হাইকোর্টে শেখ হাসিনার ফ্রিগেট দুর্নীতি মামলা বাতিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা ফ্রিগেট যুদ্ধজাহাজ ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলা আজ মঙ্গলবার বাতিল করা হয়েছে। বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।এর আগে গত ২৮ এপ্রিল মামলা বাতিলের জন্য শেখ হাসিনার করা আবেদনের ওপর শুনানি শেষ হয়। আদালত আজ রায় ঘোষণার দিন ধার্য করেন।শেখ হাসিনার পক্ষের আইনজীবী শেখ ফজলে নূর তাপস আদালতের রায় প্রসঙ্গে বলেন, ফ্রিগেট যুদ্ধজাহাজ ক্রয়সংক্রান্ত প্রক্রিয়া বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে সম্পন্ন হয়। মূল্যায়ন কমিটির প্রতিবেদনও ওই সময়েই দেওয়া হয়েছিল। পরে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা শুধু মূল্যায়ন কমিটির প্রতিবেদনের ওপর সম্মতি দিয়েছেন।জানা যায়, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০২ সালের ৭ আগস্ট তত্কালীন দুর্নীতি দমন ব্যুরো তেজগাঁও থানায় শেখ হাসিনা, ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুসহ পাঁচজনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন। এতে ফ্রিগেট ক্রয়ের মাধ্যমে ৭৪৭ কোটি টাকা রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।২০০৩ সালের ৩ আগস্ট ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ওই বছরের ১৮ অক্টোবর মামলাটি বাতিলের জন্য শেখ হাসিনা হাইকোর্টে আবেদন করেন। ২০০৩ সালের ১০ নভেম্বর আদালত মামলাটির কার্যক্রম স্থগিত করেন। মামলাটি কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেন আদালত। এ রুলের ওপর শুনানি শেষে আজ রায় দেওয়া হয়।