হাইকোর্টে চার মাসে ৫০ হাজার মামলা নিষ্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টে বিচারাধীন মামলা নিষ্পত্তির হার বাড়ছে। গত মাসে (জানুয়ারি) তিন হাজার ৭১৩টি মামলা দায়ের হয় হাইকোর্টে। আর নিষ্পত্তি হয়েছে ১৪ হাজার ১৭২টি। গত চার মাসে প্রায় ৫০ হাজার মামলা নিষ্পত্তি হয়। বর্তমানে হাইকোর্টে বিচারাধীন মামলার সংখ্যা তিন লাখ তিন হাজার ৩০৩। সুপ্রিম কোর্টের মাসিক সংক্ষিপ্ত পরিসংখ্যান পর্যালোচনা থেকে এ তথ্য পাওয়া গেছে।সূত্র জানায়, বর্তমান প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক গত ১ অক্টোবর দায়িত্ব নেন। ওই সময় বিচারাধীন মামলার সংখ্যা ছিল তিন লাখ ৫৩ হাজার ২৩০টি। দায়িত্ব নিয়েই তিনি মামলাজট নিরসনে নানা পদক্ষেপ নেন। এগুলোর মধ্যে রয়েছে আদালত প্রশাসন ও মামলা ব্যবস্থাপনায় তদারকি, বেঞ্চ পুনর্গঠন, বেঞ্চের এখতিয়ার সুস্পষ্ট করে দেওয়া প্রভৃতি।তবে প্রধান বিচারপতির এই পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে আসছে আইনজীবীদের একাংশ। বেঞ্চ পুনর্গঠনের বিরোধিতা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে। গত ২৭ জানুয়ারি সমিতি প্রধান বিচারপতির আদালতও বর্জন করে।যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, মামলা নিষ্পত্তির একটা সংখ্যা দেখানো হয়েছে। প্রকৃতপক্ষে বহু আগেই মামলাগুলোর কার্যকারিতা রহিত অবস্থায় ছিল। অযথা মামলাগুলো তালিকায় ছিল। তবে তেমন গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি হয়নি। উদাহরণ টেনে তিনি বলেন, যেমন একটা মামলায় পাঁচ বছর আগে হাইকোর্ট জামিন ও রুল দিয়েছেন। কিন্তু রুলের শুনানি হয়নি। ইতিমধ্যে বিচারিক আদালতে ওই মামলার বিচার শেষ হয়েছে, আসামি খালাসও পেয়ে গেছেন। কিন্তু মামলার নম্বরটা রয়ে গেছে। এ ছাড়া অনেক ক্ষেত্রে আইনজীবী বা বিচারপ্রার্থী না থাকায় হঠাৎ করে মামলা খারিজ হয়ে গেছে। এগুলো নিষ্পত্তি বলা যায় না। অবশ্য সত্যিকার অর্থে মামলার সংখ্যা কমেছে।তুলনামূলক চিত্র: সুপ্রিম কোর্টের পরিসংখ্যান অনুযায়ী, গত ডিসেম্বর মাসের শুরুতে মোট বিচারাধীন মামলা ছিল তিন লাখ ১৫ হাজার ৪৮১টি। দায়ের হয় তিন হাজার ৮০৭টি মামলা। পুনরুজ্জীবিত হয়েছে ৩৪টি মামলা। এ নিয়ে মোট মামলার সংখ্যা দাঁড়ায় তিন লাখ ১৯ হাজার ৩২২। এর মধ্যে ওই মাসেই নিষ্পত্তি হয়েছে পাঁচ হাজার ৫৮৭টি মামলা। এর আগে নভেম্বরের শুরুতে বিচারাধীন মামলা ছিল তিন লাখ ১৫ হাজার ৩২১টি। দায়ের হয় তিন হাজার ২৪২টি মামলা। পুনরুজ্জীবিত হয়েছে ১৫টি। এ নিয়ে মোট মামলার সংখ্যা দাঁড়ায় তিন লাখ ১৮ হাজার ৫৭৮টি। ওই মাসে নিষ্পত্তি হয়েছে তিন হাজার ৯৭টি মামলা।