হস্তান্তরের পাঁচ দিনের মাথায় বিদ্যালয় ভবন নিলামে বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাগলারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি নবনির্মিত ভবন হস্তান্তরের পাঁচ দিনের মাথায় নিলামে বিক্রি করা হয়েছে। নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় কর্তৃপক্ষ ভবনটি গত ২৫ অক্টোবর বিক্রি করতে বাধ্য হয়েছে।এলাকাবাসী জানান, পাগলারহাট গ্রাম একটি ভাঙনকবলিত এলাকা। এটি তিস্তা নদীর তীরে অবস্থিত। নির্মাণের সময় ভবন থেকে তিস্তা নদী ১০০ গজ দূরে ছিল। এ সময় স্থানীয় লোকজন ভবন নির্মাণের কাজে বাধাও দিয়েছিল। কিন্তু উপজেলা প্রকৌশলী এলাকাবাসীর বাধা উপেক্ষা করে একজন ঠিকাদারকে দিয়ে নির্মাণকাজ শুরু করেন। এতে সরকারের বিপুল পরিমাণ টাকা গচ্চা গেছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সুন্দরগঞ্জ উপজেলা কার্যালয় ২০০৯ সালের ১১ অক্টোবর পাগলারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি একতলা ভবন নির্মাণের বিষয়ে দরপত্র আহ্বান করে। চলতি বছরের ১০ জানুয়ারি কার্যাদেশ দেওয়া হয়। এতে আসবাবসহ নির্মাণব্যয় ধরা হয় ২৩ লাখ ৩৪ হাজার টাকা। সংশ্লিষ্ট ঠিকাদার ২০ অক্টোবর ভবনটি এলজিইডির কাছে হস্তান্তর করেন। তড়িঘড়ি করে বিলও পরিশোধ করা হয়। গত কয়েক দিনে ভাঙতে ভাঙতে নদী অনেক ভেতরে চলে এসেছে। ইতিমধ্যে ভবনের নিচের কিছু অংশ বিলীন হয়ে গেছে। নদী এখন ভবন থেকে এক-দেড় হাত দূরে। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ২৫ অক্টোবর নিলাম ডেকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেনের কাছে এক লাখ ৮০ হাজার টাকায় ভবনটি বিক্রি করে দেয়।পাগলারহাট গ্রামের বাসিন্দা কলেজছাত্র জাহিদ হোসেন অভিযোগ করেন, নির্মাণের আগে বাধা দেওয়া হলেও এলজিইডি কর্তৃপক্ষ লুটপাটের জন্য ভবনটি নির্মাণ করে। এ কারণে একটি নতুন ভবন সামান্য টাকায় বিক্রি করতে হলো। এতে সরকারের বিপুল পরিমাণ টাকার অপচয় হয়েছে।সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নিলাম কমিটির সভাপতি শামছুল আজম বলেন, উপজেলা পরিষদের সিদ্ধান্ত ছাড়াই অপরিকল্পিতভাবে বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়। এমনকি ভবন নির্মাণে আপত্তি জানিয়ে এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানুয়ারি মাসে চিঠি দিয়েও কোনো কাজ হয়নি। নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় ৩ নভেম্বর ভবনটি নিলামে বিক্রি করা হয়েছে। এ পর্যন্ত ভবনের ৫ শতাংশ ভাঙা শেষ হয়ে গেছে। উপজেলা প্রকৌশলী ও উপজেলা নিলাম কমিটির সদস্যসচিব আনোয়ারুল হক লুটপাটের অভিযোগ অস্বীকার করে বলেন, যে সময় ভবনটি নির্মাণ করা হয়, তখন নদী অনেক দূরে ছিল। তিনি আরও জানান, ভবন নির্মাণ বন্ধের ব্যাপারে উপজেলা পরিষদের সিদ্ধান্তের বিষয়টি তিনি জানতেন না। বিদ্যালয় ভবন নির্মাণের সময় এলাকাবাসী বাধা দেননি।