যুদ্ধাপরাধবিষয়ক মার্কিন দূতের সঙ্গে প্রথম আলো কার্যালয়ে সুশীল সমাজের মতবিনিময়
হস্তক্ষেপ নয়, আন্তর্জাতিক সমর্থন চায় বাংলাদেশ
১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চায় বাংলাদেশ। তবে এর সুযোগ নিয়ে এ বিষয়ে হস্তক্ষেপ করা কোনো দেশের উচিত নয়।যুদ্ধাপরাধবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিফেন জে র্যাপের সঙ্গে এক মতবিনিময় সভায় সুশীল সমাজের প্রতিনিধিরা এ অবস্থান তুলে ধরেছেন। গতকাল মঙ্গলবার প্রথম আলোর কার্যালয়ে র্যাপের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে বাংলাদেশে চলমান মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়ার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে স্টিফেন জে র্যাপ বলেন, এ বিচারের বিষয়ে শুধু বাংলাদেশের মানুষ নয়, আন্তর্জাতিক মহলও আগ্রহী। তবে বিচার যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হয়, সবাই যেন ন্যায়বিচার পায়, সেটি নিশ্চিত করতে হবে।সভায় আরও বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সাংসদ সাবের হোসেন চৌধুরী, সেক্টর কমান্ডারস ফোরামের নেতা সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ, হারুন-অর-রশিদ ও আনোয়ারুল আলম শহীদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী ও মফিদুল হক, ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত, তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান, সদস্য মনোয়ারা বেগম, এম সানাউল হক, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক সৈয়দ মাসুম রেজা প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। মার্কিন দূতাবাসের রাজনৈতিক শাখার প্রধান জন ড্যানিলোইজ, রাজনৈতিক কর্মকর্তা পার্থ মজুমদার, আমেরিকান সেন্টারের পরিচালক লরেন এইচ লাভলেস, উপপরিচালক প্যাট্রিসিয়া হিল, গণমাধ্যম ও তথ্য শাখার প্রধান মেরিনা ইয়াসমিন এবং ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডমান এ সময় উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, উপসম্পাদক আনিসুল হক ও সাজ্জাদ শরিফ।মার্কিন দূতের সুপারিশ: মার্কিন দূত স্টিফেন র্যাপ বলেন, ‘১৯৭৩ সালের ওয়ারক্রাইম ট্রাইব্যুনালস আইনে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞা সুনির্দিষ্ট করে দেওয়া নেই। এটি সুনির্দিষ্ট করা থাকলে ভালো হতো।’ তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, আদালতে সেগুলো প্রমাণ করতে হবে। এ জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেসব মানদণ্ড আছে, সেগুলো অবশ্যই মেনে চলতে হবে। সবচেয়ে জরুরি হলো, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।র্যাপ বলেন, ‘আমি আদালতের প্রসিকিউটর, তদন্ত সংস্থার কর্মকর্তা, আইনমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তাঁদের সবাইকে আমার সুপারিশগুলো জানিয়েছি। তাঁরা সেগুলো সানন্দে গ্রহণ করেছেন। আমি আশা করি, বাংলাদেশের এই বিচার-প্রক্রিয়া সবার জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে।’হস্তক্ষেপ নয়, আন্তর্জাতিক সমর্থন দরকার: সেক্টর কমান্ডারস ফোরামের সমন্বয়ক সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ওসামা বিন লাদেনকে হত্যা করেছে। কারণ, তারা মনে করে বিন লাদেন সন্ত্রাসী। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে হত্যার আদেশ দিয়েছেন, এটা নির্বাহী আদেশ, প্রশাসনিক সিদ্ধান্ত। কোনো আদালতে তাঁর বিচারের সুযোগ হয়নি। হত্যার পর যুক্তরাষ্ট্র বলেছে, ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। গাদ্দাফির ছেলে ও নাতিকে হত্যা করা হয়েছে। সাদ্দামের কথা আমরা জানি। এমন শত উদাহরণ দেওয়া যাবে। যুক্তরাষ্ট্র কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েই হত্যা করেছে। কিন্তু বাংলাদেশ অভিযুক্তদের ন্যায়বিচার নিশ্চিত করবে। সেটা হবে স্বচ্ছ। আন্তর্জাতিক সম্প্রদায় উপস্থিত থেকে তা দেখতে পারবে, শুনতে পারবে। কিন্তু আমাদের আবেদন, আপনারা হস্তক্ষেপ করবেন না।’হারুন-অর-রশিদ বলেন, ‘যুদ্ধাপরাধের বিচারের জন্য আমাদের আন্তর্জাতিক সমর্থন দরকার, কিন্তু কারও হস্তক্ষেপ দরকার নেই। আমাদের অনুরোধ, আপনারা বাংলাদেশকে এই বিচার করার সুযোগ দিন। বাংলাদেশ ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে।’মফিদুল হক বলেন, ‘বিংশ শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা হয়েছে ১৯৭১ সালে। আমরা চাই, আন্তর্জাতিক সম্প্রদায় এই ঘটনার বিচার-প্রক্রিয়া পর্যবেক্ষক হিসেবে দেখতে আসুক।’ হুমায়ুন কবির বলেন, ‘এই বিচার-প্রক্রিয়া শেষ করার জন্য আমরা আন্তর্জাতিক সমর্থন চাই।’টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘নিরপেক্ষভাবে এই বিচার করার ক্ষমতা আমাদের আছে। আমাদের আন্তর্জাতিক সমর্থন লাগবে, কিন্তু সেটি যেন কোনোভাবে বিচারকাজকে বাধাগ্রস্ত না করে।’আবদুল হান্নান বলেন, ‘আমাদের জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। আবার আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনও লাগবে। কিন্তু আগে জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।’বিংশ শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা: হারুন-অর-রশিদ বলেন, স্বাধীনতা অর্জনের জন্য পৃথিবীর কোনো দেশকে ৩০ লাখ প্রাণ বিসর্জন দিতে হয়নি। এটি বিংশ শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা। একই মন্তব্য করেন কে এম সফিউল্লাহ।সাবের হোসেন চৌধুরী বলেন, একাত্তর সালে মানবতাবিরোধী যে অপরাধ হয়েছে, সেটি নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত নয়। এখন প্রশ্ন হলো, ন্যায়বিচার যেন নিশ্চিত হয় এবং দ্রুত যেন এই বিচারকাজ শেষ করা যায়। এই দুটোরই সমন্বয় করতে হবে। একটি বিষয় মনে রাখতে হবে, ইতিমধ্যে ৪০ বছর পার হয়ে গেছে। ভবিষ্যতে এই বিচার করা আরও কঠিন হবে।রাশেদা কে চৌধুরী বলেন, ১৯৭১ সালে যুদ্ধাপরাধ হয়েছে, সেটি মেনেই এই বিচারের কাজ শুরু হয়েছে। এ নিয়ে কারও কোনো প্রশ্ন থাকা উচিত নয়।বিচার করতেই হবে: অনুষ্ঠানে অংশ নেওয়া সব বক্তা একমত পোষণ করে বলেন, ১৯৭১ সালে যে অপরাধ হয়েছে, তার বিচারের অপেক্ষায় মুক্তিযোদ্ধাদের পরিবার ও স্বজন হারানো ব্যক্তিরা ৪০ বছর ধরে অপেক্ষা করছেন। নির্যাতিতদের বিচার পাওয়ার অধিকার রয়েছে। যত দেরি হবে, তত তাঁরা বঞ্চিত হবেন।কে এম সফিউল্লাহ বলেন, মুক্তিযুদ্ধের বিজয়ের মুহূর্তে ১৪ ও ১৫ ডিসেম্বর বাড়ি বাড়ি গিয়ে বুদ্ধিজীবীদের ধরে নিয়ে হত্যা করা হয়েছিল। যাঁরা এসব অপরাধ করেছিলেন, তাঁরা আজও বেঁচে আছেন। তাঁদের শাস্তি নিশ্চিত করতে হবে।