অক্টোবরের শুরুতে বিচারাধীন মামলার সংখ্যা ছিল তিন লাখ ৫২ হাজার ৮৮১। দায়ের হয় চার হাজার ৯৪০টি। পুনরুজ্জীবিত হয় ১০টি মামলা। এ নিয়ে মোট মামলার সংখ্যা দাঁড়ায় তিন লাখ ৫৭ হাজার ৮৩১। ওই মাসে নিষ্পত্তি হয়েছে দুই হাজার ৮২৯টি।গত বছরের সেপ্টেম্বরের শুরুতে বিচারাধীন মামলার সংখ্যা ছিল তিন লাখ ৪৯ হাজার ৭৮টি। নতুন মামলা হয় চার হাজার ৫২৭টি। পুনরুজ্জীবিত হয় সাতটি। মোট মামলা দাঁড়ায় তিন লাখ ৫৩ হাজার ৬১২। ওই মাসে নিষ্পত্তি হয়েছে ৩৮২টি।আরও আগে ২০০৯ সালের ডিসেম্বরের শুরুতে বিচারাধীন মামলার সংখ্যা ছিল তিন লাখ ২১ হাজার ৯৬৪টি। নতুন মামলা হয় চার হাজার ৮৬৪টি। ওই মাসে নিষ্পত্তি হয় এক হাজার ২৭০টি মামলা।মামলা নিষ্পত্তিতে গতি: বর্তমান হাইকোর্ট বিভাগে ৯৪ জন বিচারপতি আছেন। একক ও দ্বৈত বেঞ্চ রয়েছে ৫১টি। সংশ্লিষ্ট সূত্র জানায়, এর মধ্যে রিট মামলা শুনানির এখতিয়ার রয়েছে আটটি বেঞ্চের। দেওয়ানি মামলা শুনানির জন্য আছে সাতটি বেঞ্চ। আর ফৌজদারি কার্যবিধির ৫৬১-এ ধারায় মামলার শুনানি, জেল আপিল শুনানি এবং ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ) জন্য পৃথক বেঞ্চ গঠন করায় বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমেছে। হাইকোর্টের দুটি বেঞ্চকে ৫৬১-এ ধারায় ২০০৯ ও ২০১০ সালের মামলা শুনানি ও নিষ্পত্তির এখতিয়ার দেওয়া হয়েছে। তাঁরা পুরোনো রুলের শুনানি করে নিষ্পত্তি করবেন। এ ছাড়া জেল আপিল শুনানির জন্য ২৭টি বেঞ্চকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বেঞ্চকে ১০টি করে মামলা নিষ্পত্তির জন্য দেওয়া হচ্ছে। ডেথ রেফারেন্সের জন্য দুটি বেঞ্চ রয়েছে। ফৌজদারি কার্যবিধির ৫৬১-এ ধারায় নতুন মামলা শুনানির জন্য ছয়টি বেঞ্চ নির্ধারণ করা হয়েছে। তবে নতুন ফৌজদারি মামলা (মোশন) শুনানির জন্য ১০টি বেঞ্চকে দায়িত্ব দেওয়া হয়েছে। পুরোনো রিট মামলা, যা কখনোই শুনানির জন্য উপস্থাপন করা হয়নি—এগুলো নিষ্পত্তির জন্য দুটি বেঞ্চকে দায়িত্ব দেওয়া হয়েছে।আইনজীবী শাহ্দীন মালিক বলেন, ‘এত দিন বিভিন্ন বেঞ্চের কার্যতালিকা যেভাবে তৈরি হতো, বর্তমান প্রধান বিচারপতি আসার পর এখন স্পষ্টত ভিন্নভাবে আইন ও মামলা ধরে কার্যতালিকা হচ্ছে। বেঞ্চ পুনর্গঠন করে খণ্ড খণ্ড করে স্পষ্ট এখতিয়ার দেওয়া হচ্ছে। এতে আইনজীবীদের কিছু অংশে সংশয়, ভুল বোঝাবুঝি ও বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। তাঁর ধারণা, মামলা নিষ্পত্তির গতি বাড়াতে ও অপেক্ষমাণ মামলার জট কমাতে নতুন সংস্কারপন্থী উদ্যোগ নেওয়া হয়েছে।