হলে হলে বিশেষ খাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মা-বাবাকে ছাড়া কখনো ঈদ করি নাই। অথচ এবার একাই ঈদ করতে হচ্ছে। হলের প্রতিটি ব্লক আর রুম ফাঁকা। খুব খারাপ লাগছিল, যখন রুমের বড় আপু পর্যন্ত ঈদ করতে বাড়ি চলে গেলেন।’ বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থী সাদিয়া আফরিন। ৫ সেপ্টেম্বর চাকরির মৌখিক পরীক্ষা দিতে হবে তাঁকে। তাই ঈদে বাড়ি যাননি তিনি।অন্যদিকে একই হলের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের আবাসিক শিক্ষার্থী আসিয়া খাতুন জানান, গত ঈদেও তিনি হলে ছিলেন। বাড়ি যেতে যানবাহন পাওয়ার অনিশ্চয়তা থাকে। আবার যানজটে ভোগান্তি হয়। এসব এড়াতে তিনি হলেই ঈদ করেন। ‘ঈদের দিন সকালে সেমাই রান্না করে হলের অন্য বন্ধুদের নিয়ে খেয়েছি। আর দুপুরের খাওয়া তো হল থেকেই দিয়েছে। তবে বাড়ির কথা মনে পড়েছে খুব।’ বলছিলেন আসিয়া।সারা বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো শিক্ষার্থীতে গমগম করে। একই সিটে একাধিক শিক্ষার্থীকে গাদাগাদি করে থাকতে হয়। অথচ ঈদের ছুটিতে প্রায় সব হলই এখন ফাঁকা। তবে কিছু শিক্ষার্থী হলেই ঈদ করেছেন। কেউ পরীক্ষার প্রস্তুতির জন্য বাড়ি যাননি, কেউ বা আর্থিক সংকটে বাড়ি যেতে পারেননি।হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী সোহেল আকন ঈদে বাড়ি যেতে পারেননি। তিনি বলেন, ‘বাবা চাকরি থেকে অবসর নিয়েছেন। ছোট ছোট ভাইবোনের সংসারে আমিই বড়। অথচ নিজে পড়াশোনার ফাঁকে যে কাজ করি, তাতে নিজেরই কেবল চলে। এই কষ্টের কারণে বাড়িতে যাব না। হয়তো একদিন প্রতিষ্ঠিত হব। সেদিন সবার চাওয়া পূরণ করতে পারব। তখনই বাড়ি যাব।’রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী ফৌজিয়া নাজনীনের সমস্যাটা ভিন্ন। তিনি কাজ করছেন একটি বেসরকারি এফএম বেতারে। আর এই কাজে যেকোনো এক ঈদে ছুটি মেলে। ঈদের দিনটাতেও অফিস করেছেন। তাই তিনি হলেই ঈদ করেছেন। ফৌজিয়া বলেন, ‘ঈদের দিন অফিস করে হলে ফিরেই বাসার কথা খুব মনে পড়ছিল। বারবার ফোন করে মা-বাবার সঙ্গে কথা বলেছি। নিজেকে এই বলে প্রবোধ দিচ্ছি যে, কোরবানির ঈদে তো বাড়ি যেতে পারব।’স্যার সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী নাজমুল হুদাও ঈদে বাড়ি যাননি। তিনি জানান, ৩১তম বিসিএসের লিখিত পরীক্ষা হবে ২৬ সেপ্টেম্বর। এখন সময় নষ্ট করা যাবে না। হলেই ঈদ করেছেন। তবে বাড়ির জন্য খারাপ লাগছিল বলে নাজমুল হুদা জানান।ঈদের দিন অনেক হলেই কর্তৃপক্ষ বিশেষ খাবারের আয়োজন করে। মুহসীন হলের প্রাধ্যক্ষ আলী আক্কাস বলেন, ‘নানা কারণে কিছু শিক্ষার্থী ঈদে বাড়ি যেতে পারে না। আমরা চেষ্টা করি একটু ভালো খাবার দিয়ে হলের শিক্ষার্থীদের মধ্যে ঈদের আমেজ বয়ে আনতে।’মাস্টারদা সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী শাহরিয়ার কবির জানান, ঈদ উপলক্ষে হলে আয়োজনের কমতি থাকে না। সকালে মিষ্টি খাবার আর দুপুরে পোলাও-মাংসের ব্যবস্থা ছিল। একই বিষয়ে রোকেয়া হলের প্রাধ্যক্ষ সাজেদা বানু জানান, ঈদের কয়েক দিন আগে থেকেই মেয়েরা অফিসে এসে তাদের উপস্থিতির বিষয়ে নাম লিখিয়ে যায়। আর সেভাবে দুপুরে বিশেষ খাবার দেওয়া হয়।তবে এবার জিয়াউর রহমান হলে ঈদের খাবার পরিবেশন করা হয়নি। এ প্রসঙ্গে হলের প্রাধ্যক্ষ আ ব ম ফারুখ জানান, মূলত রান্নাঘরের দেয়াল আর চুলা সংস্কারের কারণেই ঈদে হলের আবাসিক শিক্ষার্থীদের খাবার দেওয়া হয়নি।