হাইকোর্ট বিভাগের রায় ও হরিয়ানার মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিত ২৭তম বিসিএস পরীক্ষা নিয়ে আমরা হাইকোর্টের কাছ থেকে আবার রায় পেলাম। কিন্তু বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ থাকল রহস্যের ঘেরাটোপেই। রিটের সংখ্যা অন্তত দুই হালি। হাইকোর্ট ও আমাদের রিটকারী মেধাবীদের অনুপ্রেরণা প্রকারান্তরে একজন শ্রীমতী নীলিমা শাংলা। মেয়েটির বাড়ি ভারতের হরিয়ানা রাজ্যে। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের তুখোড় মেধাবী ছাত্রী। শিক্ষাজীবনের সবকটিতে প্রথম শ্রেণী। বক্তৃতা, বিতর্কে এমনকি পর্বতারোহণে নীলিমা অকপট। এই নীলিমা এখানে কীভাবে এল, সে কথায় পরে আসছি। আগে আলোচ্য রায়ের বিষয়বস্তু বলি। রায়টির পৃষ্ঠা সংখ্যা ৮৩। গত ১১ নভেম্বর হাইকোর্ট ওই রায়ে বলেছেন, ২০৫ জনকে আগামী তিন মাসের মধ্যে নিয়োগ দিতে। পিএসসি আপিলের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এই রায় নিশ্চিত করল যে ২৭তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে এত যে হইচই হয়েছিল, তা নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মতোই বর্তমান নির্বাচিত সরকারের তদন্ত অনুষ্ঠানের কোনো মাথাব্যথা নেই। এমনকি হাইকোর্টে আমাদের মেধাবী ছাত্ররা দুই গণ্ডা (২০০৭ সালে জরুরি অবস্থায় তিনটি, ২০০৮ সালে চারটি এবং ২০০৯ সালে একটি) রিট করেও আদালতের মনে কোনো আন্দোলন তৈরি করতে পারেননি যে ২৭তম বিসিএস নিয়ে সত্যিই কী কাণ্ড ঘটেছিল, জোট সরকারের আমলের দুর্নীতিগ্রস্ত বলে অভিযুক্ত পিএসসি সদস্যরা প্রশ্নপত্র ফাঁস বা অন্যবিধ দুর্নীতির সঙ্গে কে কীভাবে জড়িয়ে পড়েছিলেন। অবাক ব্যাপার, মিডিয়াজুড়ে তুমুল আলোড়ন ও আন্দোলন গড়ে উঠল যে ২৭তম বিসিএস পরীক্ষার প্রাথমিক ও লিখিত উভয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। সেই প্রেক্ষাপটেই ৩০ মে ২০০৭ প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে সিদ্ধান্ত হলো— সরকারি তথ্য বিবরণীতে বলা হলো, ’সংবাদপত্রের প্রতিবেদন ও বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৭তম বিসিএস বাতিলের সিদ্ধান্ত নিল সরকার। পাবলিক পরীক্ষা সম্পর্কে জনমনে আস্থা পুনরুজ্জীবিত করতেই এই পদক্ষেপ।’ আসলে দোষীদের খুঁজে বের করা এবং সত্যিই প্রশ্নপত্র ফাঁস হয়েছিল কি না এবং ফাঁস হয়ে থাকলে তার প্রভাব উত্তরপত্রে কতটা কী পড়েছিল, তা খুঁজে দেখা ছিল আসল কাজ। কিন্তু এই অপ্রিয় ও দুরূহ কাজ এড়াতে কথিতমতে জনমনে আস্থা ফেরাতে প্রথম ভাইভা বাতিল করে দ্বিতীয় দফায় ভাইভা নেওয়ার উদ্যোগ নেওয়া হলো। বিচারপতি শাহ আবু নইম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ২০০৭ সালে সরকারের বিরুদ্ধে সমানে রুল জারি করছিলেন। এ সময়ে তিনটি পৃথক রিটে বেঞ্চটি রুল জারি করেন। বলেন, কেন নতুন করে ভাইভা ডাকা অবৈধ হবে না। তবে ভাইভা অনুষ্ঠান স্থগিত না করে তা হতে দিলেন। বলে দিলেন, এই রিটের সুরাহা না হলে তার ফলাফল ঘোষণা করা যাবে না। বিচারপতি মোহাম্মদ আবদুর রশীদ ও বিচারপতি মো. আশফাকুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ ২০০৮ সালের ৪ জুলাই রায় দেন। তাঁরা বললেন, ‘ভালো ও মন্দের পার্থক্য যখন বোঝা যায় না তখন ভালোদেরও খেসারত দিতে হয়।’ তিনি রিটকারীদের সাড়ে সাত হাজার টাকা জরিমানাও করেন। এরপর পিএসসি ফলাফল প্রকাশ করল। কিন্তু এ ফলাফল দৃশ্যত আগের ফলাফল বাতিলের যথার্থতা দেয়নি। আরেকটি বড় বিরোধ কোটা নিয়ে। পিএসসি নিজেই যুক্তি খাড়া করেছে যে কোটা নিয়ে দ্বিতীয় ভাইভার পরে আমরা তো তেমন কোনো ব্যত্যয় ঘটাইনি। তার প্রমাণ বাতিল হওয়া প্রথম ভাইভার ভিত্তিতে বিভিন্ন ক্যাডারে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ দেওয়া হয় ৩৩১ জনকে। দ্বিতীয় ভাইভার পরে এই সংখ্যা বরং আরও বেড়ে দাঁড়ায় ৩৩১ জনে। এতেই প্রতীয়মান হয়, যে শর্তে পিএসসি বিজ্ঞাপন দিয়েছিল, সে শর্ত থেকে তারা সরে আসে। হঠাত্ পিএসসির মনে পড়ল, সংবিধানে কোটা প্রথার ক্ষেত্রে যে আইন তৈরির বিধান করেছে, সে আইন সংসদ কখনো পাস করেনি।পিএসসি প্রমাণ করার চেষ্টা করেছে, তাঁরা দ্বিতীয় ভাইভায় কীভাবে কতটা স্বচ্ছতা ও যোগ্যতার সঙ্গে মেধাবী প্রার্থী বাছাই করেছে। কিন্তু মামলার প্রতিপাদ্য বিষয় ছিল, কিসের ভিত্তিতে তারা ২৭তম বিসিএসের প্রথম ভাইভার ফলাফল বাতিল করেছিল। পিএসসি স্রেফ সরকারি সিদ্ধান্তের দোহাই দিয়েছে। যেন তার নিজের কোনো বিবেচনাই ছিল না। এটা পিএসসির একটি অনভিপ্রেত অবস্থান। ড. সাদাত হোসেন ২৭ মে প্রথম আলোতে প্রথম ভাইভায় অনিয়মের তিনি কোনো দালিলিক প্রমাণ পাননি বলে মন্তব্য করেন। এর ৭২ ঘণ্টার মধ্যে প্রথম ভাইভার ফলাফল বাতিলের ঘোষণা এসেছিল। অন্যদিকে সরকার কেন ও কোন কারণে এ রকম সিদ্ধান্ত নিল তাও তাদের হলফনামায় পরিষ্কার করেনি। ৮৩ পৃষ্ঠার রায়ের মধ্যে প্রবল ঔত্সুক্য নিয়ে ছিলাম রাষ্ট্র কী বলেছে তা জানতে। কিন্তু সমগ্র রায়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজার বরাতে একটি বাক্য আছে। তিনি বলেছেন, দ্বিতীয় ভাইভার পরে যাঁরা ইতিমধ্যেই চাকরি করছেন তাঁদের যেন বিরক্ত না করা হয়। হাইকোর্ট বিভাগ আপস করেছেন। বলেছেন, দ্বিতীয় ভাইভা অবৈধ। কিন্তু যাঁরা নিয়োগ পেয়েছেন তাঁরা দায়ী নন। সুতরাং তাঁরাও চাকরি করবেন। রিটকারীদেরও চাকরি দিতে হবে। এভাবে আমরা দেখি, সবাই সত্য থেকে ছুটি নিতে চান। আইনি মারপ্যাঁচ ও দায় অন্যের কাঁধে চাপিয়ে সত্যকে পাশ কাটানোর প্রয়াস এই রায়ে খুবই স্পষ্ট।রিট আবেদনকারীরা আদালতকে বলেন, ‘প্রধান উপদেষ্টা ২৩ নভেম্বর সংস্থাপন সচিবের মাধ্যমে পিএসসির কাছে সুপারিশ পাঠান। এতে তিনি সব যোগ্য প্রার্থী নিয়োগ দিতে বলেন। এর সূত্র হলো, উভয় ফলাফলে (প্রথম ও দ্বিতীয় ভাইভা) কৃতকার্য কিংবা প্রথম ভাইভায় উত্তীর্ণদের সঙ্গে নতুন করে সুপারিশ করা ৭৮৬ জনকেও চাকরি দেওয়া।’ স্পষ্টতই এটা একটা গোঁজামিল। পাবলিক পরীক্ষায় মেধা যাচাইয়ের পরিবর্তে সহজ রাজনৈতিক সমাধান। পরিহাস এখানেই শেষ নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ এপ্রিল ২০০৯ সংস্থাপন সচিবকে লেখা এক চিঠিতে প্রধান উপদেষ্টার ওই নির্দেশনা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন। রিটকারীরা আদালতকে আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী ৫ মে ২০০৯ আবারও আরেক নোটে প্রথম ভাইভায় উত্তীর্ণদের নিয়োগের অঙ্গীকার ব্যক্ত করেছেন। গল্পটি এখানেই ফুরোলো না। নটে শাকটিও মুড়োলো না। বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী লিখেছেন, ‘প্রধান উপদেষ্টা নিজেও ২৭তম বিসিএসের অনিয়ম সম্পর্কে নিশ্চিত ছিলেন বলে মনে হয় না।’ এই মন্তব্যের সঙ্গে একমত। কিন্তু তিনি যখন সংবিধানের ৫৮ ঘ অনুচ্ছেদের বরাতে তত্ত্বাবধায়ক সরকারের এখতিয়ার নিয়ে কটাক্ষ করেন, তখন প্রশ্ন জাগে এ প্রসঙ্গে ওকথা এল কেন। পরে আরও অবাক হই। কারণ, তিনি ওই তথ্য তুলে বলেন, ‘সম্মানিত প্রধানমন্ত্রী একাধিকবার ওই ধরনের অনিয়ম বা বেআইনি কাজ শুধরাতে নির্দেশনা দিয়েছেন কিন্তু পিএসসি কোনো ইতিবাচক ব্যবস্থা নেয়নি।’ এরপর তিনি মিডিয়াকে দায়ী করে আবার নিজ সিদ্ধান্তের পক্ষে মিডিয়ার ওপর ভর করেন। বলেন, ‘সেই মিডিয়ার সুর এখন ভিন্ন। তারা দ্বিতীয় ভাইভার ফলাফলের সমালোচনা করছে। অথচ এখন তা কেউ আমলে নিচ্ছে না।’২৭তম বিসিএস সম্পর্কে মিডিয়া থেকে জেনে ভীষণ খটকা তৈরি হয়েছে এবং এই রায় পড়ে তাঁর কোনো অপনোদন হলো না। শুধু আইনি কারিগরি দিক থেকে বুঝতে পারি এবং হাইকোর্টের রায়ের সঙ্গে একমত না হয়ে পারি না যে তদন্তের আগে কাউকে দোষী করা বা সন্দেহ করা অবান্তর। সংস্থাপন ও পিএসসি যদি পণ করে থাকে যে তারা রাজনৈতিক সমাধান খুঁজবে, তদন্ত করবে না, জোট আমলের পিএসসিতে কথিত দুর্নীতিবাজদের কত তাণ্ডবের খবর আওয়ামী লীগাররা আমাদের দিয়েছিলেন, এখন তাঁরা তা ছুঁয়েও দেখবেন না, দলীয় লোকের নতুন ঠিকানা হবে পিএসসি, তাহলে হাইকোর্ট অবশ্যই তা চলতে দিতে পারেন না। কিন্তু হাইকোর্ট কি হাইকোর্টের রায়ের সমালোচনা করতে পারেন? এই রায়ে তা-ই ঘটেছে। রিটকারীরা তথ্য গোপন করেছিলেন বলে পিএসসির অভিযোগ। ২০০৭ সালে দায়ের করা তিনটি রিটে (নং ৬৩৪৯,৬৩৮৪ ও ৬৩৯৩) ২০০৮ সালে পিএসসি জিতে যায়। এর বিরুদ্ধে আপিল হয়। বিসিএস পরীক্ষার্থীরা আপিল বিভাগে মামলা লড়েননি। সে কারণে তা নন প্রসিকিউশন বা মামলা না চালানোর জন্য খারিজ হয়। এর বিরুদ্ধে রিভিউ পিটিশনও করা হয়েছে। এর সুরাহা এখনো হয়নি। পিএসসি বলেছে, ‘হাইকোর্টের নির্দেশ মেনে তাদের রায়ের পরেই আমরা ফলাফল ঘোষণা করেছি। এখন তো আমরা পেছনে যেতে পারি না।’ সাধারণ রেওয়াজ হলো, একই বিরোধপূর্ণ বিষয় বিচারাধীন থাকলে সেখানে নতুন মামলা চলে না। হাইকোর্ট এখানে সাংঘাতিক মন্তব্য করেছেন। বলেছেন, ‘হাইকোর্ট আলোচ্য মামলার সঙ্গে সংশ্লিষ্ট আইনি প্রশ্ন সুরাহা করেননি। তাই তাঁদের রায়ের সঙ্গে দুর্ভাগ্যজনকভাবে আমরা একমত হতে পারলাম না। উপরন্তু ওই রায়ে ভারতের কতিপয় রায়ের বরাত দেওয়া হয়েছে যা এই মামলার সিদ্ধান্তের ভিত্তি হতে পারে না।’