হাঁচি দিলেও আদালত অবমাননা হলে দেশ চলবে না : রফিক-উল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী রফিক-উল হক বলেছেন, ‘আদালত সেভাবে বিহ্যাব (ব্যবহার) করুক, আমরা সম্মানহানি করব না। এখন যদি হাঁচি দিলেও আদালত অবমাননা হয়, তাহলে তো দেশ চলবে না।’ তিনি বলেন, মান কতটুকু শক্ত তার ওপরই নির্ভর করে মানহানি। ঠুনকো মান হলে তো পদে পদে মানহানি হয়ে যাবে।আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এনার্জি সল্যুশন অব বাংলাদেশ আয়োজিত ‘আদালতের মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা: বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় রফিক-উল হক এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে এতে ভাষাসৈনিক আবদুল মতিন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব উল্লাহ, সাংবাদিক আতাউস সামাদ, নিউজ টুডে পত্রিকার সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক মাহফুজ উল্লাহ।আলোচনায় অংশ নিয়ে প্রবীণ আইনজীবী রফিক-উল হক একজন বিদেশির সঙ্গে দেশের বর্তমান অবস্থা জানানোর অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, দেশে এখন সত্যি কথা বললে জেল হয়, মিথ্যে কথা বললেই নিরাপদ। এই হচ্ছে অবস্থা! আমার দেশের সাংবাদিক অলিউল্লাহ নোমানের বিরুদ্ধে রায় হয়েছে গত ১৯ আগস্ট। এরই মধ্যে তিনি সাজা ভোগ করে বেরিয়েও এসেছেন। অথচ আজও ওই রায় লেখা হয়নি। যে বিচারপতিরা এই রায় দিয়েছেন, তাঁদের একজন অভিমান করে ছুটিতে গেছেন, একজন চিরতরে অবসরে গেছেন। কিন্তু রায় আর লিখে যাননি। এ জন্যই বলা যায়, মান কতটুকু শক্ত তার ওপরই মানহানি হবে।খন্দকার মাহবুব হোসেন বলেন, আদালতকে অবশ্যই সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে। তবে আদালতকেও সেভাবে চলতে হবে। যদি আদালতের ওপর থেকে মানুষের আস্থা হারিয়ে যায়, তখন ভয়াবহ অবস্থা হবে। অনুষ্ঠানের সভাপতি এমাজউদ্দীন আহমদ বলেন, ‘রাষ্ট্রের শাসনব্যবস্থায় গণতন্ত্র অপরিহার্য। আদালতের মর্যাদা রক্ষা প্রতিটি নাগরিকের কর্তব্য। তবে আদালত অবমাননার কার্যক্রম পরিচালনার মাধ্যমে আদালতের মর্যাদা রক্ষা করা সম্ভব নয়। আদালতে কী হচ্ছে, তা জানার ব্যবস্থা সংবাদমাধ্যমের থাকা উচিত। তা না হলে গণতন্ত্র কখনোই সুদৃঢ় হবে না।’আলোচনার শেষ পর্যায়ে ভাষাসৈনিক আবদুল মতিন বলেন, বক্তাদের সব মন্তব্যের সঙ্গে তিনি একমত নন। তবে দেশের সামগ্রিক সংকট নিরসনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়েই সংগ্রাম করতে হবে। সাংবাদিক আতাউস সামাদ অ্যাটর্নি জেনারেলকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে বলেন, ‘মিথ্যা কথাকে যে আদালত আমল দেয়, সেই আদালতকে মর্যাদা দেব কীভাবে?’ তিনি সংবাদপত্রের স্বাধীনতা লোপ পেতে যাচ্ছে উল্লেখ করে বলেন, এ জন্য সংবাদপত্রের অনৈক্যই দায়ী।