সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে ২০০৫ সালের ২৯ আগস্ট হাইকোর্ট রায় দেন। আপিল বিভাগ গত ২ ফেব্রুয়ারি (২০১০) কিছু পর্যবেক্ষণ ও সংশোধনের কথা বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দেন।হাইকোর্ট পর্যবেক্ষণসহ ২২টি মতামত দেন। হাইকোর্ট বলেছিলেন, এই সংশোধনীর মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। অন্যদিকে আপিল বিভাগ বলেছেন, ‘আমরা সামরিক শাসন ও সংবিধান স্থগিত করাকে একেবারেই অনুমোদন দিচ্ছি না। এই বেআইনি কাজে জড়িত ব্যক্তিদের শাস্তি হওয়া উচিত। যাতে করে ভবিষ্যতে কোনো অবৈধ ক্ষমতা দখলকারী জনগণের সংবিধান ও তাদের সম্মতিতে নির্বাচিত সরকারকে অপসারণ করতে না পারে। এ ব্যাপারে সংসদ আইন প্রণয়ন করতে পারে। আমরা সংবিধানবহির্ভূত সব কর্মকাণ্ডকে চিরতরে বিদায় জানাতে চাই।’হাইকোর্টের পর্যবেক্ষণ ও মতামত১. বাংলাদেশ একটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র, যা আইনসম্মত সরকার দ্বারা পরিচালিত কোনো ব্যক্তিবিশেষের দ্বারা নয়। ২. বাংলাদেশের সংবিধান জনগণের ইচ্ছার প্রতিফলন। সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন এবং অন্য সব আইন, কর্মকাণ্ড ও প্রক্রিয়া সংবিধানসম্মত হতে হবে। যেকোনো আইন বা কার্যক্রম সংবিধান পরিপন্থী হলে তা অবৈধ ও অস্তিত্বহীন বলে বিবেচিত হবে।৩. আইন বিভাগ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ রাষ্ট্রের এই তিন স্তম্ভ সংবিধানের আলোকে তৈরি এবং আপন আপন কর্তব্য দ্বারা নির্ধারিত।৪. প্রজাতন্ত্রের সব কর্মকাণ্ড ও বিভাগ অর্থাৎ জনপ্রশাসন, সামরিক বিভাগসহ অন্যান্য বিভাগ সংবিধানের আওতায় ও অনুমোদিত পথে চলবে।৫. প্রজাতন্ত্রের নিরাপত্তা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার স্বার্থে প্রধানমন্ত্রীর পরামর্শে শুধু রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন।৬. জনগণের নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা পরিচালিত গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্রকেই শুধু আমাদের সংবিধান সমর্থন করে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী, সে যত বড়ই হোক না কেন, যদি নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে, তাহলে তাঁরা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হবেন। ৭. যেকোনো ঘোষণা সংবিধানের অধীনেই দিতে হবে। কোনো নতুন আইন বা কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য নয়।৮. বাংলাদেশে সামরিক আইন বলে কোনো আইন নেই। আর তাই সামরিক প্রশাসক বলেও কিছু নেই। যদি কোনো ব্যক্তি সামরিক শাসন জারি করে থাকেন, তাহলে তিনি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী হবেন এবং কোনো আইন তাঁকে রক্ষা করতে পারবে না।৯. খন্দকার মোশতাক আহমেদের রাষ্ট্রক্ষমতা দখল করে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন, বেআইনি, আইনগত কর্তৃত্ব ও এখতিয়ারবহির্ভূত। এ কারণে তাঁর মাধ্যমে সম্পাদিত পরবর্তী কর্মকাণ্ড আইনসম্মত নয় ও অবৈধ।