হলে হলে সেহরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাত সাড়ে তিনটা বাজতেই বেজে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের ঘণ্টা। ইচ্ছে থাকলেও আর শুয়ে থাকার উপায় নেই। গণরুমের (মোহনা) কেন্দ্রীয় আলো জ্বলে উঠেছে। বাড়ির মতো কাতর সুরে বলা যাবে না, ‘আম্মু আর দশ মিনিট। অগত্যা বিছানা ছেড়ে কোনোমতে হাত-মুখ ধুয়েই পানির বোতল আর প্লেট হাতে সোজা ডাইনিং রুমে। ডাইনিংয়ের খাবার বিতরণের দায়িত্বে আছেন মানিক মামা। নির্ধারিত সময়ের পর গেলে খাবার মেলা ভার।’ কথাগুলো বলার সময় চোখের কোনায় কখন যে পানি চলে এসেছে, লক্ষ করেননি ফাতেমাতুজ জোহরা। একটু লজ্জিত হাসি হেসে চোখ মুছে আবারও কথা বলতে শুরু করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের প্রথম বর্ষের শিক্ষার্থী। হলে উঠেছেন খুব বেশি দিন হয়নি। বাসায় থাকতে নিজের হাতে ভাতটা মেখে খাননি। আর এখন তো নিজের হাতে খেতে হচ্ছেই। তার ওপর ডাইনিংয়ে শত শত শিক্ষার্থীর জন্য এক হাঁড়িতে রান্না করা খাবার। না জানি খাবারের মানটা কেমন! তিনি বলেন, ‘বাসায় যে যাব, তার কোনো উপায় নেই। কদিন বাদেই মিডটার্ম পরীক্ষা শুরু হবে।’ তাই বাধ্য হয়ে হলের ডাইনিংয়ে সেহরি খান আর দিন গোনেন বাড়ি যাওয়ার। একই হলের শিক্ষার্থী সনির কষ্ট অবশ্য খানিকটা কম। রুমের বড় আপুরা তাঁকে অনেক সহযোগিতা করেন। রোজার প্রস্তুতি হিসেবে রুমে আগেভাগেই কেনা হয়েছে ছোট্ট একটি রাইস কুকার। ফলে চুলার সিরিয়াল দেওয়ার ঝামেলা থেকে রেহাই মিলেছে। সনি আখতার জানান, ‘রুমে সবার বড় রুমা আপু ঘুম থেকে উঠে রান্না শেষে খাওয়ার জন্য আমাদের সবাইকে ডেকে তোলেন। সেহরিতে ভর্তা আমার খুব পছন্দ। মাঝেমধ্যে আপু আলুভর্তা আর ডিম ভাজি করেন। সরিষার তেল দিয়ে আলুভর্তার ঝাঁজ আমার চোখের ঘুম দূর করে দেয়। সেহরি শেষে আমরা রুমমেটরা সবাই মিলে দলবেঁধে যাই হাঁড়ি-পাতিল ধুতে। তখন শুরু হয় প্রতিযোগিতা। কে কার আগে গিয়ে রান্নাঘরের পানির কলে সিরিয়াল নেবে। এর মধ্যেও আছে আলাদা মজা।’সেহির নিয়ে এই আনন্দঘন ছবির বিপরীত চিত্রও আছে হলগুলোতে। যেখানে কেউ হয়তো কেবল আলুভর্তা দিয়েই সেহরি সেরে নেন। থাকে না ডিম ভাজি বা আলাদা করে ডাইনিংয়ের তরকারি কেনার মতো পয়সা। প্রতিবেশী হল বাংলাদেশ-কুয়েত মৈত্রীর আবাসিক শিক্ষার্থী লিয়ন বলেন, ‘হলের ডাইনিংয়ে সেহরি খাব, এত অসম্ভব! কষ্ট করে হলেও নিজে রান্না করে খাই।’ রোকেয়া হলের মেইন বিল্ডিংয়ে থাকেন তামান্না আলম। তিনি বলেন, ‘সারা বছর তো ডাইনিংয়ের খাবার ছুঁয়েও দেখি না। আর রোজার মাস হলে তো কথাই নেই। নিজেই রান্না করে খাই। সে জন্য যে আলাদা আয়োজন বা সদাইপাতি থাকে, তা কিন্তু নয়। হলের বিপণিতে যা পাওয়া যায়, তা দিয়েই রান্না করি। প্রতিদিন সেহরির সময় একবার হলেও বাড়ির কথা মনে পড়ে। তবে রুমে কেউ ভালো খাবার রান্না করলে আমরা একজন অন্যজনকে না দিয়ে খাই না।’ শামসুন্নাহার হলের ছাত্রী ফারহানা বলেন, ‘সারা বছর রুমের ছয়জন বাসিন্দা আলাদা রান্না করলেও রোজার সময় পাল্টে যায় সেই চিত্র। রমজান মাসে রুমের সবাই মিলে একসঙ্গে ইফতার করা হয়ে ওঠে না। তবে আমরা সবাই একসঙ্গে বসে সেহরি খাই। শুধু একসঙ্গে বসেই নয়, রান্নাটা পর্যন্ত একসঙ্গে করি। কেউ হয়তো মাছ রান্না করছে, কেউ বা ভাজি-ভর্তা। আবার অন্যজন ব্যস্ত সালাদ বানাতে। সর্বোপরি পুরো রমজান মাস আমরা মিলেমিশে একসঙ্গে সেহরি খাই। চেষ্টা করি যতটা সম্ভব বাসার পরিবেশটা ধরে রাখতে। রমজান মাস আমাদের প্রত্যেককে একে অন্যের কাছে এনে দেয়; যা খাই সবকিছুতে পাই অমৃতের স্বাদ। এভাবে আমরা একে অন্যের সঙ্গে গেঁথে যাই একসূত্রে।’ সর্বোপরি আত্মীয়-পরিজনহীন এসব শিক্ষার্থী ভুলে যান তাঁদের বাড়ির অভাব।