হাইকোর্ট বিভাগে ছয়জন অতিরিক্ত বিচারক নিয়োগ
শপথ গ্রহণের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য হাইকোর্ট বিভাগে ছয়জন অতিরিক্ত বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দেন।গতকাল মঙ্গলবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এ নিয়ে বর্তমানে হাইকোর্ট বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াল ৯৪।নতুন নিয়োগ পাওয়া ছয়জন হচ্ছেন: সুপ্রিম কোর্টের আইনজীবী এস এইচ মো. নুরুল হুদা জায়গীরদার, কে এম কামরুল কাদের, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মজিবুর রহমান মিয়া, মোস্তফা জামান ইসলাম, মোহাম্মদ উল্লাহ ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মাদ খুরশীদ আলম সরকার।শপথ গ্রহণের দিন থেকে ওই ছয়জনের নিয়োগ কার্যকর হবে বলে আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।শপথ গ্রহণের বিষয়ে জানতে চাইলে গতকাল সন্ধ্যায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামছুল ইসলাম প্রথম আলোকে জানান, আনুষ্ঠানিকভাবে নিয়োগসংক্রান্ত কাগজ তখনো তাঁর কাছে পৌঁছায়নি।