ওই রায় পড়িনি। তাই মন্তব্য করা থেকে বিরত থাকলাম। নিলীমার গল্প বলে আজকের লেখার যবনিকা টানতে চাই। নিলীমা চৌকস। তার ওপর রীতিমতো গেছো মেয়ে। দুর্গম, এত্ত উঁচু পাহাড় তিনি বাইতে পারেন। বলবেন, কে এই নীলিমা? তাঁর বিষয়ে এত তথ্য জানলাম কী করে? সোজা উত্তর, ভারতের সুপ্রিম কোর্টের রায় পড়ে। বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ৮৩ পৃষ্ঠার রায়টির কেন্দ্রীয় চরিত্র হরিয়ানার মেয়ে নীলিমা। আপনারা অবশ্য ওই রায় পড়ে নীলিমাকে খুঁজে পাবেন না। কারণ, রায়ে সংগতকারণেই নীলিমার উল্লেখ নেই। কিন্তু রায়ে পিএসসির ভূমিকা বিষয়ে বাংলাদেশ ও ভারতের সংবিধানের যথাক্রমে ১৪০ অনুচ্ছেদ ও ৩২০ অনুচ্ছেদের তুলনা করা হয়। এবং ঠিকই বলা হয় এর মধ্যে মিল রয়েছে। উভয় দেশের পিএসসির কাজ অভিন্ন। রায়ের ৭৮ পৃষ্ঠায় বলা হয়, ‘সুতরাং আমরা এখানে সিদ্ধান্তে পৌঁছাতে অল ইন্ডিয়া রিপোর্টে মুদ্রিত (এআইআর ১৯৮৭, এসসি,পৃ.১৬৯) ভারতীয় সুপ্রিম কোর্টের এই রায় বিবেচনায় নিতে পারি।’ কিন্তু রায়টির পূর্বাপর ব্যাখ্যা না করেই শুধু পিএসসির কাজ সংক্রান্ত মতামত তুলে ধরা হয়। কিন্তু আমরা মারটা ঠিকই খেলাম। সত্য বলবে, কোথা দিয়ে ঢুকি। ওই রায়ের একক রিট আবেদনকারী নীলিমা। অবস্থাটা এ রকম পাইকারি কিংবা কলুষিত নয়। হরিয়ানা সিভিল সার্ভিস (বিচার) নিম্ন আদালতের জন্য লোক নেবে। হাইকোর্ট সেখানে পরীক্ষার বিষয় বাতলে দেন। হরিয়ানা পিএসসি পরীক্ষা নেয়। ৭৭৪ প্রার্থী। টেস্ট দেন ৩৯০। ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেয়ে সাধারণ ক্যাটাগরিতে ৩২ জন যোগ্যতা অর্জন করেন। ৫৪টি ছিল শূন্যপদ। কিন্তু পিএসসি ২৬ জনের নাম পাঠায়। বিভিন্ন কোটার মধ্যে সাধারণ ক্যাটাগরি থেকে নেয় ১৭ জন। নীলিমার র্যাঙ্কিং ছিল ২৪। যদি ৩২ জনেরই নাম পাঠানো হতো তাহলে তিনি নিয়োগ পেতেন। লিখিত পরীক্ষায় ৬০.৮% এবং ভাইভায় ৫০.৫ % নম্বর পান নীলিমা। ভারতের সুপ্রিম কোর্টের রায়ে নীলিমার অসাধারণ শিক্ষাগত যোগ্যতা, এমনকি তাঁর পাঠবহির্ভূত গুণাবলিও এসেছে। কোর্ট তাকে পাঁচ হাজার টাকার ক্ষতিপূরণ দিয়েছেন। আমাদের হাইকোর্টের রায়ে অনেক কারিগরি দিক এসেছে। কিন্তু এখানে ২০৫ জন রিটকারীর শিক্ষাগত যোগ্যতা এবং প্রথম ও দ্বিতীয় ভাইভা পরীক্ষায় তাঁদের র্যাঙ্কিং বিষয়ক আলোচনা অনুপস্থিত। নীলিমার মামলাটির শিরোনাম: নীলিমা শাংলা পিএইচডি প্রার্থী বনাম হরিয়ানা। কৌতূহলের বশে গতকাল ক্লিক করি গুগলে। দেখি, একজন ড. নীলিমা শাংলা হরিয়ানার অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাবালিকাকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন দিয়েছেন। গত ডিসেম্বরে তিনি ২০ সদস্যের ভারতীয় বিচার বিভাগীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে পাকিস্তান সুপ্রিম কোর্টে গেছেন। তখন মনে পড়ল, আহা আমরা হাইকোর্টের বিচারক নিয়োগে কোন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ঠিক করতে পারলাম না। নীলিমার মতো অত্যন্ত মেধাবীরা রিট করেও নিম্ন আদালতের জজিয়তি বেছে নিচ্ছেন। বাংলাদেশে এমন চিত্র ধূসর। ই-মেইল: [email protected]