১০. পঁচাত্তরের ৬ নভেম্ব্বর বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বিচারপতি আবু সাদত মোহাম্মদ সায়েমের দায়িত্ব গ্রহণ, সামরিক প্রশাসক হিসেবে ক্ষমতা নেওয়া এবং উপসামরিক প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়া সংবিধান সম্মত ছিল না। ১১. একইভাবে বিচারপতি আবু সাদত মোহাম্মদ সায়েম কর্তৃক জিয়াউর রহমানের কাছে প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব অর্পণ এবং ১৯৭৬ সালের ২৯ নভেম্ব্বর তৃতীয় সামরিক ঘোষণার মাধ্যমে প্রধান সামরিক আইন প্রশাসকের সব ক্ষমতা প্রয়োগ করার এখতিয়ার জিয়াউর রহমানকে প্রদান করা সাংবিধানিক অনুমোদন না থাকায় তা এখতিয়ারবহির্ভূত।১২. বিচারপতি সায়েমের রাষ্ট্রপতি পদে মেজর জেনারেল জিয়াউর রহমানকে মনোনয়ন দেওয়া এবং রাষ্ট্রপতির দায়িত্ব হস্তান্তর করাও সংবিধান অনুমোদন করে না বলে তা ছিল এখতিয়ারবহির্ভূত ও অবৈধ। ১৩. সামরিক আইনের আদেশে ১৯৭৭ সালের আস্থাভোট সংবিধানের একটি অজানা ব্যবস্থা। শুধু মেজর জেনারেল জিয়াউর রহমানের প্রতি জনগণের আস্থ্থা দেখানোর এই ব্যবস্থাটিরও আইনের দৃষ্টিতে কোনো গ্রহণযোগ্যতা নেই এবং তা অবৈধ। ১৪. পঁচাত্তরের ১৫ আগস্ট থেকে শুরু করে ’৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সব সামরিক ফরমান অবৈধ। কেননা, ওই আদেশগুলো একজন আইনগত কর্তৃত্ববহির্ভূত ব্যক্তি জারি করেছিলেন, এসব আদেশের দ্বারা সংবিধানকে সামরিক আইনের চেয়ে খাটো করা হয়েছে, এসব আদেশ সংবিধানের অমর্যাদা করেছে, যা জনগণের ইচ্ছার ফসল। এর মাধ্যমে বাংলাদেশের জনগণেরও অমর্যাদা করা হয়েছে। উল্লিখিত সময়কালে বাংলাদেশ কোনো জনপ্রতিনিধির বদলে সামরিক একনায়ক দ্বারা শাসিত হয়েছে। এই সময় বাংলাদেশ ও তার জনগণ স্বাধীন-সার্বভৌম চরিত্র হারিয়ে একনায়কদের অধীনে পরিচালিত হয়েছে। এ সময় সংসদের অনুপস্থিতির কারণে বাংলাদেশ তার গণতান্ত্রিক চরিত্র হারিয়ে ফেলেছিল। এ সময়কার ফরমান সংবিধানের মূল চরিত্রকে ধ্বংস করেছে, যার মধ্যে ধর্মনিরপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদ অন্যতম। এ ছাড়া এ সময় আদালতের ক্ষমতাও খর্ব করা হয়েছিল।১৫. পঞ্চম সংশোধনীর ৩(এ) অনুচ্ছেদ অবৈধ। কেননা, তা অবৈধ সামরিক ফরমানকে বৈধতা দেওয়ার জন্য জারি করা হয়েছে এবং যে আদেশের দ্বারা এই ঘোষণা দেওয়া হয়েছে, তা অবৈধ।১৬. সংবিধানের আলোকে সংসদ আইন প্রণয়ন করতে পারে। সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ। কেননা, সংবিধানের প্রাধান্য ক্ষুণ্ন করে চতুর্থ তফসিলে অতিরিক্ত প্যারা যুক্ত করা হয়, যার মাধ্যমে ’৭৫ থেকে শুরু করে ’৭৯ সাল পর্যন্ত জারি করা ফরমানকে বৈধতা দেওয়া হয়েছে। এটাকে বৈধতা দেওয়ার কোনো এখতিয়ার সংসদের নেই। তা ছাড়া এসব ফরমান অবৈধ ও সংবিধানের লঙ্ঘন হওয়ায় সংসদ তার বৈধতা দিতে পারে না। এসব আদেশ দ্বারা সংবিধানকে খাটো করা হয়েছে, ধ্বংস করা হয়েছে মূল চেতনা। এই সংশোধনী সংবিধানের ১৪২ অনুচ্ছেদের আলোকে করা হয়নি। এই সংশোধনীর জন্য কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি। সর্বোপরি এই সংশোধনীর মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। ১৭. সংবিধানের ১৫০ অনুচ্ছেদে স্বীকৃত চতুর্থ তফসিল একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। কিন্তু পঞ্চম সংশোধনীতে উল্লিখিত পরিস্থিতি কোনো অন্তর্বর্তীকালীন অবস্থা নয়। তাই এটাকে ১৫০ অনুচ্ছেদের আলোকে বৈধতা দেওয়া যায় না।