হা পানি! হা বিদ্যুৎ! হা গ্যাস!
গরম পড়লেই নগরে বিদ্যুতের লোডশেডিং অসহনীয় হয়ে পড়ে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে পানিসংকট। অন্যদিকে একসময় শুধু শীতকালে চুলায় গ্যাসস্বল্পতা থাকত। অথচ এখন ১২ মাসই গ্যাসসংকট থাকছে।ঢাকা ওয়াসার (পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ) ফার্মগেট পানির পাম্পে প্রতিরাতেই পানির জন্য মানুষের সারি দেখা যায়। রাত ১০টা থেকে ১২টা, এ সময়ই ভিড় সবচেয়ে বেশি থাকে। কোত্থেকে পানি নিতে এসেছেন? এমন প্রশ্নে একজন জানালেন, তিনি এসেছেন গ্রিনরোড এলাকা থেকে। গরম পড়লেই রাজাবাজার, গ্রিনরোড, পশ্চিম তেজতুরী বাজার, পান্থপথ এলাকায় পানিসংকট চরম আকার ধারণ করে। যখন ঢাকা ওয়াসার লাইনে পানি থাকে, তখনো পানির জন্য তাদের ফার্মগেট পানির পাম্পে আসতে হয়। কারণ বাসার পানিতে দুর্গন্ধ। ওই পানি দিয়ে কোনো রকম গোসল সারেন, কাপড়চোপড় ধোন—খাওয়া কিংবা রান্নার কাজে তা ব্যবহার করা যায় না।উত্তর যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর, নারিন্দা এলাকায় বেশির ভাগ সময়ই চুলায় গ্যাস থাকে না। তাই অনেকেই একই সময়ে দুই বেলার রান্না করে রাখেন। অনেকে মাটির চুলা কিংবা কেরোসিনের স্টোভে রান্না সারছেন। এ বিষয়ে উত্তর যাত্রাবাড়ীর (বাড়ি-৯৪) বাসিন্দা রাবেয়া বেগম জানান, তাঁদের এলাকায় সকাল আটটা থেকে দুপুর পর্যন্ত চুলায় গ্যাস থাকে না। তাই তিনি মাটির চুলা বানিয়ে নিয়েছেন। সিঁড়িতে বসে সেই চুলায় রান্না করেন। এতে তাঁর জ্বালানি খরচ বেড়েছে। কারণ একদিকে মাসে মাসে গ্যাস বিল দিতে হচ্ছে, আবার খড়িও কেনা লাগছে।এদিকে নগরের নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। তাই নতুন বাড়ি করেও অনেকে গ্যাসের অভাবে তাতে উঠতে পারছেন না।অনেকে আবার নতুন ফ্ল্যাটে উঠে সিলিন্ডার গ্যাস দিয়ে চুলা জ্বালাচ্ছেন।নগরের অভিজাত-অনভিজাত সব এলাকায় পানির সংকট রয়েছে। গুলশান এভিনিউয়ের বেশ কয়েকটি সড়কে তিন-চার মাস ধরে ঢাকা ওয়াসার লাইন থেকে বাসার ট্যাংকিতে পানি আসছে না। তাই ওয়াসার গাড়ি এসে ওই এলাকায় পানি দিয়ে যায়। তবে সেই পানি পেতে আবার এলাকাবাসীকে নানা চেষ্টা-তদবির করতে হয়।ঢাকা ওয়াসা থেকে এক গাড়ি পানি পেতে সরকারের অনেক ওপর পর্যায়ে তদবির করতে হয়েছে বলে জানালেন উত্তরা মডেলটাউনের ৪ নম্বর সেক্টরের একজন বাসিন্দা।দেশজুড়েই বিদ্যুৎসংকট। তাই একে ‘জাতীয় সংকট’ হিসেবে খানিকটা মেনে নেয় নগরবাসী। তবে রমজান মাসে ইফতার আর সেহিরর সময় লোডশেডিং মেনে নিতে চান না কেউ। বিদ্যুতের ঘাটতি থাকায় ঠিকই লোডশেডিং করতে হচ্ছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) লিমিটেড ও ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি (ডেসকো) লিমিটেডকে।খোঁজ নিয়েজানা গেছে, ঢাকা মহানগরের শহরতলিতেই লোডশেডিংটা বেশি হচ্ছে। এ বিষয়ে মাতুয়াইলের কোনাপাড়ার বাসিন্দা কায়সার হামিদ বললেন, ‘শহরতলীতে থাকি বলে আমরা অবহেলার শিকার। বিদ্যুৎ আমাদের এখানে যায়না।মাঝেমধ্যে আসে। অনেক বছর ধরেই গরমের সময় এ অবস্থা চলছে।’ এদিকে রমজান মাসে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ডেসকো।গত সপ্তাহের পুরোটাই ছিল প্রচণ্ড গরম। এই গরমকেই বিদ্যুতের লোডশেডিং বাড়ার কারণ হিসেবে দেখিয়েছে ডিপিডিসি ও ডেসকো। আবার ঢাকা ওয়াসা পানির সংকটে অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছে বিদ্যুতের অভাবকে। সপ্তাহ শেষে শুক্রবার দিনভর বৃষ্টি হয়। বৃষ্টি স্বস্তি হয়ে দাঁড়ায় সবার জন্য। বিদ্যুৎ ও পানিসংকট কিছুটা কমে আসে।কেবলশীতকালে পানি-বিদ্যুৎ নিয়ে নগরবাসীর অভিযোগ কমে যায়। পানি-বিদ্যুতের চাহিদা কমে বলে বৃষ্টিতেও স্বস্তি পায় ঢাকা ওয়াসা, ডিপিডিসি ও ডেসকো। তাল পাকা গরমের আশঙ্কা নিয়ে সামনে আসছে ভাদ্র মাস। আবারও বিদ্যুতের লোডশেডিং ও পানির অভাবে পড়তে হবে নগরবাসীকে? চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে জোগান বাড়ানোর বদলে নগরের সেবাসংস্থাগুলো আর কতকাল আবহাওয়ার দিকে তাকিয়ে থাকবে? এমন প্রশ্ন নগরবাসীর।