মফিদুল হক বলেন, ‘যুদ্ধাপরাধের বিচারে আমাদের পুরো জাতির সমর্থন আছে। পেছন ফিরে দেখলে বলা যায়, ১৯৭০ সালের নির্বাচনে যে গণরায় ছিল, তা পদদলিত হয়েছিল বলেই একাত্তর হয়েছে। সেই একাত্তরের অপরাধীদের বিচারের জন্য ২০০৮ সালে আবার আমাদের জনগণ গণরায় দিয়েছে। আর যুদ্ধাপরাধীদের বিচারের এই দাবি এসেছে আমাদের নতুন প্রজন্ম থেকে, যারা একাত্তর দেখেনি। কিন্তু তারা চায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক।’মফিদুল হক বলেন, ‘এখন পাকিস্তানে যা ঘটছে, তা আমাদের এখানে ঘটেছিল ১৯৭১ সালে। পাকিস্তানের সেনাবাহিনী সে সময় সব নীতি-আদর্শ থেকে বের হয়ে এখানে গণহত্যা চালিয়েছে। এই কাজের জন্য পাকিস্তান সেনাবাহিনী বেসামরিক হন্তারক বাহিনী আলবদর গঠন করেছিল। এটা সামরিক রীতিনীতিরও পরিপন্থী। গণহত্যাকারী সেই আলবদরের লোকদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। ওই পাকিস্তান সেনাবাহিনীই আল-কায়েদার মতো আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে।’মফিদুল হক বলেন, একাত্তরে যে গণহত্যা হয়েছিল, সেটি আন্তর্জাতিক সম্প্রদায়ের যতটুকু স্বীকৃতি পাওয়ার কথা ছিল, ততটুকু পায়নি। কীভাবে একাত্তরে গণহত্যা হয়েছিল, কারা তাতে জড়িত ছিল, তা উঠে আসবে বিচারের সময়। কিন্তু কেন তারা এটা করেছে, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের জানা উচিত। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় এখন অভিযুক্ত ব্যক্তিদের অধিকারের বিষয়ে কথা বলছে। কিন্তু যারা নির্যাতিত হয়েছে, তাদেরও অধিকার আছে। সেটা মনে রাখা জরুরি। সে কারণেই আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে বলতে চাই, আপনারা আসুন, দেখুন। আমরা আপনাদের কাছে সব ধরনের সহযোগিতা চাই। সত্য প্রতিষ্ঠিত হোক।’ তিনি বলেন, ‘এই বিচার বাংলাদেশের জাতীয় বিষয়, কিন্তু এর আন্তর্জাতিক গুরুত্ব আছে। আমরা এই বিচারকে আন্তর্জাতিক পরিমণ্ডলে উদাহরণ হিসেবে দাঁড় করাতে চাই, যাতে বিশ্ববাসী বলতে পারে, আর কোনো গণহত্যা নয়।’রাশেদা কে চৌধুরী বলেন, লাখো নারী নির্যাতিত হয়েছেন। তাঁরা এখনো বিচারের অপেক্ষায় আছেন।ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘একাত্তর সালে যেভাবে গণহত্যা চালানো হয়েছিল, যেভাবে নারীদের ধর্ষণ করা হয়েছিল, সেটি এই শতাব্দীতে আর হয়নি। মানুষ হয়ে কোনো মানুষ এমন কাজ করতে পারে না। আমরা এই বিচারের জন্য বছরের পর বছর অপেক্ষা করে আছি।’প্রক্রিয়া হবে নিরপেক্ষ: মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী বলেন, এই সরকারকে তরুণ প্রজন্ম ভোট দিয়েছে যুদ্ধাপরাধের বিচারের জন্য। কিন্তু বিচারের প্রক্রিয়া পুরোপুরি নিরপেক্ষ এবং আন্তর্জাতিক সব আইন মেনেই করা হবে।হারুন-অর-রশিদ বলেন, বাংলাদেশই একমাত্র দেশ, যেখানে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত আসামিরা বিচার পাওয়ার জন্য সর্বোচ্চ আদালতেও যেতে পারছেন। কাজেই বিচার হবে নিরপেক্ষ। আবদুল হান্নান বলেন, নিরপেক্ষ বিচার করে জাতির আকাঙ্ক্ষা পূরণ করা হবে।মাহফুজ আনাম বলেন, ‘সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে আমরা বলতে পারি, ন্যায়বিচার নিশ্চিত করা হবে এবং সেটি আমরা পর্যবেক্ষণ করব।’সমাপনী বক্তব্যে র্যাপ বলেন, ‘১৯৭১ সালে মানবতার বিরুদ্ধে যে অপরাধ হয়েছে, সেটি নিয়ে কোনো সন্দেহ নেই। সবার সঙ্গে কথা বলে আমি সন্তুষ্ট। আমরা আশাবাদী, বাংলাদেশ এই বিচার করে সারা বিশ্বে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারবে।’