হলে হলে খেলা দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাত থেকেই আলাদা উত্তেজনা ছিল, প্রথম ম্যাচেই নিজের দেশের টাইগাররা মাঠে নামবে আর বিপরীতে খেলবে এত শক্তিশালী দল ভারত। রাতে ভালো করে ঘুমাতে পর্যন্ত পারিনি। সকালে হলের বন্ধুদের সঙ্গে একসঙ্গে নাশতা করা, আবার দুপুরে একসঙ্গে খাওয়ার পরে টিভিরুমে সামনের কাতারে বসার জন্য পেপার বিছিয়ে বসার ব্যবস্থা করেছিলাম।’ বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের মার্কেটিং বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী সাবিহা মতিন বিপাশা। হলের অন্য বন্ধু নাদিরা খানম বললেন, ‘আমরা জার্সি কিনতে পারিনি, তাতে কী। হলে সদ্য শেষ হওয়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পাওয়া লাল-সবুজের টুপিটা কিন্তু ঠিকই সবাই যত্ন করে তুলে রেখেছিলাম খেলা দেখার সময় পরব বলে।’ হাতের লাল-সবুজের চুড়িগুলো দেখিয়ে আফরোজা বলেন, ‘এটাই তো খেলা দেখার স্মারক।’ এতক্ষণ পরে যেন সুতপার মৌনতা ভাঙল। একটু মুচকি হেসে বললেন, ‘অনেক বন্ধু বলছিল, চল, টিএসসিতে গিয়ে খেলা দেখি। কিন্তু একবাক্যে না বলে দিলাম, যেখানে আমাদের হল ছোট টেলিভিশনের পরিবর্তে এত বড় প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করে দিয়েছে সেখানে হল ছেড়ে কেন যাব।’ প্রতিবেশী বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থী নাজনীন রহমান তান্নি বলেন, ‘হলেই খেলা দেখছি রুমমেটদের সঙ্গে নিয়ে। এক রুমমেট আগে গিয়ে সবার জায়গা রাখছে, তারপরে মিসড কল দিলে আমরা সবাই চলে যাচ্ছি টিভিরুমে।’শামসুননাহার হলের আবাসিক শিক্ষার্থী সামসুন নাহার এ্যানি বলেন, ‘নিজে খেলাধুলা করি আর ক্রিকেট না খেললেও ক্রিকেট খেলা দেখার প্রতি আছে আলাদা ঝোঁক। বিশ্বকাপ ক্রিকেট ২০১১ উপলক্ষে শামসুননাহার হলের বিশেষ আয়োজন আছে। হলরুমে টিভি দেখার ব্যবস্থা থাকার পাশাপাশি লাগানো হয়েছিল আলাদা প্রজেক্টর। আর প্রথম ম্যাচ দেখার আগেই যেন উৎসব লেগেছিল হলে। কেউ লাল-সবুজের শাড়ি, কেউ বা নতুন পোশাক পরেছিল। খেলোয়াড়দের উৎসাহ দিতে কেউ ভুভুজেলা, কেউ লাল-সবুজের রয়েল বেঙ্গল টাইগারের ছবি-সংবলিত টোপর, কেউ বা জার্সি পরে খেলা দেখতে বসেছিল।’ রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী তামান্না আলম বলেন, ‘আমার তো মনে হয় যেন খেলার মাঠে খেলা দেখছি। টিভিকক্ষে দুইটা টেলিভিশন তো ছিলই। বাড়তি হিসেবে ক্যানটিনে আর মাঠে বসানো হয়েছে বড় প্রজেক্টর। কোনো কিছুর কমতি ছিল না।’ এত কিছুর পরও বাসাকে খুব মিস করেন এই হলের অন্য শিক্ষার্থী রুবাইয়াৎ শারমিন। তিনি বলেন, ‘খেলা দেখার সময় মায়ের চানাচুর-মুড়ি মাখানো খুব মিস করি। তার পরও হলের সবার সঙ্গে খেলা উপভোগ করি।’ কাছ থেকে টাইগারদের উৎসাহ দিতে পারছেন না এই শিক্ষার্থীরা, তবু চার-ছয় মারলে হলের মাঠে বসেই তাঁরা ভুভুজেলা বাজান কিংবা মাথার লাল-সবুজের টুপিটা খুলে উঁচিয়ে অভিবাদন জানান, আরও একটু ভালো খেলুন দেশের টাইগাররা। দেশের মাটিতে চলছে বিশ্বকাপ ক্রিকেট, চারদিকে বিশ্বকাপের আমেজ। তাই এই সময়ে নিজেদের কুক্ষিগত করে রাখেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীহলের শিক্ষার্থীরা। তাঁরাও সমানতালে গা ভাসিয়েছেন বিশ্বকাপের জোয়ারে।বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ গুলশান আরা লতিফা বলেন, ‘খেলা তো বিনোদনের উপায় আর যেখানে নিজের দেশের মাটিতে বিশ্বকাপ ক্রিকেট হচ্ছে সেখানে আনন্দটা যেন দ্বিগুণ। ছাত্রীদের আনন্দের কথা ভেবে হলে বড় প্রজেক্টর লাগানো হয়েছে।’ রোকেয়া হলের প্রাধ্যক্ষ লায়লা এন ইসলাম বলেন, ‘আমরা ছাত্রীদের সুবিধার কথা চিন্তা করে দুইটা প্রজেক্টর লাগিয়ে দিয়েছি। আমরা চেয়েছি ওরা যেন মাঠের আমেজ পায়। আজ (যেদিন কথা হচ্ছিল) আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের খেলা আছে। ছাত্রীদের সঙ্গে কিছু সময়ের জন্য হলেও খেলা দেখে যাব। আর বাংলাদেশ যেন ভালো খেলে সেই শুভকামনা তো থাকছেই।’ টানটান উত্তেজনা আর রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় লাভ করে। খেলা শেষ হওয়ার আগে একচিলতে জায়গা ছিল না বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের টিভিকক্ষে। প্রতিটা তলা তখন ফাঁকা। আর এর পরে যে আনন্দ তা হলের শিক্ষার্থীরা ভাগাভাগি করে নেন। যাঁরা হয়তো কখনো খেলা দেখেননি তাঁরাও আনন্দে শামিল হন। কেউ ভুভুজেলা, কেউ বাটি-চামচ, কেউ বা হাঁড়ি আর খুন্তি নিয়ে বিজয় মিছিল বের করেছেন। রাত বেশ হয়েছে, তাই তাঁরা প্রাচীরঘেরা হল পেরিয়ে বিজয় মিছিল নিয়ে রাস্তায় নামতে পারেননি। তাতে কী, হলেই তাঁদের বিজয় মিছিল হয়। কিছুক্ষণের জন্য ফাঁকা হয়ে যাওয়া প্রতিটা তলা আবার সরব হয়ে ওঠে। এই বিজয় যেন অব্যাহত থাকে, এই তাঁদের চাওয়া। এভাবেই একদিন বাংলার ক্রিকেটাররা ছিনিয়ে আনবেন বিশ্বকাপ—এই তাঁদের প্রত্যাশা।