একশ্রেণীর পাইকারি ব্যবসায়ী এখন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে হলুদ কিনে নিয়ে যান। কৃষি বিভাগের কথা: মিঠাপুকুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা হামিদুর রহমান। তাঁর দেওয়া তথ্যমতে, এ এলাকার ২০টি গ্রামের প্রায় ১৭০ একর জমিতে হলুদের চাষ হচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের উ ৎসাহ, প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ দেওয়া হয়। হামিদুর জানান, পায়রাবন্দ ইউনিয়নের চূহড় এলাকা হলো কৃষি বিভাগের একটি কৃষি ব্লক। সেই ব্লকের আওতায় এসব গ্রামের প্রায় এক হাজার ৭০০ পরিবার এ বছর হলুদ চাষ করেছে। তাঁরা যা বলেন: পায়রাবন্দের হলুদচাষি নারীদের নিয়ে গর্বিত ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম। ‘হলুদ চাষ এ অঞ্চলের নারীদের কর্মমুখী করে তুলেছে। তাঁরা ভাগ্য বদলে ফেলছেন নিজের চেষ্টায়।’