ডেপুটি রেজিস্ট্রার সাব্বির ফয়েজ প্রথম আলোকে বলেন, বর্তমান প্রধান বিচারপতির নিবিড় তদারকি ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে মামলা জট ক্রমেই কমছে। মামলা নিষ্পত্তির হারও বাড়ছে। উদাহরণ টেনে তিনি বলেন, দীর্ঘদিন আগে মামলা করা হয়েছে, তাতে শুধু নম্বর পড়েছে। কিন্তু শুনানির জন্য উপস্থাপন করা হয়নি—এমন মামলাও চিহ্নিত করে তা শুনানি ও নিষ্পত্তির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সপ্তাহে তিন দিন মোশন (নতুন মামলা) নিষ্পত্তির দিন ধার্য করা আছে। এ ছাড়া বেঞ্চ পুনর্গঠনসহ বেঞ্চের এখতিয়ার সুস্পষ্ট করে দেওয়া হয়েছে। ফলে মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছে।জানুয়ারির চিত্র: জানুয়ারির শুরুতে হাইকোর্টে বিচারাধীন দেওয়ানি মামলা ছিল ৭৭ হাজার ৮৫৯টি। নতুন মামলা হয় ৩৩১টি। পুনরুজ্জীবিত হয় ১২টি মামলা। এ হিসাবে মোট মামলা ৭৮ হাজার ২০২টি। নিষ্পত্তি হয়েছে ৩৯১টি। ফৌজদারি মামলা বিচারাধীন ছিল এক লাখ ৮১ হাজার ৯২৬টি। নতুন মামলা হয় দুই হাজার ২২৪টি। পুনরুজ্জীবিত মামলার সংখ্যা একটি। মোট মামলা এক লাখ ৮৪ হাজার ১৫১টি। নিষ্পত্তি হয়েছে ১১ হাজার ৫১২টি। রিট মামলা এ মাসের শুরুতে বিচারাধীন ছিল ৪৯ হাজার ১৫৯টি। নতুন মামলা হয় এক হাজার ৯৫টি। পুনরুজ্জীবিত মামলার সংখ্যা ১৪। মোট মামলার সংখ্যা ৫০ হাজার ২৬৮। নিষ্পত্তি হয় দুই হাজার ২৩৬টি। আদিম দেওয়ানি মামলা মাসের শুরুতে ছিল চার হাজার ৭৯১টি। নতুন মামলা হয় ৬৩টি। মোট মামলা দাঁড়ায় চার হাজার ৮৫৪টি। নিষ্পত্তি হয় ৩৩টি মামলা।ডিসেম্বরের চিত্র: গত ডিসেম্বরের শুরুতে হাইকোর্টে দেওয়ানি মামলার সংখ্যা ছিল ৭৭ হাজার ৪৮৮টি। নতুন মামলা হয় ৫৮৬টি। পুনরুজ্জীবিত হয় ১৫টি। মোট মামলা ৭৮ হাজার ৮৯টি। নিষ্পত্তি হয় ২৩০টি। ফৌজদারি মামলা বিচারাধীন ছিল এক লাখ ৮৪ হাজার ১৫৬টি। নতুন মামলা হয় দুই হাজার ৩১৬টি। নিষ্পত্তি হয়েছে চার হাজার ৫৪৬টি। রিট মামলা মাসের শুরুতে বিচারাধীন ছিল ৪৯ হাজার ১০৯টি। নতুন রিট হয় ৮১০টি। পুনরুজ্জীবিত হয় ১৯টি। মোট মামলার সংখ্যা ৪৯ হাজার ৯৩৮। নিষ্পত্তি হয় ৭৭৯টি। আদিম দেওয়ানি মামলা মাসের শুরুতে বিচারাধীন ছিল চার হাজার ৭২৮টি। নতুন মামলা হয় ৯৫টি। মোট মামলা চার হাজার ৮২৩টি। নিষ্পত্তি হয় ৩২টি।