হাঁস-ই হাসাল মাহাবুবকে
মাহাবুবের এগিয়ে যাওয়ার কাহিনী গল্পের মতো, তবে গল্প নয়। পরিবারের অসচ্ছলতার কারণে অষ্টম শ্রেণী পাসের পর আয়ের পথ খুঁজতে ১০ বছর আগে মাহাবুব বাড়ি ছাড়েন। চলে যান ঢাকার সাভারে। সেখানে গার্মেন্টসে চাকরি নেন। চাকরি করার সময় সেখানে এক বাড়ির ছাদে মুরগি পালন দেখে আগ্রহ জাগে তাঁর। চাকরি ছেড়ে ফিরে আসেন বাড়িতে। নিজেদের ২৪ শতক জমির ওপর একটি মুরগির শেড তৈরি করে ২০০ ব্রয়লারের বাচ্চা পালন শুরু করেন। বছর ঘুরতেই তাঁর খামারে মুরগির সংখ্যা দাঁড়ায় এক হাজার। দিন যায় আর মুরগি পালনে তাঁর আয়ও তত বাড়ে। কিন্তু আকস্মিকভাবে খামারে থাকা প্রায় পাঁচ হাজার মুরগি রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এতে ক্ষতি হয় প্রায় ১০ লাখ টাকা। গত ১০ নভেম্বর পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের বাড়িতে গেলে মাহাবুব এভাবেই তাঁর মুরগি পালনের করুণ কাহিনী শোনান। এরপর তিনি হাঁস পালন করে তার ভাগ্য ফেরার কথা শোনান। মাহাবুব বলেন, ‘সব হারিয়ে যখন আমি উদ্ভ্রান্ত, তখন একদিন ভোরে প্রতিবেশী নুরু মল্লিকের আসের (হাঁসের) ডাক শুনে চিন্তায় টান পড়ে। ভাবলাম সবই তো গেল, দেখি আস পালন করে কী হয়। এরপর নুরু মল্লিকের পরামর্শে খুলনা থেকে এক হাজার খাকি ক্যাম্বেল জাতের আস কিনে এনে শুরু করি নতুন সংগ্রাম। এ আসের ১২ হাজার টাকা ঋণের মধ্যে তিন হাজার টাকা আমি তখন শোধ করেছি।’ মাহাবুব জানান, তিন থেকে চার মাসের মধ্যেই হাঁসগুলো ডিম দেওয়া শুরু করে। মাহাবুব বলেন, ‘এহন মোর দুই হাজার ৪০০ আস (হাঁস) আছে। আস পালন ও চিকিত্সার বিষয়টি একটু ব্যতিক্রম। আসের বাচ্চাকে এক মাস ধানের কুঁড়া, গমের ভুষি ও কচু শাক হেদ্ধ (সিদ্ধ) করে খাওয়াই। এরপর আসগুলো ঘুইড়া আদার (খাবার) খায়। নিজস্ব চিন্তায় অন্যান্য খাবারের সঙ্গে বাগান থেকে ছোট কচুর ডাটা এনে হেদ্ধ করে দিই।’তিনি জানান, দেনা যা ছিল শোধ করেছি। এখন তাঁর ইচ্ছা, খামারের পরিধি আরও বড় করার। তাঁর খামারে তিনজন লোক কাজ করে। কোনো ডাক্তারি ওষুধ হাঁসকে খাওয়ান না।