হাঁচি দিলেও আদালত অবমাননা হলে দেশ চলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী রফিক-উল হক বলেছেন, ‘আদালত সেভাবে বিহ্যাব (ব্যবহার) করুক, আমরা সম্মানহানি করব না। এখন যদি হাঁচি দিলেও আদালত অবমাননা হয়, তাহলে তো দেশ চলবে না।’ তিনি বলেন, মান কতটুকু শক্ত, তার ওপরই নির্ভর করে মানহানি। ঠুনকো মান হলে তো পদে পদে মানহানি হয়ে যাবে।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এনার্জি সল্যুশন অব বাংলাদেশ আয়োজিত ‘আদালতের মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা: বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় রফিক-উল হক এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে এতে ভাষাসৈনিক আবদুল মতিন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব উল্লাহ, সাংবাদিক আতাউস সামাদ, নিউজ টুডে পত্রিকার সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক মাহফুজ উল্লাহ।আলোচনায় অংশ নিয়ে প্রবীণ আইনজীবী রফিক-উল হক একজন বিদেশির সঙ্গে দেশের বর্তমান অবস্থা জানানোর অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, ‘দেশে এখন সত্যি কথা বললে জেল হয়, মিথ্যে কথা বললেই নিরাপদ। এই হচ্ছে অবস্থা!’ আমার দেশ-এর সাংবাদিক অলিউল্লাহ নোমানের বিরুদ্ধে রায় হয়েছে গত ১৯ আগস্ট। এরই মধ্যে তিনি সাজা ভোগ করে বেরিয়েও এসেছেন। অথচ আজও ওই রায় লেখা হয়নি। যে বিচারপতিরা এই রায় দিয়েছেন, তাঁদের একজন অভিমান করে ছুটিতে গেছেন, একজন চিরতরে অবসরে গেছেন। কিন্তু রায় আর লিখে যাননি। এ জন্যই বলা যায়, মান কতটুকু শক্ত তার ওপরই মানহানি হবে।প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের গত বৃহস্পতিবারের একটি বক্তব্যের উল্লেখ করে রফিক-উল হক বলেন, ‘চেম্বার জজ মামলা স্থগিত করবেন, এ কথা প্রধান বিচারপতি গতকালই বলেছেন। তাহলে মাহমুদুর রহমান দোষ করেছেন কোথায়? তাই বলব, আগামী ১১ তারিখে মামলাটি রিভিউ করবেন, তখন বিষয়টি বিবেচনা করবেন। নিজেদের আর মানুষের সামনে অপদস্ত করবেন না।’ তিনি বলেন, প্রধান বিচারপতি গণতন্ত্র ও আইনের শাসনের কথা বলেছেন। তবে এ জন্য এখন হাঁটলে চলবে না, রীতিমতো দৌড়াতে হবে।খন্দকার মাহবুব হোসেন বলেন, আদালতকে অবশ্যই সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে। তবে আদালতকেও সেভাবে চলতে হবে। যদি আদালতের ওপর থেকে মানুষের আস্থা হারিয়ে যায়, তখন ভয়াবহ অবস্থা হবে। তিনি বলেন, গণতন্ত্র রক্ষার জন্যই আদালতের ভাবমূর্তি রক্ষা করতে হবে। আদালত না থাকলে গণতন্ত্র থাকবে না। আর স্বাধীন সংবাদমাধ্যম না থাকলে গণতান্ত্রিক অগ্রযাত্রাও চলতে পারবে না।অনুষ্ঠানের সভাপতি এমাজউদ্দীন আহমদ বলেন, ‘রাষ্ট্রের শাসনব্যবস্থায় গণতন্ত্র অপরিহার্য। আদালতের মর্যাদা রক্ষা প্রতিটি নাগরিকের কর্তব্য। তবে আদালত অবমাননার কার্যক্রম পরিচালনার মাধ্যমে আদালতের মর্যাদা রক্ষা করা সম্ভব নয়। আদালতে কী হচ্ছে, তা জানার ব্যবস্থা সংবাদমাধ্যমের থাকা উচিত। তা না হলে গণতন্ত্র কখনোই সুদৃঢ় হবে না।’আলোচনার শেষ পর্যায়ে ভাষাসৈনিক আবদুল মতিন বলেন, বক্তাদের সব মন্তব্যের সঙ্গে তিনি একমত নন। তবে দেশের সামগ্রিক সংকট নিরসনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়েই সংগ্রাম করতে হবে। মূল প্রবন্ধে সাংবাদিক মাহফুজ উল্লাহ বলেন, আদালতে বিচারকদের অভিমত এবং রায় প্রকাশের সার্বিক দিকগুলো গণমাধ্যমে প্রকাশের জন্য আদালতে একজন তথ্য কর্মকর্তা নিয়োগ করা প্রয়োজন। একই সঙ্গে আদালতের রায় প্রকাশের ভাষা পদ্ধতিও পরিবর্তন করা প্রয়োজন, যাতে তা সাধারণ মানুষের কাছে বোধগম্য হয়।মাহবুব উল্লাহ বলেন, ‘নিম্ন আদালতে সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে, জামিনের ব্যবসা। এতে কোনো পড়াশোনা করতে হয় না। শুধু একটু লেনদেনের ব্যাপার। এতে ন্যায়বিচার ও বিচারকের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। এ জন্য আমরা ভালো সংবাদপত্র চাই।’সাংবাদিক আতাউস সামাদ অ্যাটর্নি জেনারেলকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে বলেন, ‘মিথ্যা কথাকে যে আদালত আমল দেয়, সেই আদালতকে মর্যাদা দেব কীভাবে?’ তিনি সংবাদপত্রের স্বাধীনতা লোপ পেতে যাচ্ছে উল্লেখ করে বলেন, এ জন্য সংবাদপত্রের অনৈক্যই দায়ী।