প্রস্তাব নিয়ে ভাবছে বাংলাদেশ
হাইকমিশন ও উড়োজাহাজের নিরাপত্তায় নিজস্ব বাহিনী বসাতে চায় ভারত
জঙ্গি হামলার আশঙ্কায় ভারতীয় হাইকমিশনে ‘এসএসবি’ ও উড়োজাহাজে ‘স্কাই মার্শাল’ মোতায়েনের প্রস্তাবে ইতিবাচক সাড়া দেওয়ার কথা ভাবছে সরকার। এ ব্যাপারে সরকারের শীর্ষ পর্যায় থেকে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং ভারতের বিভিন্ন স্থাপনা ও উড়োজাহাজে জঙ্গিরা নাশকতামূলক তৎপরতা চালাতে পারে—গোয়েন্দা সূত্রের এমন তথ্যের ভিত্তিতে সাম্প্রতিক সময়ে ভারত নিজস্ব উদ্যোগে নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার কথা ভাবছে। এ ব্যাপারে অনুমতি চেয়ে বাংলাদেশের কাছে চিঠি লিখেছে ভারতীয় কর্তৃপক্ষ।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছরের শেষের দিকে হাইকমিশনের জন্য বিশেষ নিরাপত্তা দল পাঠানো এবং এ বছরের জানুয়ারিতে স্কাই মার্শাল (উড্ডয়নকালে উড়োজাহাজে অস্ত্রধারী বিশেষ নিরাপত্তারক্ষী) মোতায়েনের ব্যাপারে বাংলাদেশকে চিঠি দেয় ভারত।জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক প্রথম আলোকে বলেন, ‘দূতাবাসের অভ্যন্তরের নিরাপত্তা আমরা দিই না, দূতাবাসের নিরাপত্তা তারা নিজেরাই করে। আমাদের দেশের মানুষের নিরাপত্তা আমরা দিই। ভারতীয় হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একটি প্রস্তাব এসেছে। সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এলে আমরা বিবেচনা করব।’সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দূতাবাসে নিজস্ব নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্কাই মার্শাল নিয়োগের বিষয়ে আলোচনার জন্য এ সপ্তাহে ভারতের বিশেষায়িত নিরাপত্তা বাহিনী ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) একটি প্রতিনিধিদলের ঢাকা আসার কথা রয়েছে। স্কাই মার্শাল হিসেবে এনএসজির সদস্যদের মোতায়েন করা হবে। বিশেষ পরিস্থিতিতে সব ধরনের সন্ত্রাসবাদ দমনে কাজ করে ভারতীয় এই বাহিনী। এদিকে স্কাই মার্শাল মোতায়েনসংক্রান্ত বিষয়ে আগামী সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় সভা হওয়ার কথা রয়েছে।ভারতের প্রস্তাবে সাড়া দিয়ে স্কাই মার্শাল মোতায়েনে সম্মতি জানানো হবে কি না—জানতে চাইলে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী সরাসরি কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চূড়ান্ত মতামত দেবে উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্বের যেকোনো আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার ব্যাপারে একটি বিশ্বমান বজায় রাখার বাধ্যবাধকতা রয়েছে। আমরা আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থার (আইকাও) নিরাপত্তা-বিধি মেনে বিমানবন্দরগুলোকে সম্পূর্ণ নিরাপদ করতে চাই।’প্রসঙ্গত, আইকাও নিয়মানুযায়ী সংস্থাভুক্ত দেশগুলোয় উড়োজাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে স্কাই মার্শাল নিয়োগ করবে। সংস্থার সদস্য হিসেবে ভারতের প্রস্তাবে সাড়া দিতে বাংলাদেশের কোনো বাধা নেই।জানা গেছে, এ বছরের জানুয়ারিতে স্কাই মার্শাল নিয়োগের বিষয়টি উল্লেখ করে বাংলাদেশের কাছে প্রস্তাব পাঠায় ভারত। স্কাই মার্শাল উড়োজাহাজের বিশেষ একটি জায়গায় অবস্থান করে বিমান ছিনতাই কিংবা সম্ভাব্য নাশকতামূলক তৎপরতা ঠেকাতে প্রস্তুত থাকে। নিয়মানুযায়ী স্কাই মার্শালকে বিমান উড্ডয়নের আগে ও গন্তব্যে পৌঁছানোর পর শুল্ক ও আবগারি কর্তৃপক্ষের কাছে অস্ত্র জমা দিতে হবে।গত জানুয়ারিতে ভারত নেপালের কাছেও স্কাই মার্শাল নিয়োগের অনুরোধ জানিয়ে চিঠি দেয়। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল থাকায় এখনো ভারতকে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি নেপাল। হাইকমিশনের নিরাপত্তায় বিশেষ বাহিনী: নিজস্ব উদ্যোগে ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করতে ৭ এপ্রিল বাংলাদেশ সরকারকে চিঠি লেখে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্রগুলোর তথ্য অনুযায়ী ঢাকায় ভারতীয় হাইকমিশন ও অন্য ভারতীয় স্থাপনাগুলোতে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করতে ৩৬ সদস্যবিশিষ্ট একটি দল মোতায়েনের প্রস্তাব দেয় ভারত।ভারতের দেওয়া প্রস্তাবে বলা হয়েছে, কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সশস্ত্র সীমা বলের (এসএসবি) সদস্যদের নিয়ে ৩৬ সদস্যের নিরাপত্তা বাহিনী গঠন করা হবে। বাংলাদেশে দায়িত্ব পালনের সময় বিশেষ ওই নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলশানে ভারতীয় হাইকমিশনে থাকবেন। নিরাপত্তা দলে যেসব সদস্য থাকবেন, তাঁদের পদবি এবং তাঁরা কী ধরনের অস্ত্র বহন করবেন, সে বিষয়েও বাংলাদেশকে জানানো হয়েছে।এ ব্যাপারে যত শিগগির সম্ভব চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ৭ এপ্রিল পাঠানো চিঠিতে বাংলাদেশকে অনুরোধ জানায় ভারত।