জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্টে আর্থিক অনিয়মের অভিযোগে করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার হাইকোর্টে হাজির হয়ে খালেদা জিয়া আইনজীবীর মাধ্যমে জামিন চান। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ জামিন মঞ্জুর করেন।আইনজীবীরা জানিয়েছেন, এবারই প্রথম খালেদা জিয়া হাইকোর্টের কোনো বেঞ্চে জামিনের জন্য হাজির হলেন। খালেদা জিয়ার গাড়ি বেলা আড়াইটার দিকে পুলিশ পাহারায় আদালতের মূল ভবনের পশ্চিম ফটকে পৌঁছালে বিএনপি নেতা-কর্মীরা স্লোগান দিতে শুরু করেন। ভিড় পেরিয়ে তিনি আদালতকক্ষে যান। তাঁর উপস্থিতির কারণে সুপ্রিম কোর্ট এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আদেশের পর তিনটা ১০ মিনিটে খালেদা জিয়া আদালত ত্যাগ করেন। সকাল সাড়ে ১০টার দিকে খালেদা জিয়ার পক্ষে মওদুদ আহমদ, মাহবুব উদ্দিন খোকন ও কায়সার কামালসহ আইনজীবীরা জামিনের আবেদন দাখিলের জন্য আদালতের অনুমতি চান। আদালত বেলা দুইটায় শুনানির সময় নির্ধারণ করেন। দুইটা আট মিনিটে দুই বিচারপতি আসন গ্রহণের পর আইনজীবী রফিক-উল হক আদালতকে বলেন, খালেদা জিয়া মৎস্য ভবন পর্যন্ত এসেছেন। এরপর আদালত কার্যতালিকায় থাকা অপর মামলার শুনানি শুরু করেন। কিন্তু বিপুলসংখ্যক বিএনপিপন্থী আইনজীবী আাাদালতে উপস্থিত হওয়ায় এসব মামলার আইনজীবী ও বিচারপ্রার্থীদের অনেকেই আদালতকক্ষে ঢোকার মতো জায়গা পাননি। এ অবস্থায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম বলেন, আদালতে জায়গা নেই। সাধারণ মানুষ ঢুকতে পারছেন না। দলের প্রথম সারির আইনজীবী ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবদুল মঈন খান, মির্জা আব্বাস প্রমুখ আদালতে উপস্থিত ছিলেন। দুইটা ৩৫ মিনিটে খালেদা জিয়াকে নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক এম বদরুদ্দোজা আদালতে প্রবেশ করেন। জ্যেষ্ঠ আইনজীবীরা নবীন আইনজীবীদের জায়গা ছেড়ে পথ করে দিতে অনুরোধ জানাতে থাকেন। কিন্তু কারও সরারই যেন সুযোগ ছিল না। কক্ষের দরজা থেকে বিচারকদের সামনে যেতে খালেদা জিয়ার পাঁচ মিনিটের বেশি সময় লাগে। আইনজীবীদের জন্য রাখা সামনের সারির প্রথম বেঞ্চে টি এইচ খানের পাশে বসেন তিনি। শুনানি: পৌনে তিনটায় খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নিয়ে রফিক-উল হক বলেন, ‘অভিযোগ, আমি কাজ না করে জমি কিনেছি। এটা একটা প্রাইভেট ট্রাস্ট।’ আদালত বলেন, ‘আপনি তো আগাম জামিনের জন্য এসেছেন।’ রফিক-উল হক হ্যাঁ-সূচক জবাব দেন। আদালত বলেন, ‘এখন সরকার পক্ষের বক্তব্য শুনি।’ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির বলেন, তাঁর (খালেদা জিয়া) বিরুদ্ধে অভিযোগটা কী, তা দেখতে হবে। জামিনের জন্য যে আবেদন দিয়েছেন, তাতে নিম্ন আদালতের প্রতি আস্থাহীনতার কথা বলা হয়েছে। কিন্তু নিম্ন আদালতে গেলে তাঁর জামিনের সুযোগ আছে। মামলার অভিযোগ তুলে ধরে তিনি বলেন, এ বিষয়ে চারবার চিঠি দেওয়া হলেও খালেদা জিয়া কোনো জবাব দেননি। আদালত বলেন, ‘আমরা ছয় সপ্তাহের জামিন দিচ্ছি।’ এই পর্যায়ে রফিক-উল হক বলেন, অভিযোগ গঠনের পূর্ব পর্যন্ত জামিন দেন, রুল জারি করুন। আদালত বলেন, এ মামলায় এখনো চার্জশিট হয়নি। আগাম জামিন নিয়ে রুল দেওয়া যায় না। অন্যান্য সাধারণ মামলা যেভাবে দেখি, এ মামলাকেও সেভাবে দেখতে চাই। অপর কৌঁসুলি আহসানুল করিম ছয় মাসের জামিনের আরজি জানান। এ বক্তব্য সমর্থন করে রফিক-উল হক বলেন, ‘আমাদের সবার আবেদন, ছয় মাসের জামিন দেন।’ আদালত বলেন, ‘আমরা আর একটু বাড়িয়ে আট সপ্তাহ করে দিচ্ছি।’ এরপর আদালত ত্যাগ করেন খালেদা জিয়া।চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায় আর্থিক অনিয়মের অভিযোগে গত ৮ আগস্ট তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলায় জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধ উৎস থেকে অর্থ সংগ্রহ, কাকরাইলে জনৈক সুরাইয়া খানমের কাছ থেকে ৪২ কাঠা জমি কেনায় অনিয়ম এবং ট্রাস্টের নামে জমির নামজারি না করার অভিযোগ আনা হয়।জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা বাতিল আবেদনের চূড়ান্ত শুনানিতে ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা থেকে করা আবেদনটি ৩০ নভেম্বর খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট।এর বিরুদ্ধে করা আবেদনের ওপর আগামী রোববার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে। গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিষয়টি রোববার শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এর আগে ২০০৮ সালের ৩ জুলাই জিয়া খালেদা জিয়া ও তারেক রহমানসহ সাতজনের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। মামলাটি বাতিলে খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ১৫ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন। এটি এখন রুলের ওপর চূড়ান্ত শুনানির অপেক্ষায় আছে।