১৮. রাষ্ট্রের অস্থিরতা বা সংকট সংবিধান লঙ্ঘনের অজুহাত হতে পারে না। এ ধরনের সংকট সাংবিধানিক উপায়েই মোকাবিলা করতে হবে।১৯. সংবিধানের যেকোনো ব্যত্যয় যেকোনো সময়ের জন্য গুরুতর আইনের লঙ্ঘন। এটাকে বৈধতা দেওয়া যায় না। তবে রাষ্ট্রের স্বার্থে পরিস্থিতির বিবেচনায় কিছু আইনের ব্যত্যয়কে মার্জনা করা যেতে পারে।চিরদিনের জন্য সংবিধান লঙ্ঘনের কবর রচনা করার সময় এসেছে। রাষ্ট্রের প্রয়োজনে করা হয়েছে বিবেচনায় সব সময় এগুলো আইনসম্মত হতে পারে না। বিশেষ অবস্থ্থায় সব অতীত ও অতি প্রযোজনীয় কর্মকাণ্ড মার্জনাযোগ্য।২০. আইনগত ত্রুটি থাকলেও ’৭৫ থেকে ’৭৯ সাল পর্যন্ত কিছু কৃতকর্ম ও গৃহীত ব্যবস্থা ‘সম্পন্ন হয়েছে’ বিবেচনায় মার্জনা করা হলো, যেগুলো প্রজাতন্ত্রের জন্য অপরিহার্য ছিল।২১. সংবিধানের চতুর্থ সংশোধনী বাতিল করে যেসব সংশোধনী আনা হয়েছে, সেগুলোও মার্জনা করা হলো। কিন্তু মূল সংবিধানের লঙ্ঘন করে এমন কোনো অর্থাৎ সংবিধানের ঘোষণাপত্র ৬, ৮, ৯, ১০, ১২, ২৫, ৩৮ ও ১৪২ অনুচ্ছেদ মূল সংবিধানে যে রূপে ছিল, সে রূপে থাকবে। এসব অনুচ্ছেদের লঙ্ঘন করে এমন কোনো সংশোধনী মার্জনা করা হবে না। ২২. এসব বিবেচনায় সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করা হলো।আপিল বিভাগের পর্যবেক্ষণের অংশবিশেষ: রায়ে আপিল বিভাগের অভিমত হচ্ছে, সংবিধানের প্রস্তাবনা ও সাত অনুচ্ছেদের চেতনা হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষ সামরিক শাসন থেকে দূরে থাকা। এটা পরিষ্কার করা প্রয়োজন, অতীতে সামরিক শাসনকে জাস্টিফাই (সত্যতা বা ন্যায্যতা প্রতিপাদনের যুক্তি) করা হয়েছে। ভবিষ্যতে কোনো নীতি বা প্রয়োজনের ভিত্তিতে এটা করা যাবে না। সামরিক শাসন জাতির মর্যাদা ও গৌরবের পরিপন্থী।রায়ে আরও বলা হয়, নির্বাহী ক্ষমতা ব্যবহার করে হাইকোর্ট কোনো কিছু মার্জনা করতে পারে কি না, সে প্রশ্ন উত্থাপন করা হয়েছে। কিন্তু এটা মীমাংসিত বিধান যে, বিশৃঙ্খলা পরিহার ও ধারাবাহিকতা রক্ষায় আদালত প্রয়োজনীয় আদেশ দিতে পারেন। এতে কোনো ব্যতিক্রম হয়নি। এ ধরনের বিচারিক ক্ষমতা প্রয়োগের নিদর্শন আমরা অষ্টম সংশোধনী মামলার রায়েও দেখতে পাই। জনগণের দুর্ভোগ লাঘবের কথা বিবেচনা করে আমরা প্রতিস্থাপিত ছয় অনুচ্ছেদ মার্জনা করলাম। ১৫০ অনুচ্ছেদের ব্যাপারে হাইকোর্টের পর্যবেক্ষণ বাতিল ঘোষণা করা হলো। রায়ে সুপ্রিম কোর্ট বলেছেন, এটা দেখা যাচ্ছে সংবিধানের তৃতীয় ভাগে একে একে অনেকগুলো মৌলিক অধিকারের কথা বলা আছে। সংবিধানপ্রণেতারা সেখানে এ ব্যবস্থা রেখেছেন যে, মৌলিক অধিকার কার্যকরে সুপ্রিম কোর্টে আসতে পারাটাও মৌলিক অধিকার।