হাঁস-মুরগি বেচে সাভারে গেছেন রেশমার মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধসে পড়ার ১৭ দিন পর সাভারের রানা প্লাজা থেকে উদ্ধার হওয়া পোশাকশ্রমিক রেশমা বেগমের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের কশিগাড়ী গ্রামে। বাবার নাম মৃত আনসার আলী। দুই ভাই ও তিন বোনের মধ্যে রেশমা সবার ছোট।গতকাল শুক্রবার রাতে তাঁদের বাড়িতে গিয়ে পাওয়া যায় রেশমার সৎ বাবা আরজন আলী ও ফুফাতো ভাই হাফেজ মো. শফিউল আলমকে। আরজন আলী জানান, ১৭ দিন আগে রানা প্লাজা ধসে যাওয়ার খবর পেয়ে পরিবারের সবাই দিশেহারা হয়ে পড়েন। ঢাকায় যাওয়ার টাকা নেই। পরে বাড়ির হাঁস-মুরগি বিক্রি করে সাত দিন আগে রেশমার মা যোবেদা খাতুন একা চলে যান সাভারে। দুই দিন পর খবর আসে, আসমা ভালো আছেন। কিন্তু রেশমার কোনো খবর নেই। এর পর থেকে উৎকণ্ঠায় তাঁদের দিন কাটছিল।রেশমারা দুই ভাই ও তিন বোন। আরজন আলী জানান, রেশমার দুই ভাইয়ের মধ্যে জাহিদুল ইসলাম ঘোড়াঘাট বাজারে ভাঙারি মালের দোকান করেন। আর সাদেক আলী ঢাকায় রিকশা চালান। বড় বোন আসমার বিয়ে হয়েছে। স্বামীসহ সাভারেই থাকেন। মেজো বোন ফাতেমারও বিয়ে হয়েছে। আসমা চার বছর আগে রেশমাকে সাভারে নিয়ে যান। সেখানে এক পোশাকশ্রমিকের সঙ্গে তাঁর বিয়েও হয়। কিন্তু বনিবনা না হওয়ায় তাঁদের ছাড়াছাড়ি হয়। তার পর থেকে রেশমা বড় বোন আসমার সঙ্গেই থাকতেন।এলাকার বাসিন্দারা জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভ রহমান চৌধুরীর কাছে তাঁরা প্রথম রেশমাকে উদ্ধারের সংবাদ পান।