হা-মীম কারখানায় পলেস্তরা খসে পড়ায় আতঙ্ক, হুড়াহুড়িতে আহত ২০
ছাদের পলেস্তরা খসে পড়ায় আতঙ্কিত হয়ে হুড়াহুড়ি করে নামার সময় আশুলিয়ার নরসিংহপুরে হা-মীম গ্রুপের পোশাক কারখানার ২০ নারীশ্রমিক আহত হয়েছেন। এঁদের মধ্যে ১৮ জনকে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে এবং দুজনকে খলিল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকাল আটটায় কাজে যোগ দেওয়ার আধঘণ্টা পর এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানান, আজ সকালে কাজ শুরু করেন ওই কারখানার শ্রমিকেরা। কাজ শুরুর আধঘণ্টা পর কারখানায় নয়তলায় কর্মরত শ্রমিকদের ওপর ছাদ থেকে পলেস্তরা খসে পড়ে। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। শ্রমিকেরা হুড়াহুড়ি করে সেখান থেকে নামার চেষ্টা করেন। এতে পুরো ভবনটিতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তাঁরা একযোগে কারখানা থেকে বেরিয়ে আসেন। পরে শ্রকিকেরা ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। নয়তলায় কর্মরত সুইং অপারেটর আলামিন জানান, আধঘণ্টা কাজ করার পর প্রচণ্ড শব্দ হয় এবং কিছু একটা মাথার ওপর ভেঙে পড়ে। এর পরই পেছন দিক থেকে শ্রমিকেরা সামনের গেটের দিকে ছুটতে থাকে। তার পরই পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।ছয়তলায় কর্মরত মেশিন অপারেটর দুলালী বেগম বলেন, ‘আমরা প্রথমে শুনেছিলাম ছাদ ভেঙে পড়েছে। এ কারণে হুড়াহুড়ি করে বের হয়ে পড়ি।’হা-মীম গ্রুপের পরিচালক (উত্পাদন) মেজর (অব.) সুনিল সরকার জানান, ১০ ও ১১তলায় সংস্কারের কাজ চলছে। সেখানে হয়তো কোনো কারণে শব্দের সৃষ্টি হতে পারে। এ কারণেই শ্রমিকেরা আতঙ্কগ্রস্ত হয়ে কারখানা থেকে বের হয়ে পড়ে। তবে আজকের এই ঘটনা কোনো ইন্ধনদ্বাতাও থাকতে পারে বলে তিনি আশঙ্কা করেন।এদিকে দুপুর ১২টা নাগাদ অনেক শ্রমিক কাজে যোগ দিয়েছেন এবং কেউ কেউ যোগ দেননি বলে কারখানা সূত্রে জানা গেছে।