সরকারি তদন্ত কমিটির প্রতিবেদন
হা-মীম গ্রুপের পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ‘নাশকতা’ হতে পারে
সাভারের আশুলিয়ায় হা-মীম গ্রুপের দ্যাটস ইট স্পোর্টস ওয়্যার নামের পোশাকশিল্প কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ‘নাশকতামূলক’ হতে পারে বলে মনে করে সরকার গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। তদন্ত কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, প্রতিবেদনে বলা হয়েছে, ওই কারখানায় অগ্নিনির্বাপণব্যবস্থা পর্যাপ্ত ছিল না, যদিও অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের কোনো অবহেলা ছিল না। এই প্রতিবেদন আজ বুধবার স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদারের কাছে জমা দেওয়া হবে। প্রসঙ্গত, গত বছরের ১৪ ডিসেম্বর আশুলিয়ার নরসিংহপুরে অবস্থিত ওই পোশাক কারখানায় আগুন লাগে। এতে ২৯ জন নিহত ও ১১ জন আহত হন। এ ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরীকে আহ্বায়ক করে ওই কমিটি গঠিত হয়।জানতে চাইলে ইকবাল খান চৌধুরী গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে বুধবার স্বরাষ্ট্রসচিবের কাছে জমা দেওয়ার পর এ বিষয়ে মন্তব্য করা হবে। তদন্তের ধরন বিষয়ে তিনি বলেন, তদন্ত কমিটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন, কারখানা, গুদাম সরেজমিন পরিদর্শন; মালামাল পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা; স্থিরচিত্র, ভিডিওচিত্র ধারণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ ও প্রত্যক্ষদর্শীদের লিখিত জবানবন্দি নিয়ে এ প্রতিবেদন তৈরি করেছে।অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি: সূত্র জানায়, হা-মীম গ্রুপসহ সংগৃহীত তথ্যের ভিত্তিতে ওই আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৮০ কোটি ১৩ লাখ আট হাজার ২১১ টাকা।তদন্ত কমিটির অনুসন্ধান: সূত্র জানায়, প্রতিবেদনে বলা হয়েছে, কারখানার অনেকেই বলেছেন, ১০ নম্বর ফ্লোরের দক্ষিণ পাশের দেয়ালের মাঝ বরাবর রক্ষিত ইলেকট্রিক সুইচবোর্ড থেকে সৃষ্ট শর্টসার্কিটের ফলে আগুনের সূত্রপাত হয়েছে। কিন্তু তদন্তের সময় কমিটি দশম তলার বৈদ্যুতিক মেইন সুইচবোর্ড অক্ষত অবস্থায় পেয়েছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লাগার আশঙ্কা নেই বললেই চলে। দশম তলার যে স্থানে আগুনের সূত্রপাত হয়েছে, সে স্থানটি ছিল খুব সুরক্ষিত ও নিরাপদ। তাই সেখানে ধূমপান করার কোনো অবকাশ নেই। প্রতিবেদনে বলা হয়েছে, জবানবন্দি গ্রহণকালে জানা যায়, হা-মীম গ্রুপের সব পোশাক কারখানায় প্রতি মাসে বেতন ৫ থেকে ৭ তারিখের মধ্যে পরিশোধ করা হয় এবং সরকার-ঘোষিত জাতীয় বেতনস্কেলে তাঁদের বেতন-ভাতা দেওয়া হয়। মালিকের সঙ্গে শ্রমিকদের সম্পর্কও ভালো। তাই সংশ্লিষ্ট কারখানায় শ্রমিক অসন্তোষ হওয়ার সম্ভাবনা কম। কারণ অনুসন্ধানমূলক আলোচনায় জানা যায়, সংশ্লিষ্ট ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট, ধূমপান ও শ্রম অসন্তোষের কারণে কোনো আগুন লেগেছে বলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। অন্যদিকে সিআইডির প্রতিবেদনে ছোয়াব, ছাই, কাচের অংশবিশেষ, পোড়া কাপড়, প্লাস্টিকের টুকরায় দাহ্য পদার্থের কোনো উপাদান পাওয়া না গেলেও প্রত্যক্ষদর্শী সাক্ষীদের পর্যালোচনায় দেখা যায়, দশম তলার দক্ষিণ পাশের কার্টন স্টোরে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং অতি অল্প সময়ে দ্রুত পুরো স্টোরে ছড়িয়ে পড়ে। আগুন অতি অল্প সময়ে অস্বাভাবিকভাবে অতি দ্রুত বিস্তার লাভ করায় এবং আগুনের বিস্তৃতির ধরন পর্যালোচনায় নাশকতামূলক হতে পারে বলে অনুমিত হয়।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মন্তব্য: প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তাদের প্রতিবেদনে জানায়, ওই কারখানার ১০ ও ১১ তলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সন্তোষজনক ছিল। তবে আগুনের সূত্রপাত নির্দিষ্ট কোথা হতে এবং আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। ‘বৈদ্যুতিক গোলযোগ’ থেকে আগুন লাগার সম্ভাবনা নেই।ফায়ার সার্ভিস: প্রতিবেদনে বলা হয়েছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের তদন্ত কমিটি ক্ষতিগ্রস্ত কারখানার অগ্নিকাণ্ডের বিষয়টি সঠিক পর্যালোচনা ও আলামত পরীক্ষা-নিরীক্ষা এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে পারেনি।হা-মীম গ্রুপের মন্তব্য: তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, হা-মীম গ্রুপের কর্মকর্তাদের মতে, ভবনের দশম তলায় কোনো তেলজাতীয় পদার্থ বা গানপাউডার বা অন্য ধরনের রাসায়নিক পদার্থের অস্তিত্ব পাওয়া যায়নি। তাঁরা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।সুপারিশ: সূত্র জানায়, প্রতিবেদনে তদন্ত কমিটি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে ১৩ দফা সুপারিশ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: বিল্ডিং কোড, অগ্নিপ্রতিরোধ ও নির্বাপণ আইন এবং বিস্ফোরক আইন, শ্রম আইন, পরিবেশ আইনসহ অন্যান্য আইন যথাযথভাবে মেনে চলা। এ ছাড়া সব কারখানা ভবনে বিশেষ করে, বহুতলবিশিষ্ট পোশাক কারখানায় কর্মরত কর্মকর্তা ও কর্মীদের অগ্নিকাণ্ড সম্পর্কে প্রশিক্ষণ, বহুতলবিশিষ্ট কারখানা ভবনের ছাদে টিনশেড নির্মাণ না করা, প্রতিটি কারখানা ভবনে প্রশিক্ষিত অগ্নিনির্বাপণ ও উদ্ধারকর্মী রাখা, কারখানা ভবনের সব তলার সব ফটক কারখানা খোলা ও বিরতির সময় সার্বক্ষণিক খোলা রাখা নিশ্চিত করা, কোনো কারখানা ভবনে কার্যক্রম শুরুর আগে লাইসেন্স নেওয়া, শিল্পঘন এলাকা বিশেষ করে, সাভার, আশুলিয়া, গাজীপুর চৌরাস্তা, কাঁচপুর, ফতুল্লা, কালুরঘাট ইত্যাদি এলাকায় আধুনিক সরঞ্জামাদিসহ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা এবং যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ভবনের অনুমোদিত নকশা সংরক্ষণ করা।তদন্ত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে তিনি মন্তব্য করবেন।